লক্ষ্মীপুরে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
বিদ্যুতের দাবিতে লক্ষ্মীপুর সদর উপজেলার যাদৈয়া এলাকায় আজ রোববার লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। এতে মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হয় সহাস্রাধিক যাত্রী।বিক্ষোভ অংশ নেওয়া যাদৈয়া, সমাসপুর, মোহাম্মদনগর এলাকার বাসিন্দারা জানান, তিন দিন ধরে এসব এলাকায় বিদ্যুত্ প্রায় নেই বললেই চলে। তাই তাঁরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। আজ সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে দিনে ১২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এইচএসসি পরীক্ষার্থী রাজু আহম্মেদ জানান, বিদ্যুতের অভাবে পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে। উত্তর দুর্গাপুরে সেচের মালিক মজিব উল্লা জানান, বিদ্যুতের অভাবে ধানখেতে পানি দেওয়া যাচ্ছে না। এতে উত্পাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। পল্লী বিদ্যুত্ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শিবু লাল বসু জানান, ‘বিক্ষোভকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এ এলাকায় আমরা সাধ্যমতো বিদ্যুত্ সরবরাহ করব। আমাদের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।’সদর থানার পুলিশের ওসি (তদন্ত) লিটন দেওয়ান জানান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত্ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।