লক্ষ্মীপুরে পাঁচ পুলিশ গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের মদনপুর এলাকায় আজ শুক্রবার দুপুরে পুলিশের পাঁচজন সদস্যসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, একদল সন্ত্রাসী গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় ছয়জনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন পুলিশের কনস্টেবল মিজানুর রহমান, ইসমাইল হোসেন, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম ও মো. হানিফ এবং অন্যজন হলেন সিএনজিচালিত অটোরিকশার চালক আবদুল বারেক। সবাইকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সমর্থক এক দল দুর্বৃত্ত দুপুরে একটি বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ১০-১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তারা ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর ও মালামাল লুট করে। তারা ৫০ হাজার টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে যায়। দুর্বৃত্তরা ওই বাড়ির মাহফুজুর রহমানের ছেলে সামীরকে (৬) অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাশেম জেহাদী বলেন, ‘আমার কোনো সন্ত্রাসী বাহিনী নেই।’ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন বলেও দাবি করেন। পুলিশের একটি সূত্র জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার সময় মদনপুর এলাকায় একদল সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে পাঁচ পুলিশসহ ছয়জন গুলিবিদ্ধ হন। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি তাজা গুলি উদ্ধার করে।লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।