লঘুচাপের কারণে নিরাপদ অবস্থানে ট্রলার ও নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ও আশপাশের আকাশ ছিল মেঘলা। মাঝেমধ্যে কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। লঘুচাপের কারণে সাগর উত্তাল রয়েছে। তাই মাছ ধরার ট্রলার ও নৌযানগুলো কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট ও উপকূলের কাছাকাছি অবস্থান নিয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরে কর্তব্যরত আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা বলেন, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলো ঝোড়ো হাওয়ার সম্মুখীন হতে পারে। এ জন্য সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে।৩ নম্বর সংকেত বহাল রাখার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।গতকাল পতেঙ্গা ঘাট, সদরঘাট, মাঝিরঘাট ও ফিশারি ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, মাছ ধরার ট্রলার ও নৌযানগুলো গভীর সমুদ্র ছেড়ে নিরাপদ অবস্থানে আশ্রয় নিয়েছে। গভীর সমুদ্র থেকে ট্রলার নিয়ে ফিরে আসা মাঝি মোহাম্মদ খালেদ বলেন, ‘সাগরে প্রচণ্ড ঢেউ। রেডিওতে ৩ নম্বর সংকেত শুনে আমরা গত পরশু দিন গভীর সাগর থেকে রওনা দিই। সোমবার ঘাটে এসে পৌঁছেছি।’এদিকে বরগুনার নিজস্ব প্রতিবেদক জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বরগুনাসহ দক্ষিণ উপকূলে গতকাল মঙ্গলবারও প্রবল বৃষ্টিপাত হয়েছে। নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারের ফলে বরগুনা সদর, আমতলী ও কলাপাড়ার প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের বাসিন্দারা চার দিন ধরে পানিবন্দী হয়ে আছে।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা জানান, সাগর উত্তাল থাকায় বেশির ভাগ ট্রলার বরগুনা, পাথরঘাটা, তালতলী, কলাপাড়া, মহীপুরসহ উপকূলের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।গতকাল সকালে বরগুনার আমতলী উপজেলার চাউলাপাড়া, বাদুড়গাছা, কচুপাত্রা, হুলাটানা, বলইগাছিয়া গ্রাম ঘুরে দেখা গেছে, এসব গ্রামের প্রায় ১৫ হাজার পরিবার পানিবন্দী।