লঘুচাপের ফলে তিন নম্বর সতর্ক সংকেত, বরগুনার কয়েক গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগর ও তদসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ওই এলাকায় গভীর সঞ্চালনশীল বজ্রমেঘের সৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় বরগুনার পায়রা নদীতে জোয়ারের সময় পানি বেড়ে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। চট্টগ্রাম থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।আমাদের বরগুনা ও আমতলী (বরগুনা) প্রতিবেদক জানান, বঙ্গোপসাগর আজ উত্তাল রয়েছে। উপকূলজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় পায়রা নদীতে জোয়ারের সময় পানি বেড়েছে। এতে আমতলী উপজেলায় উপকূলবর্তী বগী, ফকিরহাট, জয়ালভাঙ্গা, সোনাকাটার নিম্নাঞ্চল এবং কড়ইবাড়িয়া, পচাকোরালিয়া, আরপাঙ্গাসিয়া ও গুলিশাখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে উপজেলার প্রায় ১০ হাজার হেক্টর ফসলি জমি প্লাবিত হয়েছে বলে উপজেলা কৃষি দপ্তর সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে।আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের বৈঠাকাটা গ্রামে গত শুক্রবার পানি উন্নয়ন বোর্ডের ৭৫০ মিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধে ১২টিরও বেশি ফাটল দেখা দিয়েছে। ফলে আমতলীর বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।আজ সোমবার আমতলীর করলবাড়িয়া পচাকোরালিয়া ও ধানখালীর ২২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া আমাদের বরগুনা প্রতিবেদক জানান, সদরের নলতোলা, বালিয়াতলী ও বদরখালী ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। বরগুনা জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতিকেন্দ্রের উপপরিচালক হাফিজউদ্দিন আহাম্মদ প্রথম আলোকে বলেন, বঙ্গোপসাগর উত্তাল হওয়ায় মংলা, চট্টগ্রাম বন্দর ও কক্সবাজারে গতকাল রোববার ঘোষিত তিন নম্বর সতর্ক সংকেত আজও বহাল আছে। আমতলী উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি দপ্তর জানিয়েছে, তিন নম্বর সতর্কতা সংকেত জারি হওয়ায় মাছ ধরার ট্রলার ও জেলে নৌকাগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তালতলী মত্স্যজীবী সমিতির সভাপতি দুলাল ফরাজী জানান, বিভিন্ন নিরাপদ আশ্রয়ে ৫০০ মাছ ধরার ট্রলার ও জেলে নৌকা নোঙর করে আছে।আজ আমতলীর ২২টি ও বরগুনার ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বরগুনায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমনের বীজতলায়। সেখানকার অনেক ফসল পচে নষ্ট হয়ে যাচ্ছে। গতকাল শনিবার সরজমিনে দেখা গেছে, বাঁধের বেশ কয়েক স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভাঙা বাঁধের যে অংশে জনগণ মাটি ফেলেছে তার অবস্থা নাজুক। যেকোনো মুহূর্তে পানির চাপে বাঁধটি ভেঙে গেলে উত্তর ঘটখালী, বেতমোর, গিলাতলা, বৈঠাঘাটা, দক্ষিণ বৈঠাঘাটা, কালীবাড়ীসহ ছয়টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় পাঁচ হাজার হেক্টর আমন ধানের খেত ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এসব গ্রামের ১৫ হাজার পরিবার উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।