লক্ষ্যমাত্রায় বেঁধে রাখা গেল না মূল্যস্ফীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বার্ষিক গড় মূল্যস্ফীতির হার আর লক্ষ্যমাত্রার মধ্যে বেঁধে রাখা সম্ভব হলো না। সদ্য সমাপ্ত ২০১০-১১ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ জুন মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ১০ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। এর ফলে অর্থবছর শেষে বা জুন শেষে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার হয়েছে ৮ দশমিক ৭৮ শতাংশ। মে মাস শেষে এই হার ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ।গত অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার প্রথমে ৭ শতাংশের মধ্যে বেঁধে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। তবে বছরের শুরু থেকেই মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হতে থাকে। এ অবস্থায় বার্ষিক লক্ষ্যমাত্রার হার বাড়িয়ে সাড়ে ৭ শতাংশে উন্নীত করা হয়েছিল। অবশ্য পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। গত এপ্রিল ও মে মাসে এই হার ছিল যথাক্রমে ১০ দশমিক ৬৭ ও ১০ দশমিক ২০ শতাংশ। উচ্চ মূল্যস্ফীতি সরকারের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ প্রসঙ্গে বলেছেন, মূল্যস্ফীতিতে গ্রামীণ ও দরিদ্র জনগণের ওপর চাপ বেশি পড়ে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় তা দেশে উচ্চ মূল্যস্ফীতি উসকে দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসাবে, জুন মাসেও খাদ্যের মাসওয়ারি মূল্যস্ফীতির হার সামান্য কমে ১২ দশমিক ৫১ শতাংশ হয়েছে। গত মে ও এপ্রিল মাসে এই হার ছিল যথাক্রমে ১৩ দশমিক ১৬ শতাংশ ও ১৪ দশমিক ৩৬ শতাংশ। মূলত খাদ্য মূল্যস্ফীতির প্রভাবেই সামগ্রিক মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। তবে জুন মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে হয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ। মে ও এপ্রিল মাসে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৪ দশমিক ৭৮ শতাংশ ও ৩ দশমিক ৯৭ শতাংশ। মূল্যস্ফীতিকে বলা হয় অর্থনীতির নীরব ঘাতক। মূলত সীমিত আয়ের সাধারণ মানুষই উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি চাপের মধ্যে থাকে। বিদায়ী অর্থবছর এই চাপ কমাতে পারেনি। ফলে উচ্চ মূল্যস্ফীতির হার নিয়ে শেষ হয়েছে অর্থবছর ২০১০-১১।