জাতীয় সংসদে ২০০৯-১০ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদেরা চলতি বছরের আয়-ব্যয়ের বাজেট উচ্চাভিলাষী ছিল না বলে মতপ্রকাশ করেছেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে আজ রোববার সাংসদেরা রাজস্ব আদায়ের সফলতার প্রশংসা করেন। আজও অধিবেশনে বিরোধী দল অনুপস্থিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত ছিলেন।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বলেন, অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করলে অনেকে উচ্চাভিলাষী বলেছিলেন। কিন্তু এক লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকার যে ব্যয় ধরা হয়েছিল, তার মধ্যে এক লাখ ১০ হাজার ৫২৩ কোটি টাকা ব্যয় হয়েছে। তিন হাজার ২৮৬ কোটি টাকা অব্যবহূত থেকেছে। তিনি বলেন, সাহস ও দক্ষতার সঙ্গে বর্তমান সরকার ও অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়ন করেছে। যেটুকু করতে পারেননি, তা বিগত সরকারের প্রশাসনের কারণে। এই প্রশাসনকে গতিশীল করা হয়েছে, কিন্তু এখনো কিছুটা বাকি আছে।মতিয়া চৌধুরী ১২টি মন্ত্রণালয় ও বিভাগ যে অতিরিক্ত ব্যয় করেছে, তা যৌক্তিক বলে উল্লেখ করেন। তিনি মন্ত্রণালয় ও বিভাগের অতিরিক্ত ব্যয়ের যৌক্তিকতাও তুলে ধরেন।কৃষিমন্ত্রী বলেন, বিগত সাত বছরে বিদ্যুতের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নিজে দায়িত্ব নিয়ে বিদ্যুতের জন্য নতুন নতুন পদক্ষেপ নিয়েছেন। তাতে যদি ভবিষ্যতে মামলা হয় হবে। প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে, আগে বিদ্যুতের সরবরাহ বৃদ্ধি করতে হবে। আর যারা ধমক দিচ্ছেন, তাদের ক্ষমতা থাকলে জনগণ যদি তাদের ক্ষমতা দেয়, তখন তা করবে।প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্যয় প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, অকৃপণভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্যয় করেছেন। তিনি সাধারণ সেনাবাহিনীর সদস্যদের জন্য মাছ-মাংসের ব্যবস্থা করেছেন। মতিয়া চৌধুরী বলেন, ‘যারা ক্ষমতায় আসতে সেনাবাহিনীকে ব্যবহার করেছে, তারা এই কাজ করেনি কিন্তু আমাদের প্রধানমন্ত্রী করেছেন।’বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার সংসদের বাইরে বাজেট উপস্থাপন বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানও সংসদের বাইরে বাজেট দিয়েছিলেন। বিরোধীদলীয় নেত্রী ওনার (জিয়াউর রহমান) কাছ থেকেই এটা পেয়েছেন।’ইসরাফিল আলম বলেন, চলতি বছরে বাজেট ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ শতাংশ। কিন্তু এই ঘাটতি কমিয়ে এনে অর্থমন্ত্রী ৪ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখতে সমর্থ হয়েছেন। এটা একটা বড় সাফল্য। তিনি বলেন, দায়বদ্ধতার সঙ্গে সরকার দেশের উন্নয়নে কাজ করেছে।এ বি এম গোলাম মোস্তফা বলেন, বাজেট উত্থাপনের সময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী বলা হলেও অর্থমন্ত্রী প্রমাণ করেছেন তা বাস্তবসম্মত। রাজস্ব আয় বেড়েছে। কর রাজস্ব ও করবহির্ভূত রাজস্ব আয় বেশি হবে।সাংসদ হাফিজউদ্দিন আহমেদ, হাসানুল হক ইনু, এম এ মান্নান সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নেন। সংসদ কাল সোমবার বেলা ১১টা পর্যন্ত মূলতবি করা হয়েছে।