লক্ষ্মীপুরে মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভায় জেলা বিএনপির কর্মী সম্মেলন শেষে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। সশস্ত্র কয়েকজন যুবক হামলা চালিয়ে পাঁচটি গাড়ি ভাঙচুর করে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হন। তবে মির্জা ফখরুলের গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্মীপুর পৌরসভার ওয়েলকাম কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বিএনপির নেতা মির্জা ফখরুল তাঁর গাড়িবহর নিয়ে স্থানীয় সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বাড়ি যাচ্ছিলেন। এ সময় তমিজউদ্দিন বাজারে পৌর মেয়র আবু তাহেরের বাড়ির সামনে সশস্ত্র সন্ত্রাসীরা গাড়িবহরে হামলা করে। তারা তিনটি মোটরসাইকেল ও দুটি গাড়ি ভাঙচুর করে।ঘটনাস্থল থেকে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার বলেছেন, পুলিশ ঘটনা তদন্ত করছে।