লক্ষ্যমাত্রার বেশি তহবিল জোগাড় রমনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী মিট রমনি ও তাঁর দল গত মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি তহবিল জোগাড় করেছেন। গত জুনে রমনি শিবিরের জোগাড় করা অর্থের পরিমাণ দাঁড়ায় ১০ কোটি মার্কিন ডলার। এতে তহবিল সংগ্রহে প্রতিদ্বন্দ্বী ওবামা শিবিরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রমনি শিবির। আজ শুক্রবার বিবিসি অনলাইনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানানো হয়।তবে গত মাসের তহবিলের ওই হিসাবে মিট রমনির সমর্থনে কাজ করা নানা দল বা গোষ্ঠীর সংগৃহীত অর্থের হিসাব অন্তর্ভুক্ত হয়নি। বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর দল ডেমোক্রেটিক পার্টি জুনে তহবিল জোগাড়ের বিষয়ে এখনো কিছু বলেননি। গত মে মাসে রমনি তাঁর তহবিলে ওবামার চেয়ে এক কোটি ৭০ লাখ ডলার বেশি অর্থ জোগাড় করেন।নভেম্বরে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রচারাভিযানের অংশ হিসেবে ওহাইও অঙ্গরাজ্যের মধ্য দিয়ে ওবামা প্রথম বাস ভ্রমণ শুরু করেছেন। ওবামা তাঁর সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেন, এই প্রথমবারের মতো নির্বাচনী ব্যয়ে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে তাঁকে ছাড়িয়ে যেতে পারেন রমনি। রমনির প্রচার সহযোগীদের ভাষ্যমতে, জুনে সংগৃহীত তহবিলের বেশির ভাগ এসেছে নতুন দাতাদের কাছ থেকে। তাঁরা বলেন, মিশিগান, ওহাইও ও ভোটের যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত কলোরাডো থেকে সংগৃহীত অর্থ তাঁদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ওহাইওর শ্রমিক সাধারণের ভোটকে ওই অঞ্চলে জেতার অন্যতম চাবিকাঠি বলে ধরা হয়। এর মধ্যে ওহাইওর অর্থনীতি পুনরুদ্ধারে গাড়ি-শিল্প ফিরিয়ে আনার ব্যাপারে ওবামা ইতিবাচক অবস্থান নিয়েছেন। ওহাইওতে বেকারত্বের হার সাত দশমিক তিন শতাংশ। দেশটিতে বেকারত্বের হার আট দশমিক দুই শতাংশ। ইতিহাস বলছে, ওহাইওতে না জিতে কোনো রিপাবলিকান প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। তাই দুই শিবিরের কাছেই ওহাইও গুরুত্বপূর্ণ। কয়েক দিন আগে রমনির ব্যবসায়িক রেকর্ডের সমালোচনা করে ওবামা শিবির ওহাইওতে প্রচারণায় চালায়।