লক্ষ্যভেদের নেশায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন। একবার ছোট্ট মেয়েটা বেড়াতে গেছে ফুফুর বাড়ি। কাকের বাচ্চা ধরতে গিয়ে বিপত্তি। এক ঝাঁক কাক বাচ্চা উদ্ধারে আক্রমণ করে বসল। গাছের ডাল ভেঙে মাথার ওপর ঘুরাতে ঘুরাতে পরিস্থিতি সামাল দেওয়া। ওইটুকুন বয়সে এমন প্রত্যুৎপন্নমতিত্ব! পরিণত বয়সে বহু দূরই যাওয়ার কথা।ভুল আভাস মেলেনি। বহু দূরই এসেছেন শারমিন আক্তার (রত্না)। শারমিনই এখন বাংলাদেশের শ্যুটিংয়ের মুখ, বড় বিজ্ঞাপন। ক্রিকেট আগ্রাসনের এই সময়ে একক খেলায় নারী ক্রীড়বিদদের মধ্যে সবচেয়ে অগ্রণী, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলের অভিজাত সরণিতে ঢুকে পড়েছেন বেশ আগেই। সেটিরই স্বীকৃতি পেলেন গ্রামীণফোন-প্রথম আলো ২০১০ বর্ষসেরা রানারআপ পুরস্কারে। অলিম্পিকের প্রস্তুতি নিতে লন্ডনে থাকায় এই অনুষ্ঠানে ছিলেন না শারমিন। ছিলেন তাঁর অন্তরঙ্গ পৃথিবীর তিন সদস্য—বাবা রফিকুল ইসলাম, মা আঞ্জুমান আরা ও স্বামী মোহাইমেনুল কওনাইন। কিন্তু লন্ডনের বিসলে শ্যুটিং রেঞ্জে শারমিনের কেটেছে উদ্বিগ্ন সময়ই। পুরস্কার অনুষ্ঠান শুরুর দিকেই বাবাকে ফোন, ‘কী অবস্থা বাবা? আমি পুরস্কার পেয়েছি?’ বাবার উত্তর, ‘২০০৯ সালেরটা ঘোষণা চলছে। ২০১০টা দেখি।’ সেই দেখায় থাকল মুগ্ধতা। গর্বিত বাবা মেয়ের কীর্তির স্বীকৃতি হাতে নিলেন মঞ্চে গিয়ে। তবে এই দিনের আনন্দের মধ্যেও শারমিন খানিকটা অতৃপ্ত, ‘আমি থাকলে খুব ভালো লাগত।’ বাবার কাছে জানতে চেয়েছেন, ‘তোমরা কেমন মজা করেছ?’ বাবা বলেছেন, ‘আমরা অনেক মজা করেছি। তবে তুই না থাকায় একটা শূন্যতা রয়েই গেছে।’ তা শুনে মন খারাপ করলেও পুরস্কারপ্রাপ্তির তরঙ্গ পরে টেলিফোনে ঠিকই ঝিলিক দিয়ে গেছে মাগুরার মেয়ের মনে, ‘আমি অনেক খুশি। অনেক...অনেক...।’ শারমিন-ফুল চূড়ান্ত প্রস্ফুটিত হয় ২০১০ সালে। এসএ গেমসে দশ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত ও দলীয় সোনা জয় করে দিয়েছেন এগিয়ে চলার বিবৃতি। এরপর সাদিয়া সুলতানাকে নিয়ে দিল্লিতে সোনা জিতেছেন কমনওয়েলথ শ্যুটিংয়ে। একসময় যেটি জিতেছেন সাবরিনা সুলতানা। তবে স্বদেশি সবাইকে ছাপিয়ে দশ মিটার এয়ার রাইফেলে ৪০০তে ৩৯৮ অনেক আগেই ছুঁয়েছেন শারমিন। ৪০০ করার চ্যালেঞ্জটাও নিয়েছেন। শ্যুটিং-সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনও আশা, অলিম্পিকে চমক দিতে পারেন শারমিন। রূপকথা লেখার ক্ষমতা তাঁর আছে। প্রয়োজন শুধু ধারাবাহিকতা এবং স্নায়ুচাপকে জয় করা। এসএসসি পাসের পরপরই শারমিনের বিয়ের পিঁড়িতে বসা, সংসার, কিছুই তাঁকে দমাতে পারেনি। অভিবাদন মোহাইমেনুলকে, স্ত্রী-বিরহেও তাঁর কোনো ক্ষোভ নেই। বরং শারমিনকে তৈরির পেছনে ভূমিকা রাখছেন ঝিনাইদহের ছেলে। যশোর এমএম কলেজে সমাজবিজ্ঞানে মাস্টার্স শেষ বর্ষে পড়ুয়া তরুণ বলছেন, ‘ওর কাছে খেলাই এক নম্বর অগ্রাধিকার। আমি কিছুতে বাধা দিই না।’ কিন্তু বাধার প্রাচীর দুয়ারে ঠিকই দাঁড়িয়ে। বার-কয়েক কলেজ পাল্টিয়েও এইচএসসি পরীক্ষাটা দেওয়া যায়নি খেলার ব্যস্ততায়। এটা শারমিনের জীবনে বড় আত্মত্যাগই। তবু শ্যুটিংতন্ত্র সাধনের পথ থেকে সরেননি। নিজেই বলেন, ‘খেলা ছাড়া এক দিনও থাকতে পারি না।’ছোটবেলার সেই চটপটে, মাছ ধরায় পটু, লেবুগাছে উঠতে গিয়ে একবার পড়ে পা মচকানো মেয়েটির কাছে এখন সবই স্বপ্নময় লাগে। বীজটা বপন হয় অষ্টম শ্রেণীতে পড়ার সময় তাঁর স্কুলেই। তারপর আন্তক্লাব শ্যুটিং দিয়ে মঞ্চে আগমন। এখন লক্ষ্য তাঁর একটাই, ‘দেশের জন্য বড় কিছু করতে চাই।’ সে পথে চাই শ্যুটিং ফেডারেশন আর অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্নেহশীল হাত, এরই মধ্যে তা অনেকটা প্রসারিত হয়েছে। তবে আর্থিক সহায়তা আরও বাড়ানোর দরকার মনে করেন শারমিনের ঘনিষ্ঠজনেরা। ভাইবিহীন সংসারে চার বোনের মধ্যে শারমিন সবার বড়। আক্ষরিক অর্থেই বড়। লন্ডন থেকে প্রতিনিয়ত খোঁজ নেন সংসারের, বোনদের। নবম শ্রেণী পড়ুয়া সেজোবোন কংকা বলল, ‘আমাদের ও অনেক ভালোবাসে, না চাইতেই অনেক চাওয়া পূরণ করে।’সেনাবাহিনীতে চাকরির সুবাদে ফ্যান্টাসি কিংডমের পাশেই বাড়ি করেছেন বাবা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) রফিকুল ইসলাম। ধন্যি মেয়েকে নিয়ে আপ্লুত তিনি, ‘ছোটবেলায় ও ম্যাকগাইভার হতে চাইত। যা চাইত, তা-ই দিতে হতো। একদিন পাখি কেনার বায়না ধরে ছুটল পাখিওয়ালার পেছনে।’ এখন যেমন স্বপ্নের পেছনে ছুটছেন শারমিন! মাসুদ আলম