লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে ইউপি চেয়ারম্যানসহ নিহত ৩
লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির নেতা আসাদুজ্জামান বাবুল ও পাশের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন শামীমের পক্ষের মধ্যে দফায় দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নূর হোসেন শামীমসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ২০ জন। অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।নিহত অন্য দুজন হলেন স্থানীয় কৃষক মোসলেহ উদ্দিন ও শামীমের পক্ষের সদস্য জসিম উদ্দিন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নূর হোসেন শামীম তাঁর পক্ষের লোকজন নিয়ে পাশের দিঘলী ইউনিয়নের পশ্চিম জামিরতলী গ্রামে যান। সেখানে তাঁরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবুলের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এর কিছুক্ষণ পর আসাদুজ্জামান বাবুলের পক্ষের লোকজন একত্র হয়ে পাল্টা গুলি ছুড়তে থাকেন। এতে গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন শামীম, মোসলেম উদ্দিন ও জসীম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত ২০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন জানান, ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।