স্বাধীনতার চার দশকের দ্বারপ্রান্তে আমরা। মনে পড়ে সেই অগ্নিঝরা দিনগুলোর কথা—সেই সংগ্রাম, সেই স্বপ্ন, বিজয় দিবসের সেই সূর্যোদয়। দেশের শ্রেষ্ঠ সন্তানেরা স্বপ্ন দেখেছিলেন, মানুষ প্রত্যাশায় বুক বেঁধেছিল—এত আত্মত্যাগ, এত রক্তদান বৃথা যাবে না, প্রতিষ্ঠিত হবে সোনার বাংলা। সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য নিশ্চিত হবে; ঘরে ঘরে জ্বলবে শিক্ষার আলো, বঞ্চনা আর বৈষম্যের বেড়াজাল থেকে মুক্তি পাবে আপামর জনগোষ্ঠী।চার দশক পর সেই খতিয়ান, সেই আত্মজিজ্ঞাসার স্থান থেকে মনে হচ্ছে, সবার জন্য শিক্ষার লক্ষ্য অর্জনে হয়তো কিছু সাফল্য আছে, কিন্তু পথচলা এখনো অনেক বাকি। শিক্ষার গুণগত মানই শুধু নয়, ঢালাও বাণিজ্যিকীকরণ আর ক্রমবর্ধমান বৈষম্য শিক্ষাকে নিয়ে যাচ্ছে এমন একটি জায়গায়, যেখানে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী হয়ে উঠছে অসহায়। সীমাহীন কোচিং-বাণিজ্য, মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত দুর্বলতা, শিক্ষকদের বহুবিধ সমস্যা, শ্রেণীকক্ষে শিখন-শিক্ষণ প্রক্রিয়ার দুর্বলতা, শিক্ষা প্রশাসনের বহুমুখী অন্তরায়, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকে শিক্ষার্থীবান্ধব, যুগোপযোগী চিন্তা-চেতনার অভাব ইত্যাদি অসংখ্য সমস্যার বেড়াজালে আবদ্ধ হয়ে আছে আমাদের শিক্ষাব্যবস্থা। তবে অবিশ্বাস্য হলেও সত্য, এ দেশের মানুষ দারিদ্র্যকে প্রতিনিয়ত আলিঙ্গন করলেও শিক্ষার চাহিদাকে তারা ঠিকই মেনে নিয়েছে। শিক্ষাব্যবস্থার অনেক ত্রুটি থাকা সত্ত্বেও শিক্ষার প্রথম স্তর প্রাথমিক শিক্ষায় ভর্তি করছে সন্তানদের। বাবা-মা-অভিভাবকদের অদম্য স্পৃহার সঙ্গে যুক্ত হয়েছে নীতিনির্ধারকদের রাজনৈতিক অঙ্গীকার, সরকারের সহায়ক নীতিমালা। ৯০ শতাংশেরও অধিক শিশু আসছে প্রাথমিক বা সমমানের বিদ্যালয়গুলোতে—উন্নয়নশীল একটি দেশে এ এক অভাবিত অর্জন। অবিরাম জীবনসংগ্রামী এই বাংলার গণমানুষ এভাবে কত অসম্ভবকেই না সম্ভব করেছে। তথাকথিত দরিদ্র, নিরক্ষর মানুষের এই দেশে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় অর্জিত হয়েছে ছেলেমেয়ের সমতা; মূলধারার প্রাথমিক শিক্ষায়তনে শিক্ষকদের ক্ষেত্রেও এসে গেছে নারী-পুরুষের সমান হার। স্বাধীনতার স্বপ্নদ্রষ্টারা এমন একটি স্বপ্নই তো দেখেছিলেন—জ্ঞানের রাজ্যে নারী-পুরুষ, ধনী-দরিদ্রনির্বিশেষে সবার বিচরণ হবে সুনিশ্চিত।বিগত চার দশকে এ দেশের মানুষ কতবার কতভাবে বিপর্যস্ত হয়েছে, তা শুধু ইতিহাসের নথি নয়, পরিসংখ্যানেরও বিষয়বস্তু হয়ে আছে। ভয়াবহ ঘূর্ণিঝড়, প্রচণ্ড জলোচ্ছ্বাস, ভয়ানক বন্যা-খরা-মঙ্গা একদিকে অগণিত মানুষকে করেছে সর্বস্বান্ত, অন্যদিকে সামরিক শাসন আর শোষণের জাঁতাকলে তারা বারবার হয়েছে পিষ্ট। সাম্প্রতিককালে এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় মৌলবাদ—ধর্মভীরু, সরলপ্রাণ মানুষের কোমল অনুভূতি নিয়ে একশ্রেণীর ধর্ম ব্যবসায়ীর ছিনিমিনি খেলা। কিন্তু এত বিপর্যয়, এত ঝড়ঝঞ্ঝার মধ্যেও কখনো থেমে যায়নি এ দেশের মানুষের জীবন ও জীবিকার সংগ্রাম, জ্ঞানের আলোর সন্ধানে অবিরাম পথচলা। এর নিদর্শন আজ সর্বত্র দৃশ্যমান। ঢাকা নগরের সুরম্য অট্টালিকার পেছনে গড়ে ওঠা বস্তির উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষাকেন্দ্রে শিশু-কিশোরদের কলকাকলিতে মুখরিত শিক্ষায়তন, গ্রামের মেঠোপথে বইপুস্তক বুকে জড়িয়ে একঝাঁক কিশোরীর দ্রুত পদে স্কুলমুখে যাত্রা অথবা উপকূলের কোনো এক প্রত্যন্ত গ্রামে সাঁকো পেরিয়ে দূরের হাইস্কুলে সকাল-সন্ধ্যা কিশোর-কিশোরীদের যাতায়াতের দৃশ্য, কিংবা মহানগরের ভয়াবহ যানজটে আটকে পড়া কোনো এক স্কুলের তিন চাকার খাঁচাসদৃশ ভ্যানে গরমে-ক্লান্তিতে হাঁসফাঁস করা শিশুর দল—এসবই তো আজ আমাদের জীবনের প্রাত্যহিক চিত্র। নিত্যদিনের এই দৃশ্যই শুধু নয়, পরিসংখ্যানও বলছে, আমাদের জনমানুষের মনে শিক্ষার চাহিদা নিয়ে কোনো গলদ নেই, গলদ আছে অন্যত্র—শিক্ষার নিরবচ্ছিন্ন, যথাযথ সরবরাহে, গুণগত মানে।বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী চার দশক আগে (১৯৭০) প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল ৩০ হাজারের কম, এখন তা বেড়ে হয়েছে ৮২ হাজারেরও বেশি, ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে প্রায় চার গুণ। অভাবিত পরিবর্তন এসেছে নারীশিক্ষকের সংখ্যায়। ১৯৭০ সালে মূলধারার প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তিন শতাংশেরও কম নারীশিক্ষকের স্থানে এখন আছেন প্রায় ৪৮ শতাংশ। স্কুলে ভর্তি হওয়া ছেলেমেয়ের সংখ্যা সমান সমান।ইতিবাচক পরিবর্তন মাধ্যমিক স্তরেও দৃশ্যমান। ১৯৭০ সালের তুলনায় স্কুলের সংখ্যা বেড়েছে চার গুণেরও বেশি, তবে এর সিংহভাগই হচ্ছে বেসরকারি। সরকারি মাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে মাত্র দ্বিগুণ হয়েছে। নারীশিক্ষকের হার ৭ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২৩ দশমিক ২৫ শতাংশ। তবে অভাবনীয় পরিবর্তন এসেছে ছাত্রীসংখ্যার ক্ষেত্রে—মাধ্যমিক স্তরে বর্তমানে অর্ধেকেরও কিছু বেশি হচ্ছে মেয়েশিক্ষার্থী। নারীর সমঅধিকার অর্জনের অগ্রযাত্রায় এই একটি সোপান অতিক্রম সহজতর হলেও মসৃণ হয়নি এরপরের পথচলা। ‘এডুকেশন ওয়াচ’ গবেষণার মাঠজরিপ থেকে জানা যায়, ষষ্ঠ শ্রেণীতে ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ শতাংশ হারে যতখানি বেশি, দশম শ্রেণী সমাপ্ত করার আগে তারা ঝরে যায় ঠিক তত হারে। অংশগ্রহণের এই হার কমতে কমতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গিয়ে এক-চতুর্থাংশ হয়ে যায়। অবশ্য চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্য ইত্যাদি ক্ষেত্রে প্রধানত সুবিধাভোগী জনগোষ্ঠীর মেয়েদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। তবে শিক্ষার সব ধারায়, সর্বস্তরে ঝরে পড়ার প্রবণতা আমাদের সমগ্র শিক্ষাব্যবস্থার একটি হতাশাব্যঞ্জক চিত্র। সরকারি-বেসরকারি তথ্য-উপাত্ত থেকে মোটা দাগে এটা আজ প্রতীয়মান হয়ে উঠেছে, প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া ১০০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জনও উচ্চশিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে না। যাঁরা কোনোক্রমে বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ মাড়াতে পারেন, তাঁদের জন্য অপেক্ষা করে এক অবিশ্বাস্য জগৎ। তথাকথিত ছাত্রনেতাদের নিজ নিজ দল অথবা দলের ভেতরে উপদলের ওপর আধিপত্য বিস্তারের অসুস্থ প্রতিযোগিতা, সিট-বাণিজ্য, মাদক আর অস্ত্রের দাপটে জিম্মি হয়ে থাকে অধিকাংশ শিক্ষার্থী। উচ্চশিক্ষার সার্বিক পরিবেশ হয়ে ওঠে নেতিবাচক। নীতিনির্ধারণী মহলও আজ এসব রূঢ় বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন। তাই শুরু হয়েছে বহুমুখী চিন্তা-ভাবনা, গৃহীত হয়েছে শিক্ষানীতি-২০১০, দিনবদলের সনদের সঙ্গে সমন্বিত করে তৈরি হচ্ছে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, প্রাথমিক শিক্ষার সামগ্রিক উন্নয়নে প্রণীত হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-২-এর পরবর্তী পর্যায়। ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলে আনার লক্ষ্যে বহুমুখী কর্মসূচি আসছে, ঝরে পড়া রোধে নেওয়া হয়েছে অনেক কার্যক্রম। অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ, যথাযথ শিক্ষক প্রশিক্ষণ, শ্রেণীকক্ষে উন্নততর শিখন-শেখানো প্রক্রিয়া চালু, শিক্ষাক্রম পর্যালোচনা, পাঠ্যপুস্তকের পরিমার্জন, শিক্ষা প্রশাসনকে সুবিন্যস্তকরণ, শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে অধিকতর বিনিয়োগ—এসবই আছে সরকারি পরিকল্পনায়, মন্ত্রণালয় ও দপ্তরগুলোর নথিপত্রে, মাঠপর্যায়ের কার্যক্রমে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ও ভূমিকা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি অভিন্ন নীতিমালায় আনার লক্ষ্যে আইন প্রণীত হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মকাণ্ডের আওতায় সুবিধাবঞ্চিত এলাকা ও জনগোষ্ঠীর জন্য বিশেষ বিশেষ কার্যক্রমও চলছে।কিন্তু এত কিছুর পরও কেন এখনো প্রতিষ্ঠিত হচ্ছে না সব মানবসন্তানের শিক্ষার অধিকার? রাজনৈতিক অঙ্গীকারের ঘাটতি তো নেই, তাহলে শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ গত দুই দশকেও কেন বাড়েনি, কেন ঘুরপাক খাচ্ছে দুই থেকে আড়াই শতাংশ জিডিপির কোঠায়? দক্ষিণ এশিয়ার আরেকটি স্বল্পোন্নত দেশ নেপালও এ ক্ষেত্রে এগিয়ে আছে। আমরা কেন পারছি না? ক্রমাগত সমৃদ্ধির পথে ধাবমান ভারতের সঙ্গে তো তুলনাই হয় না। সে দেশের শিক্ষকদের মর্যাদা, বেতন-ভাতার পরিসংখ্যান দিতে গেলে নিজেদের দৈন্যই প্রকট হয়ে উঠবে। তবে ভারতের সঙ্গে আরও একটি পার্থক্য অত্যন্ত সুস্পষ্ট। গত চার দশকে বিশ্বায়নের প্রবল গ্রাসে সব নাগরিকের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার দায়িত্ব থেকে বেশির ভাগ রাষ্ট্র যেভাবে পিছু হটেছে, বেসরকারি উদ্যোগ উৎসাহিত করার নামে যেভাবে স্থান করে দেওয়া হয়েছে ঢালাও বাণিজ্যকে, তাতে নারী-পুরুষ, ধনী-দরিদ্রনির্বিশেষে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা ক্রমাগত সুদূরপরাহত হয়ে উঠছে। ভারত এখন চেষ্টা করছে সমাজের সর্বস্তরে বিরাজমান বৈষম্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে—এই লক্ষ্যে প্রণীত হয়েছে ‘রাইট টু এডুকেশন অ্যাক্ট’। সব ধরনের সরকারি-বেসরকারি অথবা বাণিজ্যিকভাবে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ শতাংশ সিট সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ রাখা আবশ্যকীয় করা হয়েছে। বিশ্বায়নের দ্বারা প্রভাবিত এবং শ্রেণীকাঠামোবদ্ধ একটি সমাজে এ ধরনের জনকল্যাণমুখী পদক্ষেপ বাস্তবায়ন সহজ নয়—তবুও প্রয়াস চলছে ভারতজুড়ে। গণতান্ত্রিক সরকার পরিচালনায় দীর্ঘ ঐতিহ্য ও সুদৃঢ় রাজনৈতিক অঙ্গীকারের সঙ্গে সেখানে যুক্ত হয়েছে স্থানীয় সরকারব্যবস্থার সাফল্য। আমাদের রাজনৈতিক নেতৃত্ব বদল হয়েছে বারবার, আদর্শিক অবস্থান থেকে তাঁদের মধ্যে দূরত্ব সর্বদা দৃশ্যমান কিন্তু ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রশ্নে তাঁদের মতৈক্য দিবালোকের মতো স্পষ্ট! শিক্ষার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ফলে ক্রমাগত কেন্দ্রীভূত হয়েছে শিক্ষার নীতিনির্ধারণী ক্ষেত্রগুলো, যেখানে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও অংশগ্রহণ এনে দিতে পারত অনেক সাফল্য। এর একটি জাজ্বল্যমান উদাহরণ হচ্ছে ইতিপূর্বে বাস্তবায়িত সরকারের নিরক্ষরতা দূরীকরণ (টিএলএম) কর্মসূচি। বাস্তবায়ন-কাঠামোর দুর্বলতা ও প্রশাসনিক কাঠামোর ওপর অতিনির্ভরশীলতার কারণে কোটি কোটি টাকা বিনিয়োগ করেও সার্বিক সাক্ষরতা আন্দোলনের মতো কর্মসূচির কাঙ্ক্ষিত ফল আসেনি। সরকারের পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক তথ্য অনুযায়ী এ দেশের অর্ধেক জনগোষ্ঠী, যার অধিকাংশই নারী, এখনো শিক্ষার আলো থেকে বঞ্চিত।অন্যদিকে আলোর প্রত্যাশায় যারা প্রাথমিক স্তরে প্রবেশ করছে এবং নানা প্রতিকূলতার মধ্যেও প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করছে, তাদের এক-তৃতীয়াংশই কোনো দক্ষতা অর্জন করছে না। এসব শিক্ষার্থী আর পড়ালেখা না করলে পাঁচ বছরের কোনো বিনিয়োগই তার কোনো কাজে লাগছে না অথবা পরবর্তী পর্যায়ে গেলেও তার পক্ষে শিক্ষা চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠছে। এ তথ্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ ইউনেসকো, ইউনিসেফ, বিশ্বব্যাংকের গবেষণায় প্রাপ্ত। শিক্ষার মানের এই অধোগতি সর্বস্তরে সব ধরনের শিক্ষায় দৃশ্যমান—প্রাথমিক, মাধ্যমিক, উচ্চশিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, প্রযুক্তি সর্বত্র। শিক্ষার দৈন্যদশা আরও লক্ষণীয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে, যাদের শিক্ষার মূল দায়িত্ব এখনো সমাজকল্যাণ মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়ের নয়! কেন আমরা প্রতিবন্ধীদের শিক্ষাকে চ্যারিটি হিসেবে বিবেচনা করছি, তা বোধগম্য নয়। এসব প্রতিকূল মনমানসিকতার সঙ্গে যুক্ত হয়েছে জটিল শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের বোঝা। এ বছরের শুরুতে প্রাথমিক স্তরে বিনা মূল্যের বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, ‘বইপত্রের এত ভার শিশুরা নেয় কী করে?’ তাঁরই পরামর্শে প্রাথমিক স্তরের বইপুস্তক পর্যালোচনার কাজ শুরু হয়েছে। বয়সোপযোগী, শিক্ষার্থীবান্ধব, যুগোপযোগী পাঠ্যপুস্তক এখন সময়ের দাবি।আমাদের স্বাধীনতাসংগ্রামের সব অর্জনই ম্লান হয়ে যাবে, যদি আমরা সব মানবসন্তানের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারি। কিন্তু মানসম্মত শিক্ষার জন্য চাই মানসম্মত শিক্ষক। সরকারের রাজনৈতিক অঙ্গীকারকে অভিবাদন জানিয়েছি, যখন দেখেছি সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ-প্রক্রিয়ায় কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করেনি। যদি কখনো এ ধরনের অন্যায়, অনৈতিক চাপের কাছে জনগণের বিপুল ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নতি স্বীকার করে, তাহলে যে দিনবদলের আশ্বাস দিয়ে ভোট অর্জন করা হয়েছিল, সেই আস্থা কি অবিচল থাকবে? আমাদের বিশাল জনগোষ্ঠী তথাকথিতভাবে ‘দরিদ্র, অক্ষরজ্ঞানহীন’ হতে পারে, কিন্তু হিসাব-নিকাশের পালা যখন আসে, তখন তারা কঠিন-কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। ‘সবার জন্য শিক্ষা’র লক্ষ্য অর্জনের যেকোনো কৌশল, যেকোনো আয়োজন, যেকোনো বিনিয়োগও এ দেশের মানুষ সেই তুলাদণ্ডেই বিচার করবে। আমরা কি সে জন্য প্রস্তুত?সরকারের রাজনৈতিক অঙ্গীকার নিয়ে সন্দেহ নেই। কিন্তু ‘সবার জন্য শিক্ষা’র দাবিকে আমরা এখনো সর্বদলীয় মতৈক্যের স্থানে নিয়ে যেতে পারিনি। এ দায় কার? আমাদের সুবিধাভোগী জনগোষ্ঠী, শিক্ষিত সমাজই বা এ ব্যাপারে কতটুকু সচেতন, কতখানি দায়িত্বশীল?সম্প্রতি সরকারেরই উদ্যোগে প্রথমবারের মতো মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে এ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে মতৈক্যে পৌঁছানোর লক্ষ্যে পাবলিক-প্রাইভেট প্রতিষ্ঠানগুলো একসঙ্গে বৈঠক করেছে। সেখানে একপর্যায়ে ঢাকা নগরের একটি সুপ্রতিষ্ঠিত প্রাইভেট মেডিকেল কলেজের অধ্যক্ষ জোরালোভাবে প্রশ্ন তুললেন, ‘আপনারা যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য ২০ শতাংশ সিট রাখার বাধ্যবাধকতা দিচ্ছেন, এটার ফলাফল ভেবে দেখেছেন? আমার কলেজে যারা পড়তে আসে, তারা তো পাজেরো জিপে এসে নামে; তাদের সঙ্গে ছেঁড়া শার্ট-প্যান্ট পরা ছেলেপেলেদের বসতে দেব কী করে?’ ওই সভার এই ঘটনাটি সত্য। আমাদের তথাকথিত শিক্ষিত সমাজের এক ধরনের দেউলিয়াপনার রূঢ় চিত্র। শিক্ষা মানুষ গড়ার হাতিয়ার—সেই শিক্ষা যেন এমন মানুষ তৈরি না করে, যা তাকে যেকোনো মানবসন্তানকে অবদমিত রাখার অথবা তার অধিকার হরণের পথ দেখায়। সবার জন্য মানসম্মত শিক্ষা চাই, আলোকিত মানুষ গড়ার শিক্ষা চাই—স্বাধীনতার চার দশক পূর্তিতে এই হোক আমাদের অঙ্গীকার। রাশেদা কে. চৌধুরী: নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা