লক্ষ্মীপুরে সাংবাদিকদের প্রতিবাদ সভা, নিন্দা রাজনীতিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর লক্ষ্মীপুর প্রতিনিধি এম জে আলমের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। স্থানীয় রাজনীতিবিদেরাও এই হামলার নিন্দা জানান। লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমুহনী এলাকার ডিসি কলোনির পাশে গণপূর্ত বিভাগের জমি দখলের ছবি তুলতে গেলে আওয়ামী লীগের বহুল আলোচিত নেতা ও মেয়র এম এ তাহের গত শুক্রবার বিকেলে প্রথম আলোর প্রতিনিধিকে মারধর করেন। গণপূর্তের ওই জমিতে ‘প্রস্তাবিত নিউ পৌর মার্কেট’ লেখা একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। মারধরের একপর্যায়ে তাহের ওই সাংবাদিককে টেনেহিঁচড়ে তাঁর গাড়িতে তুলে নিয়ে যান। নাসির আহম্মদ ভূঁইয়া মিলনায়তনে আধঘণ্টা আটকে রেখে তাঁর কাছ থেকে এই জমি দখল নিয়ে সংবাদ না করার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করেন তাহের। একপর্যায়ে সেখানে লোকজন জড়ো হলে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই হামলার প্রতিবাদে শহরে গতকাল শনিবার প্রতিবাদ সভা করেন জেলায় কর্মরত সাংবাদিকেরা। এতে বক্তারা হামলার নিন্দা জানান ও সাংবাদিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার প্রতিনিধি মো. কাউছারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইত্তেফাক-এর প্রতিনিধি আবদুল মালেক, জনকণ্ঠ পত্রিকার মহিউদ্দিন মুরাদ, বাসসের আবুল কালাম আজাদ, সংগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী, মানবজমিন পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেন, ইসলামিক টেলিভিশনের হাবিবুর রহমান, বৈশাখী টেলিভিশনের মাজাহারুল আনোয়ার, চ্যানেল একাত্তরের জাহাঙ্গীর হোসেন প্রমুখ। হামলার নিন্দা জানিয়েছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও দৈনিক লক্ষ্মীপুর নিউজ-এর সম্পাদক এম আলাউদ্দিন। তিনি বলেন, ‘আমরা শক্তি প্রয়োগে বিশ্বাস করি না। এই ঘটনায় ব্যক্তিগতভাবে আমি দুঃখিত ও ব্যথিত।’ লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরীও এই হামলা ও চার সাংবাদিকের বিরুদ্ধে করা মিথ্যা মামলার নিন্দা জানিয়েছেন।ফেনী থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, এম জে আলমের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফেনী প্রেসক্লাবের সভাপতি নুরুল করিম মজুমদার ও সাধারণ সম্পাদক রবিউল হক। গতকাল শনিবার এক বিবৃতিতে তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে বাধা দেওয়া, মারধর ও আটক করে সংবাদপত্রের কণ্ঠরোধ করা যাবে না।