লক্ষ্মীপুরে মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে।লক্ষ্মীপুর সদর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের বাসার সামনে গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, দুই সাংবাদিকসহ আটজন আহত হয়েছেন।আহত অন্যরা হলেন রেডিও টুডের চিফ রিপোর্টার সাহাবুদ্দিন চৌধুরী, আমাদের সময় পত্রিকার স্টাফ রিপোর্টার তারেক সালমান, যুবদলের কেন্দ্রীয় নেতা ছাবের আহমেদ, আজিজুর রহমান, জসিম উদ্দিন, ছাত্রদল নেতা বজলুল রশিদ প্রমুখ।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ ঘটনার জন্য লক্ষ্মীপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবু তাহেরের লোকজনকে দায়ী করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে পৌর মেয়র আবু তাহের প্রথম আলোকে বলেন, তিনি পারিবারিক কারণে কয়েক দিন ধরে ঢাকায় অবস্থান করছেন। তাই হামলার ব্যাপারে তাঁর কিছু জানা নেই।লক্ষ্মীপুরের বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যা মামলায় এইচ এম বিপ্লবের (আবু তাহেরের ছেলে) ফাঁসির দণ্ড মওকুফ করার প্রতিবাদে দলের এক কর্মী সমাবেশে যোগ দিতে মির্জা ফখরুল ও দলের কেন্দ্রীয় নেতারা সেখানে যান। দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। সেখান থেকে বেরিয়ে দলীয় সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর বাসায় দুপুরের খাবার খেতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, লক্ষ্মীপুরে সন্ত্রাসের গডফাদার আবু তাহেরের বাহিনীর লোকজন এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।বহরে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ জানান, সভাবেশ শেষে মহাসচিবের গাড়িবহর সাংসদ শহীদ উদ্দীন চৌধুরীর বাসায় যাওয়ার পথে পৌর মেয়র আবু তাহেরের বাসার সামনে সন্ত্রাসীরা হামলা চালায়। তিনি বলেন, হামলায় সাংসদ মো. শাহজাহানের গাড়িসহ তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার উপস্থিত সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গাড়ির পেছনে থাকা আরেকটি মাইক্রোবাসে কে বা কারা হামলা চালিয়ে গাড়ির কাচ ভাঙচুর করেছে। তবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারী কাউকে খুঁজে পায়নি। তিনি জানান, হামলার ঘটনায় কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেনি।বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০০ সালের ১৮ সেপ্টেম্বর লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী নুরুল ইসলামকে অপহরণ করে হত্যা করা হয়। ২০০৩ সালে নুরুল ইসলাম হত্যা মামলার রায়ে বিচারিক আদালত তাহেরপুত্র বিপ্লবসহ পাঁচজনের মৃত্যুদণ্ড এবং নয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। সম্প্রতি রাষ্ট্রপতি বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করেন। এর প্রতিবাদে গতকাল কর্মসূচি পালন করছিল বিএনপি।খালেদা জিয়ার বিবৃতি: লক্ষ্মীপুরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন খালেদা জিয়া। গতকাল এক বিবৃতিতে তিনি ওই হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন।বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতিতে বলেন, ‘এই হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে, কুখ্যাত আওয়ামী সন্ত্রাসী তাহের পরিবার কতটা ভয়ংকর সন্ত্রাসী।’ তিনি বলেন, রাষ্ট্রপতি সম্পূর্ণ অনৈতিকভাবে সব রীতিনীতি লঙ্ঘন করে নুরুল ইসলামের খুনি বিপ্লবের দণ্ড মওকুফ করেছেন।