লক্ষ্য অর্জনে নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান হাসিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনে নিষ্ঠার সঙ্গে অঙ্গীকার বাস্তবায়নের জন্য উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্ধারিত সময় ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনে বাংলাদেশের জন্য প্রতিবছর ৪৪০ কোটি ডলার প্রয়োজন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে গতকাল সোমবার নিউইয়র্কে শুরু হয়েছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক জাতিসংঘ শীর্ষ সম্মেলন। প্রায় ১৪০টি দেশের সরকারপ্রধানেরা এতে অংশ নিচ্ছেন। গতকাল স্থানীয় সময় সকাল নয়টায় জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব বান কি মুন তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন। খবর ইউএনবি ও বাসসের।নির্ধারিত সময়ের মধ্যে এমডিজি অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, তহবিলের কারণে এই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা থেকেই যাচ্ছে। দাতা দেশগুলো তাদের অঙ্গীকার বাস্তবায়ন করলে এটা দ্রুত অর্জন করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী এমডিজিসহ সব আন্তর্জাতিক উন্নয়নে একসঙ্গে কাজ করার জন্য জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এটা প্রয়োজন।’ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ও জাতিসংঘের ডেভেলপমেন্ট গ্রুপের প্রধান হেলেন ক্লার্কের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও জ্বালানি সংকটের কারণে এমডিজি অর্জনের গতি ব্যাহত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওই লক্ষ্যে পৌঁছাতে হলে গতি অনেক বাড়াতে হবে। তিনি এমডিজিকে দারিদ্র্য দূরীকরণের ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেন।এ সময় প্রধানমন্ত্রী ‘এমডিজি নিডস, অ্যাসেসমেন্ট, অ্যান্ড কস্টিং ফর বাংলাদেশ’ শীর্ষক একটি প্রতিবেদনও উপস্থাপন করেন। এতে ২০১৫ সালের মধ্যে এমডিজি অর্জনে বাংলাদেশের দুই হাজার ২১০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বলে উল্লেখ করেন। ২০০৯ সাল পর্যন্ত মাত্র পাঁচটি দেশ এমডিজি অর্জনে সক্ষম হয়েছে। দেশগুলো হলো সুইডেন, ডেনমার্ক, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড ও নরওয়ে।উদ্বোধনী অধিবেশনে বান কি মুন বিশ্বনেতাদের প্রতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত আবাস গড়ে তুলতে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জ্ঞান ও সম্পদ আমাদের এ বিশ্বের রয়েছে।’জাতিসংঘের কর্মকর্তারা জানান, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশসহ কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তবে এই অগ্রগতি আশাব্যঞ্জক নয় এবং বেশ কয়েকটি লক্ষ্য অর্জনে বহু দেশ ব্যর্থ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।২০০০ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের এক সম্মেলনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে যে আট দফার ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল, তা অর্জনের অগ্রগতি পর্যালোচনার জন্য বিশ্বের ১৪০টি দেশের সরকারপ্রধানেরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন।জাতিসংঘের কর্মকর্তারা জানান, ২২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই সম্মেলন শেষ হওয়ার আগে বিশ্বনেতারা একটি কর্মপরিকল্পনা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।