লক্ষ্মীপুরে ১১ জেলেকে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে কোস্টগার্ডের ওপর হামলা ও ইলিশ মাছ শিকার করার অভিযোগে ১১ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালত কারাগারে পাঠিয়েছেন। এ ছাড়া জেলেদের কাছ থেকে চারটি কারেন্ট জাল, ইঞ্জিনচালিত দুইটি ট্রলার আটক করা হয়।উপজেলা মত্স্য অফিস ও কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আজ সোমবার ভোরে অভয়াশ্রম আইন ভঙ্গ করে ১১ জন জেলে ট্রলার দিয়ে মাছ ধরতে যান। এ সময় কোস্টগার্ডের সদস্যরা পিছু নিলে ওই জেলেরা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন এবং হাতে থাকা লাঠি দিয়ে হামলা করেন। হামলায় কোস্টগার্ড কমান্ডার এম কে আলী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ডের সদস্যরা ১০টি গুলি ছোড়েন এবং ওই ১১ জেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।এ ব্যাপারে সদর উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা সুনীল চন্দ্র ঘোষ বাদী হয়ে ১৯৫০ সালের মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করেন।পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম নজরুল ইসলাম এক রায়ে অভিযুক্ত আসামিদের দুজনকে দুই মাস করে আর বাকি নয়জনকে তিন মাস করে কারাদণ্ড দেন।