লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় যুবদলের নেতা খুন
লক্ষ্মীপুরে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সন্ত্রাসীদের হামলায় মনির হোসেন (৩৫) নামের একজন নিহত হন। তিনি জেলার সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি। বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে খুনের ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, হাজিরপাড়া ইউনিয়নের হামিদিয়া উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনারে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বাড়ি ফিরছিলেন মনিরসহ কয়েকজন। এ সময় হাজিরপাড়া বাজারে সন্ত্রাসীরা তাঁদের ওপর হামলা চালায়। হামলায় মনির, ইসমাইল ও তুহিন নামে তিনজন আহত হন। পরে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর মনির হোসেনের মৃত্যু হয়।জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ওই হামলা ও খুনের জন্য স্থানীয় ছাত্রলীগকে দায়ী করেছেন। তবে ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছরোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।