লক্ষ্মীপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গতকাল রোববার বাসের চাপায় মাহমুদুর রহমান নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে উপজেলার হাজিরহাট উপকূল কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র।ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া বাসচালক ও তাঁর সহকারীকে থানায় নেওয়ার সময় কয়েক শ ছাত্রসহ স্থানীয় জনতা বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা চালক ও তাঁর সহকারীকে তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটাসহ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্র-পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাহমুদুর রহমান হাজিরহাট বাজার থেকে কলেজের উদ্দেশে লক্ষ্মীপুরগামী সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ওঠেন। রামগতি-লক্ষ্মীপুর সড়কে কলেজের সামনে নামানো নিয়ে তার সঙ্গে বাসের সহকারীর কথাকাটাকাটি হয়। তাকে কলেজের সামনে নামানোর পরপরই চালক বাসটি দ্রুত ছেড়ে দেন। এতে বাসের চাপায় মাহমুদুর ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপরই ছাত্র-জনতা বাসটি আটক করে। কলেজের বিপরীত পাশে অবস্থিত কমলগঞ্জ থানার পুলিশ তাত্ক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাসের চালক মনোয়ার হোসেন ও সহকারী মো. শরিফকে নিজেদের হেফাজতে নেয়। তাঁদের ছিনিয়ে নিতে ছাত্র-জনতা থানায় ইটপাটকেল ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জেলা সদর ও রামগতি থানা থেকে অতিরিক্ত পুলিশ আনা হয়।কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহে আলম জানান, ছাত্র-জনতার ছোড়া ইটপাটকেলের আঘাতে উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান, মো. নাছির উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকবুল হোসেন, কনস্টেবল মো. নাছির, আবুল খায়ের এবং তিনি নিজে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিক্ষোভকারীদের লাঠিপেটাসহ ছয়টি রাবার বুলেট ও ১১টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মাহমুদুর রহমানের চাচা মাহে আলম মামলা করেছেন। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবু তাহের, লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) মাকফারুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব প্রথম আলোকে জানান, সকাল সাড়ে ১০টায় কলেজের সামনে এইচএসসি পরীক্ষার্থী মাহমুদুর রহমান বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পুলিশের লাঠিপেটায় ও ধাওয়ায় কলেজের ছাত্র শাকিল, শুভ্র, মাহমুদুল, নাছিম, বাবুল, মহিউদ্দিন, জিল্লাল, মিজান, ইমতিয়াজ, পারভেজসহ স্থানীয় কয়েকজন আহত হয়। মাহমুদুরের মৃত্যুতে শোক ঘোষণা করে কলেজ দুই দিনের ছুটি দেওয়া হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই মাহমুদুর রহমানের লাশ হাজিরহাট বাজারে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি হাজিরহাটের জামশেদ আলমের ছেলে।