লক্ষ্মীপুরেও অ্যানথ্রাক্স, শনাক্ত ৪০
লক্ষ্মীপুরেও অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার জেলার কমলনগর উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত ৪০ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট ১২টি জেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ ঘটল।এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নতুন করে ১৭ জন, কুষ্টিয়ার ভেড়ামারায় তিনজন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুজন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত করা হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় এবং প্রতিনিধিদের পাঠানো খবর:লক্ষ্মীপুর: সংশ্লিষ্ট সূত্র জানায়, কমলনগর উপজেলার চরবসু গ্রামের মফিজ ব্যাপারী বরগুনার আমতলী থেকে একটি গরু এনে ৭ সেপ্টেম্বর জবাই করেন। স্থানীয় লোকজন ওই মাংস খাওয়ার পর তাদের শরীরের বিভিন্ন স্থানে ফোসকা ও ক্ষত দেখা যায়। এলাকার মো. হারুন (৩৮), শিউলী আক্তার (৫), বেলায়েত হোসেন (৬০), লাল মিয়া (৩৫), আমিন মাঝি (৫৫), বিবি হাজেরা (২০) ও খতেজা আক্তারসহ মোট ৪০ জনকে অ্যানথ্রাক্স আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।কমলনগর উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফয়েজ আহম্মদ অ্যানথ্রাক্স সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। চরবসু গ্রামে অস্থায়ী চিকিৎসাশিবির বসিয়ে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।জেলা প্রশাসক আবুল বাসার মো. জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন মো. মাহবুব ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমলচন্দ্র দাস গতকাল চরবসু গ্রাম পরিদর্শন করেন।সিভিল সার্জন জানান, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের কাছে পর্যাপ্ত ওষুধ আছে। নতুন করে সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের গিলাবাড়ী ও জামুরটারী গ্রামের আরও ১৭ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আদিতমারীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ জন। জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০২ জনে।জানা গেছে, ঈদের আগের দিন সাপ্টিবাড়ী হাট থেকে গরুর মাংস কিনে খেয়েছিলেন জামুরটারী ও গিলাবাড়ী গ্রামের লোকজন। এরপর তাঁদের অনেকেই অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছেন।আদিতমারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসানুল আদম গিলাবাড়ী গ্রামে ১৫ জন এবং জামুরটারী গ্রামে নতুন দুজনের সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় বিশেষ চিকিৎসক দল কাজ করছে।কুষ্টিয়া: জেলার ভেড়ামারা উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এঁরা হলেন বাহিরচর ষোলদাগ গ্রামের ফাতেমা খাতুন (৪৫), আতিয়ার রহমান (৬০) ও খেমিড়দিয়াড় গ্রামের দুলাল হোসেন (৩৩)। এ নিয়ে জেলায় মোট ৪৯ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হলো।ভেড়ামারায় অ্যানথ্রাক্সে আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে গঠিত বিশেষ চিকিৎসক দলের প্রধান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুম আলী গতকাল জানান, বাহিরচর ষোলদাগ গ্রামের দুজনকে গত বৃহস্পতিবার এবং খেমিড়দিয়াড় গ্রামের একজনকে গতকাল শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।আক্রান্ত ব্যক্তিরা জানিয়েছেন, ঈদের দিন তাঁরা স্থানীয় বাজারে জবাই করা গরুর মাংস খেয়েছিলেন। এর দুদিন পরই তাঁদের হাতে ও পায়ে ফোসকা হয়ে ক্ষত দেখা দেয়।এর আগে জেলার দৌলতপুর উপজেলার ধর্মদহ ও বিলগাথুয়া গ্রামে ৪৬ জন অ্যানথ্রাক্স রোগী শনাক্ত হয়।সিরাজগঞ্জ: উল্লাপাড়া উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্ত আরও দুজনকে গতকাল শনাক্ত করা হয়েছে। এঁরা হলেন পঞ্চক্রেশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মাসুদ হোসেন (৪০) ও সলঙ্গা ইউনিয়নের চকচৌবিলা গ্রামের সাইফুল ইসলাম (৩০)। এ নিয়ে জেলায় অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১২।সিরাজগঞ্জের সিভিল সার্জন লুৎফর রহমান তালুকদার নতুন করে সংক্রমণের বিষয়টি নিশ্চিত করে জানান, সবাইকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।ধরমপাশায় গরুর মৃত্যু: সুনামগঞ্জের ধরমপাশার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে গতকাল একটি গরু মারা গেছে। গরুটির মালিক গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মঞ্জু মিয়া। ধরমপাশা উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান অ্যানথ্রাক্সে গরু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।