লক্ষ্মীর সরায় যাঁর ছোঁয়া
ছিপছিপে গড়ন। মুখে খোঁচা খোঁচা দাড়ি। দাড়িগুলো সাদা হয়ে গেছে। বাড়ির বারান্দায় বসে প্রাতরাস সারছেন। একটি বড় আকারের কালো পাথরের থালায় ফেনভাত সঙ্গে আলুভর্তা। তখন সকাল সোয়া ১০টা। খেতে খেতে বলেন, ‘আমার ঠাকুরদাদার আমলের থালা, মার্বেল পাথরের তৈরি।’ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার পালপাড়ার বাসিন্দা মনোরঞ্জন পালের বয়স এখন ৮৫। একটি টিনের ভাঙা ঘর। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে। এর মধ্যে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে বসবাস করেন তিনি। খুব ভোরে ঘুম ভাঙে তাঁর। ঘুম ভাঙলেও বিছানা ছাড়েন না। বসে থাকেন। সকাল নয়টার দিকে কাজে হাত দেন। শরীরে বাসা বেঁধেছে অ্যাজমা। চিকিৎসক ঠান্ডা লাগাতে মানা করেছেন। বলেছেন, পুরোপুরি বিশ্রাম নিতে।মনোরঞ্জন পাল জানান, ১২ বছর বয়সে ঠাকুরদা রজনীকান্ত পালের কাছে তাঁর হাতেখড়ি। ১৬ বছর ঠাকুরদার সংস্পর্শে ছিলেন তিনি। তাঁর বাবার নাম তারকেশ্বর পাল। এটাই তাঁর পৈতৃক নিবাস। বললেন, ‘আমরা ফরিদপুরের আদি বাসিন্দা। ব্রিটিশরা এ দেশে ২০০ বছর রাজত্ব করে গেছেন। তারও আগে থেকে আমরা এখানে বসবাস করি।’ফরিদপুর শহরের লক্ষ্মীপুর মহল্লার পালবাড়িতে এই বৃদ্ধ বয়সেও নীরবে কাজ করে যাচ্ছেন মনোরঞ্জন পাল। লক্ষ্মীর সরা এঁকে তিনি বিখ্যাত হয়েছেন।মনোরঞ্জন বলেন, ‘কবি জসীমউদ্দীনের সম্পূর্ণ চেহারা এখনো আমার অন্তরে ভাসে। ওনার হূদয় ভরা ছিল পল্লির ছবি। ১৯৫২ কি ১৯৫৩ সালের কথা। কবি এসে আমার ঘরের বারান্দার জলচৌকির ওপর বসলেন। দুর্গাপূজা শেষ হয়েছে। সামনে লক্ষ্মীপূজা। আমার ঘরভর্তি থরে থরে সাজানো লক্ষ্মীর সরা। কবি গভীর মনোযোগের সঙ্গে সরাগুলো দেখলেন। কবি জানতে চাইলেন, আমি মাটির সরায় রঙতুলি দিয়ে কিছু ছবি এঁকে দিতে পারব কি না। বললাম, পারব। কবি বললেন, আমি রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশ সফরে যাব। সেখানকার কবি-সাহিত্যিকদের জন্য মাটির সরায় করা শিল্পকর্মগুলো নিয়ে যাব, তাদের উপহার দেব, পাশাপাশি বাংলার ঐতিহ্য তাদের কাছে তুলে ধরব। আমি তাঁকে বেশ কিছু সরা করে দিয়েছিলাম।’মনোরঞ্জন জানান, সেই ১২ বছর থেকে আজ অবধি পৈতৃক পেশা, যাকে বলে জাত ব্যবসা, তিনি আঁকড়ে ধরে আছেন। তিনি মূর্তি গড়েন, হাঁড়ি-পাতিল বানান, পুতুল গড়েন। রঙতুলির আঁচড়ে তিনি সিদ্ধহস্ত। মাটির সরায় রঙতুলির আঁচড় দিয়ে তিনি ফুটিয়ে তোলেন দেব-দেবীর ছবিসহ নানা শিল্পকর্ম। তবে তিনি ফরিদপুরে অধিক পরিচিত লক্ষ্মীর সরার জন্য। এ অঞ্চলে লক্ষ্মীপূজা মানেই হলো মনোরঞ্জন পালের লক্ষ্মী সরা, যার কোনো তুলনা নেই, নেই বিকল্প। এ পর্যন্ত তিনি প্রায় অর্ধ লাখ লক্ষ্মীর সরা এঁকেছেন। আবার অর্ডার পেলে সরার ওপর অন্য দৃশ্যও অঙ্কন করেন। গত মার্চে ফরিদপুরে রবীন্দ্র মেলার সময় রবীন্দ্রনাথের বিভিন্ন বয়সের ২০টি ছবি এঁকে দিয়েছিলেন মেলার প্রদর্শনীর জন্য।মাটির কাজের জন্য মাটি আনতে হয় পদ্মা নদীর পাড় থেকে। এক ট্রাক মাটির জন্য গুনতে হয় এক হাজার ২০০ টাকা। মাটি পানি দিয়ে ভালোমতো ছেনে তৈরি করে নিতে হয়। সরা বানানোর জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম করতে হয়। পরিমাণমতো মাটি গোলাকার করে পিটিয়ে সরার আকৃতি করতে হয়। তারপর একধরনের ছাঁচে ফেলে সেটি সরার আকৃতির করতে হয়। এরপর কয়েক দিন রোদে শুকিয়ে নিতে হয়। তারপর আগুনে পুড়িয়ে পাকা বানানোর পর রঙতুলির আঁচড় দিয়ে ফুটিয়ে তুলতে হয় বিভিন্ন দৃশ্যাবলি। এভাবেই বিক্রির উপযোগী হয় সরাগুলো। সব প্রক্রিয়া সম্পন্ন হতে দেড় থেকে দুই মাস সময় লাগে। এত পরিশ্রমের একটি সরা বিক্রি করতে হয় মাত্র ২৫ থেকে ৩০ টাকায়।মনোরঞ্জন পালের ভাষায়, ‘পরিশ্রম হিসেবে পয়সা কিছুই মেলে না। কিন্তু তার পরও করি। পৈতৃক পেশা। সাথে সাথে আমাদের দেশের একটা ঐতিহ্যও। আমরা কুমোর, মাটির কাজ করি, এটাই আমার গর্ব।’সংসার কেমন চলে, জানতে চাইলে মনোরঞ্জন পাল বলেন, ‘ভদ্র ভাষায় বলা যায়, টানাটানির সংসার, টাকা-পয়সা নাই। ঘরে খাবার না থাকলে কাউরে বলার উপায় নাই।’হতাশার কথা বলেন মনোরঞ্জন পাল। মাটির বাসনপত্রের আর আগের মতো কদর নেই। এর ওপর আর সংসার চলে না। অ্যালুমিনিয়ামের বাসনপত্র বাজারে আসতে শুরু করায় এর কদর কমে যাচ্ছে।ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক), বৈশাখী নাট্যগোষ্ঠী মনোরঞ্জন পালকে সংবর্ধনা দিয়েছে। সনাকের উদ্যোগে গত মার্চে ফরিদপুরে রবীন্দ্র মেলায় সরার ওপরে রবীন্দ্রনাথের আঁকা ছবি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।ফরিদপুর সনাকের আহ্বায়ক আলতাফ হোসেন বলেন, মনোরঞ্জন পূজাভিত্তিক সরা নির্মাণ করেন। তবে বাংলার নিসর্গ, কবিতার বিখ্যাত পঙিতমালাসহ বিভিন্ন ধরনের বিষয় দিয়ে সরাগুলো সাজানো যায়। তাতে সর্বজনীনতা পাবে এবং বিক্রি বাড়বে। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণ ও আর্থিক সাহায্য দিয়ে এ শিল্পকে বাঁচিয়ে রাখতে পদক্ষেপ নেওয়া যায়। বিদেশে মাটির এসব সামগ্রীর কদর বাড়বে, বাজার বাড়বে, ঘুচবে মনোরঞ্জন পালের মতো নিবেদিত প্রাণভোমরাদের আর্থিক দৈন্য।