লক্ষ্মীপুরে সংঘর্ষের নেপথ্যে রয়েছে আগামী নির্বাচনের প্রার্থিতা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বুধবার একজন মনোনয়নপ্রত্যাশীর গণসংযোগ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত হন দিদারুল আলম। এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার প্রতিবাদ সভা হয়েছে। দিদারুল সদর উপজেলা যুবদলের আইনবিষয়ক সম্পাদক।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির এক নেতা জানান, আগামী নির্বাচনের প্রার্থিতাকে কেন্দ্র করেই বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ওই নেতা নিহত হয়েছেন। মূলত জেলা বিএনপির সভাপতি সাংসদ আবুল খায়ের ভুঁইয়ার কারণে এলাকায় মাঝেমধ্যে সংঘর্ষ হচ্ছে।এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, গতকাল বিকেলে সদর উপজেলার দালাল বাজারে এক প্রতিবাদ সভা হয়। সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম, সদর উপজেলা বিএনপির সদস্য নুরুল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ প্রমুখ।বক্তারা বলেন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আবদুল মজিদ বিএনপির সদস্য নন। তিনি নির্বাচনী গণসংযোগ করতে চাইলে তাঁকে বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে আলাপ করে মাঠে নামতে হবে। তাঁর সন্ত্রাসী বাহিনীর হাতে দিদারুল খুন হয়েছেন। নির্বাচন সামনে রেখে মজিদ সন্ত্রাসীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। সভার আগে দালাল বাজারে মিছিল বের করা হয়। মিছিলে মজিদকে খুনি বলে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।দিদারুল আলমের স্ত্রী রেহানা আক্তার দাবি করেন, কালীবাজার দিয়ে যাওয়ার সময় মজিদের লোকজন তাঁর স্বামী দিদারুল, মুক্তার হোসেন ও শিবলুকে মোটরসাইকেল থেকে নামিয়ে দা দিয়ে কুপিয়ে আহত করেন। তাঁরা ইট দিয়ে আঘাত করে তাঁর স্বামীর মৃত্যু নিশ্চিত করেন।প্রত্যক্ষদর্শী অনেকে জানান, দিদারুল তিনটি মোটরসাইকেলসহ ১৫-২০ জন লোক নিয়ে কালীবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় গাড়িবহর কালীবাজারে পৌঁছালে মজিদের সমর্থকদের ওপর তাঁরা হামলা চালান। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে দিদারুল নিহত হন।রেহানা বাদী হয়ে সদর থানায় ওই দিন রাতেই আবদুল মজিদকে ১ নম্বর আসামি করে ৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ ছাড়া বিজয়নগরের বিএনপি-সমর্থক জহিরুল ইসলাম সাংসদ খায়ের ভুঁইয়াকে ১ নম্বর আসামি করে ১৪ জনের বিরুদ্ধে লক্ষ্মীপুর আদালতে একটি মামলা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির মাঠপর্যায়ের একাধিক নেতা-কর্মী বলেন, ম্যাডাম যাঁকে মনোনয়ন দেন, তিনি হবেন দলীয় প্রার্থী। কিন্তু এলাকায় গণসংযোগ করার অধিকার নাগরিক হিসেবে সবার রয়েছে। এখানে কাউকে বাধা দেওয়া মানে হচ্ছে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা।গত সংসদ নির্বাচনের আগে লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাংসদ আবুল খায়ের ভুঁইয়া ও ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুঁইয়া। ওই সময়ে দালাল বাজার এলাকায় গণসংযোগ করতে গেলে আবুল খায়ের ভুঁইয়ার সমর্থকেরা কবির আহমেদ ভুঁইয়ার গাড়িবহরে হামলা চালিয়ে ২০টি গাড়ি ভাঙচুর করেন।লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।