লক্ষ্মীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবদলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের লক্ষ্মীপুর সদর উপজেলার সহসভাপতি নজরুল ইসলাম ওরফে লিটনকে গত শুক্রবার রাতে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কাল রোববার লক্ষ্মীপুর জেলায় আধা বেলা হরতাল ডেকেছে যুবদল। জেলা জামায়াতে ইসলামী হরতালে সমর্থন দিয়েছে।স্থানীয় লোকজন জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাঁচ-সাতজন সন্ত্রাসী যুবদলের নেতা নজরুল ইসলামকে তাঁর সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের বাড়ির কাছ থেকে ধরে এনে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত যুবদলের নেতা নজরুলের লাশ নিয়ে রাতে শহরে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকালেও তাঁরা বিক্ষোভ করেন।জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম বলেন, সদর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাহিনীর কয়েকজন সন্ত্রাসী নজরুলকে গুলি করে হত্যা করেছে।জেলা বিএনপির সভাপতি ও সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, সন্ত্রাসীরা নজরুলকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বলেন, তদন্ত করে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে প্রথম জানাজা এবং গ্রামে দ্বিতীয় জানাজা শেষে নজরুলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।