লঘু চাপের প্রভাবে বৃষ্টিপাত, ৩ নম্বর সংকেত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সমুদ্রবন্দরগুলো এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।লঘু চাপের প্রভাবে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টির ফলে চট্টগ্রামের বাদুরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, কাপাসগোলা, চকবাজার, চান্দগাঁও, হালিশহরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, লঘু চাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালাকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।