লক্ষ্য যখন এভারেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ অজানাকে জানতে চায়। রোমাঞ্চকর জীবনের প্রতি রয়েছে তাদের বেশুমার আকর্ষণ। নতুন নতুন অভিযানে গিয়ে জীবন বিপন্ন হলেও যেন নেই কোনো ক্ষতি। এরই জের ধরে কিছু কিছু দুঃসাহসী মানুষ জয় করেছেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া। জয় করার এই নেশায় প্রাণ হারিয়েছেন অনেকেই, কিন্তু যাঁরা সফল হতে পেরেছেন, তাঁরা তৈরি করেছেন ইতিহাস। এভারেস্টে ওঠার প্রথম সফল অভিযান হয় ১৯৫৩ সালে। এডমন্ড হিলারি আর তেনজিং নোরগে প্রমাণ করেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। ভৌগোলিক দিক থেকে সর্বোচ্চ এই চূড়াটি আমাদের খুব কাছে। তার পরও এভারেস্ট জয় করতে বাংলাদেশের মানুষ হিসেবে আমাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ একটা সময়। সমতল ভূমির মানুষ বলেই হয়তো পাহাড়ের চূড়ায় আরোহণ করার ব্যাপারে ছিল কিছুটা অনীহা। এ কাজটাও খুব কঠিন। প্রয়োজন শারীরিক সক্ষমতা, পাহাড়ে ওঠার যন্ত্রপাতি ও পোশাক। অভিযানে কঠোর অনুশীলনের পাশাপাশি একটা বড় অঙ্কের অর্থও ব্যয় করতে হয়। এসব বাধার কথা জেনেও বছর দশেক আগে কিছু তরুণ এভারেস্ট জয় করার লক্ষ্যে কাজ শুরু করে। অনুশীলনের জন্য বেছে নেয় স্বল্প উচ্চতার কিছু পাহাড়। মুসা ইব্রাহীমের কথা আমি জানতে পারি তিন বছর আগে। অন্নপূর্ণা-৪ জয় করার পরই ও চলে আসে পাদপ্রদীপের আলোয়। ছেলেটা এখানেই থেমে থাকেনি। ওর লক্ষ্য ছিল এভারেস্ট জয় করা। আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও দমে যায়নি সে। প্রতিকূলতার ভেতর দিয়েও স্ত্রী-সন্তানকে দেশে রেখে যাত্রা করেছে নেপালের উদ্দেশে। কয়েকবার প্রাণ হারাতে বসেছিল মুসা। ছিদ্র হয়ে গিয়েছিল অক্সিজেনের পাইপ। এসবের পরও সাহস না হারিয়ে ফিরেছে সফল হয়ে। তৈরি করেছে নতুন এক ইতিহাস। ২০১০ সালের ২৩ মে অর্জন করেছে বাংলাদেশ থেকে এভারেস্ট জয় করা প্রথম ব্যক্তির সম্মান। শত বছর পরও মুসা ইব্রাহীমকে মনে রাখবে এ দেশের মানুষ। জাতি হিসেবে এই সর্বোচ্চ চূড়া জয় আমাদের জন্য বিরাট এক অর্জন।লক্ষ্যে অবিচল থাকলে যেকোনো কাজেই সফলতা আসবে। দুঃসাহসী তরুণরাই বিভিন্ন শাখায় কাজ করে বদলে দিতে পারে বাংলাদেশের পুরো চেহারা, সুদৃঢ় করতে পারে বিশ্বমানচিত্রে এ দেশের শক্তিশালী অবস্থান। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদলে দেওয়ার এ কাজটা যে এর মধ্যেই শুরু হয়ে গেছে, তা মুসা ইব্রাহীমদের মতো তরুণদের বিজয় দেখেই বোঝা যায়।জামিলুর রেজা চৌধুরী: প্রকৌশলী ও সাবেক উপাচার্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়