লক্ষ্মীপুরে নির্বাচনী সহিংসতায় আহত ছেলেকে দেখে বাবার মৃত্যু
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে নিজের ছেলেসহ আহত তিনজনের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়েন আবুল বাসার মিস্ত্রি (৪৮)। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী মো. মোমিন উল্যাহর কর্মীরা গতকাল রাত দেড়টার দিকে চর জাঙ্গালিয়া এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছে—এমন খবর পেয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. সিরাজুল ইসলামের সমর্থকেরা সেখানে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও সংঘর্ষ হয়।সংঘর্ষের ঘটনায় ছেলে রিয়াজের জড়িত থাকার খবর পেয়ে আবুল বাসার মিস্ত্রি ঘটনাস্থলে যান। সংঘর্ষে ছেলেসহ আহতদের অবস্থা দেখে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।ওই সংঘর্ষে মেম্বার প্রার্থী মোমিন উল্যাহর ছেলে মো. রিয়াজ, অপর প্রার্থী সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন (১৯) এবং আবুল বাসার মিস্ত্রির ছেলে রিয়াজ আহত হন। তাঁদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডা. ওয়াহিদুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই আবুল বাসারের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ঘটনার আকস্মিকতায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ অথবা স্ট্রোক হয়ে থাকতে পারে।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল মিঞা সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, আবুল বাসারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।