লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আইনজীবী নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক আইনজীবী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালীবাজারে এ ঘটনা ঘটে।নিহত মো. দিদার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জজকোর্টের আইনজীবী ও উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের আবুল খায়ের ভূঁইয়ার বড় সন্তান। দিদার লক্ষ্মীপুর-২ (সদর উপজেলার আংশিক ও রায়পুর উপজেলা) আসনে বিএনপিদলীয় সাংসদ ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়ার সমর্থক।ঘটনার পর হত্যাকাণ্ডের প্রতিবাদে সাংসদ আবুল খায়েরের সমর্থকেরা সদর উপজেলার দালাল বাজার এলাকায় রায়পুর-চৌমুহনী সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন। পুলিশের হস্তক্ষেপে বেলা একটার দিকে যানবাহন চলাচল শুরু হয়।এলাকাবাসীর ভাষ্যমতে, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল মজিদ গতকাল সকাল নয়টার দিকে উত্তর হামছাদী ইউনিয়নে গণসংযোগে বের হন। এ সময় তাঁর সঙ্গে একটি পাজেরো, একটি মাইক্রোবাস ও ১৫-২০টি মোটরসাইকেল ছিল। গাড়িবহরটি কাজীর দীঘিরপাড় এলাকায় পৌঁছলে সাংসদ আবুল খায়েরের সমর্থকেরা মজিদের গাড়িবহরে হামলা চালান। ভাঙচুর করেন একটি মাইক্রোবাস। সাড়ে ১০টার দিকে গাড়িবহরটি কালীবাজার এলাকায় পৌঁছলে আবুল খায়েরের সমর্থকেরা আবার হামলা চালান।এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের সমর্থকেরা। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় কয়েকটি গুলির শব্দও শোনা যায়। সংঘর্ষের একপর্যায়ে আইনজীবী দিদার হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন আরও পাঁচজন। তাঁরা হলেন: আবদুল মজিদের ভাই মনির হোসেন, মো. জহির, মো. হোসেন, শিবলু, মো. মোক্তাদির। তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘আমি আমার এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য উত্তর হামছাদী এলাকায় যাওয়ার চেষ্টা করলে সাংসদ আবুল খায়ের ভূঁইয়ার সমর্থক মন্টু, মো. মোমেন, ফরিদ ও শিবলু আমার গাড়িবহরে হামলা চালিয়ে মাইক্রোবাস ভাঙচুর এবং আমার সমর্থকদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। ওই হামলাকারীরা দিদারকে খুন করেছেন। এতে আমার কোনো সমর্থক জড়িত নন।’দিদার হত্যা ও সংঘর্ষের ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছেন বিএনপির নেতা ও সাংসদ আবুল খায়ের ভূঁইয়া। তিনি সাংবাদিকদের বলেন, ‘আবদুল মজিদের উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার সমর্থক দিদার হোসেনকে খুন করে।’জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, ‘বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দিদার খুন হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগের কেউ দায়ী নয়।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় আইনজীবী দিদারের মৃত্যু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।’ওসি বলেন, হত্যাকাণ্ড ও সংঘর্ষের ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। কাউকে আটকও করা হয়নি। দিদারের পরিবারে শোক: পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন আইনজীবী দিদার। এক বছর আগে লক্ষ্মীপুর জজকোর্টে আইন পেশায় যোগ দেন। সংসারে স্ত্রী রেহানা আক্তার, দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ও মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়ে। ছোট ছেলে পড়ে প্রথম শ্রেণীতে।গতকাল বেলা দুইটার দিকে মির্জাপুর গ্রামে দিদারদের বাড়িতে গিয়ে দেখা যায়, স্ত্রী ও ছেলে-মেয়েরা চিৎকার করে কাঁদছিল। বাবা আবুল খায়ের খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে ছিলেন।পরিবারের সদস্যরা জানান, স্ত্রী রেহানার নিষেধ উপেক্ষা করেও সকালে জজকোর্টের উদ্দেশে বাড়ি থেকে বের হন দিদার। বেলা ১১টার দিকে দেবরের মুঠোফোন থেকে স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যান রেহানা।লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেল পাঁচটার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে দিদারের জানাজা হয়। মরদেহ বাড়িতে নেওয়ার পর আবার কান্নার রোল পড়ে যায়।