লক্ষ্মীপুরে যুবদল নেতা নিহত ও বিভিন্ন স্থানে আহত ৭৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসের অনুষ্ঠানে স্মৃতিসৌধে ফুল দেওয়াকে কেন্দ্র করে দেশের কয়েকটি স্থানে গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া গেছে। কয়েকটি স্থানে পুলিশও এসব হামলা-সংঘর্ষের সঙ্গে জড়িয়ে পড়ে।লক্ষ্মীপুর সদর উপজেলায় হামলায় যুবদলের এক নেতা নিহত হয়েছেন।পটুয়াখালীর গলাচিপায় বিএনপির সমাবেশে স্থানীয় আওয়ামী লীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কমপক্ষে ৩৬ জন আহত ও এক সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন।পাবনার ফরিদপুর, নোয়াখালীর সেনবাগ ও ঠাকুরগাঁওয়ে বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে। সব মিলে ৭৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।প্রথম আলোর আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১২টার কিছু পরে সদর উপজেলার হামিদিয়া হাইস্কুল মাঠের শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার সময় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলায় হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৩৫), ছাত্রদলের কর্মী ইসমাইল ও তুহিন আহত হন। তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর মনির সেখানে মারা যান।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন জানান, স্থানীয় ছাত্রলীগের কর্মী মুন্নার নেতৃত্বে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় গতকাল জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল করা হয়।জেলা বিএনপি এ ঘটনায় তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। মনির হত্যার ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।পাবনা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল আটটা থেকে সদরের ফুটবল মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলামের ছেলে রনি ইসলামের (২৪) নেতৃত্বে কিছু যুবক মেয়েদের উত্ত্যক্ত করেন। এ সময় উপপরিদর্শক (এসআই) মির্জা মোজাহারুল ইসলামসহ পুলিশের কয়েকজন সদস্য তাঁদের ওপর মৃদু লাঠিপেটা করেন। এতে নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এসআই মির্জা মোজাহারুলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা শুরু করলে আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে এসআই মির্জা মোজাহারুল, এসআই জাকারিয়া, কনস্টেবল রাজিবুল ইসলাম, থানা আনসার ভিডিপি কমান্ডার জমিন উদ্দিনসহ ১৫ জন আহত হন। দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে বিরোধ মীমাংসিত হলে বিকেলে আবার অনুষ্ঠান শুরু হয়।থানার ওসি আবদুল হামিদ বলেন, বিষয়টির মীমাংসা হয়ে গেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক।পটুয়াখালী: গলাচিপার রাংগাবালী থানা বিএনপির সভাপতি মো. কবির হোসেন তালুকদার জানান, গতকাল সকাল ১০টার দিকে বিজয় দিবস উপলক্ষে বাহেরচর বন্দরের এসসিআই মাঠে তাঁদের নির্ধারিত সমাবেশ শুরু হয়। কিছুক্ষণ পর থানা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির ও সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি শোভাযাত্রা এসসিআই মাঠের কাছে পৌঁছায়। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা ও রামদা নিয়ে সমাবেশে হামলা করেন। এতে তাঁদের ৩৬ জন নেতা-কর্মী আহত হন।দৈনিক পটুয়াখালী বার্তার রাংগাবালী প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থলে গেলে থানা ছাত্রলীগের সভাপতি মো. রেসাতসহ সাত-আটজন নেতা-কর্মী তাঁকে মারধর করেন এবং তাঁর ক্যামেরা ও মুঠোফোন নিয়ে যান।এ ব্যাপারে মো. আহসান কবির বলেন, বিএনপির সমাবেশে তাঁরা হামলা করেননি। তাঁদের শোভাযাত্রা থেকে কিছু লোক দৌড়ে বিএনপির সমাবেশের দিকে গেলে বিএনপির লোকজন ভয়ে সভাস্থল ত্যাগ করে।রাংগাবালী থানার ওসি মো. মাহে আলম বলেন, হামলায় বিএনপির কিছু নেতা-কর্মী আহত হয়েছেন। সাংবাদিকের ক্যামেরা ও মুঠোফোন উদ্ধারের চেষ্টা চলছে।নোয়াখালী: প্রত্যক্ষদর্শীরা জানান, সেনবাগের ছমির মুন্সীর হাট পশ্চিম বাজারে কাবিলপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়। এর বিপরীত পাশে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক জাহাঙ্গীর আলমের মার্কেট। মার্কেটের সামনের খালি জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এসআই সুমন বড়ুয়া, আবুল কাশেম হাওলাদারসহ কমপক্ষে সাত-আটজন আহত হয়েছেন।এর আগে একই স্থানে আওয়ামী লীগ ও বিএনপি অনুষ্ঠানের আয়োজন করায় স্থানীয় প্রশাসন বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ছমির মুন্সীর হাট এলাকায় ১৪৪ ধারা জারি করে।থানার ওসি সাজেদুর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।ঠাকুরগাঁও: প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে শ্রদ্ধা নিবেদনের জন্য বিএনপির নেতা-কর্মীরা শোভাযাত্রাসহ শহীদদের নামফলকে সামনের সড়কে অবস্থান নেন। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গাড়িবহরসহ শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এলে বিএনপির নেতা-কর্মীরা সড়কে জটলা সৃষ্টি করেন। পুলিশ বিএনপির কর্মীদের সরিয়ে দিয়ে মন্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ ব্যারিকেড দিয়ে মন্ত্রীকে নিয়ে শহীদদের নামফলকে পৌঁছায়।পরে মন্ত্রীর গাড়িবহর বিএনপির জেলা কার্যালয়ের সামনে পৌঁছালে গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন বিএনপির কর্মীরা। এ সময় মন্ত্রীর গাড়িবহরে থাকা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরীর গাড়ির কাচ ভেঙে যায়।বিএনপির সাধারণ সম্পাদক তৈমুর রহমান বলেন, পুলিশ কোনো কারণ ছাড়াই তাঁদের শোভাযাত্রায় হামলা করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলির ফুলের ডালা মাটিতে ফেলে দেয়। এ সময় পুলিশের লাঠিপেটায় তাঁদের ১০ নেতা-কর্মী আহত হন।অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম বলেন, পুলিশ বিএনপির নেতা-কর্মীদের শোভাযাত্রায় লাঠিপেটা করেনি। ফুলের ডালা ভেঙে দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন। রংপুর: পুলিশ জানায়, বিজয় দিবস উপলক্ষে গতকাল ছাত্রশিবির বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এতে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নয়জনকে আটক করে পুলিশ। কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।