লগি-বৈঠার হুকুম যারা দিয়েছিল, তারাই আসামি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, ‘রাষ্ট্রদ্রোহ মামলা করলে এ সরকারের বিরুদ্ধেই করা উচিত। আমার বিরুদ্ধে নয়। আমি যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য নয়, এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য, এ দেশকে রক্ষার জন্যে যুদ্ধ ঘোষণা করেছি। সরকার পরীক্ষামূলক ট্রানজিটের নামে স্থায়ী ট্রানজিট দিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে। ট্রানজিট দিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর কথা বললেও দেশটি সিকিম হয়ে যাচ্ছে।’আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে চারদলীয় ঐক্যজোটের জনসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এসব কথা বলেন।গতকাল বুধবার সংসদে সরকারদলীয় সাংসদেরা খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার প্রস্তাব করার পরিপ্রেক্ষিতে খালেদা এমন বক্তব্য মন্তব্য করেন।খালেদা জিয়া উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডব দেখেননি? এ তাণ্ডব কে করেছিল এবং এ হুকুম কে দিয়েছিল, এগুলোর রেকর্ড আছে। তাই মামলার ভয় বেশি দেখাবেন না। লগি-বৈঠার হুকুম যারা দিয়েছিল, তাদেরকেই জনগণ আসামি করবে আগামী দিনে।’খালেদা জিয়া আরও বলেন, এ সরকার দুর্নীতিবাজ সরকার। আর এ সরকারের যোগাযোগমন্ত্রী হচ্ছে দুর্নীতির শীর্ষে। আর এ সরকারের নির্বাচন কমিশনার সুস্থ মস্তকের মানুষ কি না, সে বিষয়টি পরিষ্কার হতে হবে। আর তাই এ সরকারের পতন ঘটাতে হবে আন্দোলন করে।খালেদা জিয়া বলেন, বাংলাদেশের মানুষ না চাইলে কোনো বিদেশি শক্তিই এ সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না। এ সরকার গত তিন বছরেই ১২ হাজার মানুষকে হত্যা করেছে। এর আগে ক্ষমতায় এসে ৪০ হাজার মানুষকে হত্যা করেছিল। আর সরকারি লোকজনের নেতৃত্বে নেত্রকোনার বিরিশিরিতে শতবর্ষী গাছকাটা হচ্ছে নির্বিচারে।তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ জামায়াতে ইসলামকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। সে সময় তো তারাই জাতীয় বেঈমান হয়েছিল। এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘সরকার ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দেওয়া সাড়ে সাত হাজার মামলা প্রত্যাহার করেছে। ফাঁসির আসামিকে মুক্তি দিয়েছে। অথচ আমাদের একটি মামলাও প্রত্যাহার করেনি।’ তিনি আবদুস সালাম পিন্টু, লুত্ফুজ্জামান বাবরসহ তাঁর দল ও জামায়াতে ইসলামীর আটক নেতাদের মুক্তির দাবি করেন।খালেদা জিয়া বলেন, গত তিন বছরেও এ সরকার ময়মনসিংহ অঞ্চলের কোনো উন্নয়ন করেনি। দল ক্ষমতায় গেলে ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ সিটি করপোরেশন ও আনন্দমোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা দেন।ময়মনসিংহ জেলা বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খেলাফত মজলিসের সভাপতি মো. ইসাহাক, বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ, এলডিপির সভাপতি কর্নেল অলি আহাম্মদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, মঈন খান, খন্দকার মোশারফ, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।