লঙ্কানদের ক্রিকেটীয় পরিমিতিবোধ
শ্রীলঙ্কানদের ক্রিকেট প্রেমে আবেগ আছে, তবে উন্মত্ততা নেই। তারাও তীব্র জয়পিপাসু, তবে হারটাকে মেনে নিতে জানে। প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিশ্বকাপকে কাছ থেকে দেখে লিখেছেন আরিফুল ইসলামস্টেডিয়াম চত্বরে ঢোকার একটু আগে বিশাল তোরণ। কলম্বোর প্রেমাদাসায় যেমন, তেমনই ক্যান্ডির পাল্লেকেলেতেও। হাম্বানটোটায় যাওয়া হয়নি। তবে ওখানেও নাকি আছে। তোরণ যেমন বিশাল, তেমনই বড় বড় অক্ষরে লেখা ‘লেটস বিগিন দ্য সেলিব্রেশন।’ শ্রীলঙ্কানরা মনে হয় কথাটাকে একটু বেশিই সিরিয়াসলি নিয়েছিল। বিশ্বকাপ যে একটা উৎসব, এটা যে সেলিব্রেট করার মতো কিছু, সে তো বোঝা যেত কেবল ওই তোরণ দিয়ে স্টেডিয়াম চত্বরে ঢোকার পর। সেটাও শুধুই ম্যাচের দিন। অন্য দিনগুলোয় বা ওই স্টেডিয়াম চত্বরের বাইরে উৎসব কোথায়!উৎসব নেই। তাই বলে শ্রীলঙ্কা কিন্তু ১৯৯৯ সালের ইংল্যান্ড বা ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ নয়। ঢাকার মতো এতটা না হলেও শহরের মোড়ে মোড়ে কিংবা রাস্তার পাশে ক্রিকেটারদের বড় বড় কাট আউট, নানা রকম বিজ্ঞাপন, ব্যানার জানিয়ে দিচ্ছিল এটা বিশ্বকাপের দেশ। তবে সবচেয়ে ভালোভাবে জানা গেছে মানুষের সঙ্গে কথা বলে। বেশির ভাগ সময় অবশ্য নিজে থেকে কথা বলার প্রয়োজন হয়নি, গলায় ঝোলানো আইডি কার্ড দেখলে নিজে যেচে ক্রিকেট নিয়ে কথা বলতে এসেছেন অনেকে। টুকটুকওয়ালা (স্কুটারকে শ্রীলঙ্কায় বলা হয় টুকটুক), রাস্তার পাশের ছোট্ট দোকানি, হোটেল বয় থেকে শুরু করে যেকোনো শ্রেণীর মানুষ বিস্তারিত খোঁজখবর রাখেন ক্রিকেটের। এমনকি কেনিয়া-কানাডা ম্যাচের ফলাফল, স্কোর সব গড়গড়ে বলে দিচ্ছিলেন অনেকে। ক্রিকেটের প্রতি ভালোবাসার কমতি নেই একটুও। আছে নিজ দলের প্রতি আবেগও। তবে সময়মতো আবেগের সীমানায় তাঁরা বাঁধ দিতে জানেন। ভালোবাসলে যে অনেক সময় কষ্টও পেতে হয়, এই সত্য তাঁরা মানেন এবং ওই মুহূর্তের জন্য প্রস্তুত থাকেন।তবে সবচেয়ে বেশি অবাক হতে হয়েছে তাঁদের ‘বোধ’ দেখে। শুধু শিক্ষিত শ্রেণীর নয়, অর্ধশিক্ষিত, অল্পশিক্ষিত লোকদেরও বোধশক্তি অন্য রকম। ক্যান্ডির এক টুকটুকওয়ালার কথাগুলো এখনো স্পষ্ট মনে পড়ে। এমনিতে ওরা খুব মিশুক। টুকটুকে উঠলে মুহূর্তেই আলাপ জমিয়ে ফেলে। বাংলাদেশের লোক পরিচয় পাওয়ার পর ওই টুকটুকওয়ালা ভাঙা ভাঙা ইংরেজিতে বলেছিল, ‘তোমাদের কী ধারণা ছিল তোমরা বিশ্বচাম্পিয়ন হয়ে যাবে? বাস্তবতা বোঝা উচিত।’ হঠাৎ এই সাঁড়াশি আক্রমণে ধাতস্ত হওয়ার আগেই তাঁর মুখ থেকে শুনতে হলো, ‘কী করে তোমরা বাসে ঢিল ছুড়তে পারলে! আরে, খারাপ করেছে যে দলটা, সেই দলটাই তো আবার ভালো করে। হয়তো খুব বাজে করেছে, প্রত্যাশার চেয়ে অনেক অনেক খারাপ। খেলায় তো কতকিছুই হতে পারে। তাই বলে.....।’ শুনলে খুব বাড়াবাড়ি বা আরোপিত মনে হতে পারে। নিজের এমন অভিজ্ঞতা না হলে আসলে বিশ্বাস করাও কঠিন। কিন্তু ‘স্টোন থ্রোয়িং, নো গুড’, ‘থ্রোয়িং বাস, ভেরি ব্যাড’—বাংলাদেশের লোক পরিচয় পাওয়ার পর এসব কথা যে কত শুনতে হয়েছে!শ্রীলঙ্কার ম্যাচের দিন অবশ্য কিছুটা উৎসবের চেহারা পেয়েছে শহর। সব পথ যেন গিয়ে মিশেছে স্টেডিয়ামে। সকাল থেকেই লোকজন ভিড় করেছে। গ্যালারিতে নিজেদের মতো করেই উপভোগ করেছে। বাংলাদেশিদের মতো গলা ফাটানো চিৎকার, উদ্দাম নৃত্য আর প্রাণচাঞ্চল্য নেই। তবে সেই চিরায়ত ঢঙে বাদ্য-বাজনা বেজে চলেছে ম্যাচের পুরো সময়, তার সঙ্গে মাঝেমধ্যে নাচ। একটা জায়গায় অবশ্য শ্রীলঙ্কানরা আর দুই স্বাগতিক দেশকে অনায়াসেই টেক্কা দিয়েছে। পতাকা। একটু ঝুঁকি নিয়ে বলেই ফেলা যায়, গ্যালারিতে জাতীয় পতাকা শ্রীলঙ্কার মতো আর কোথাও দেখা যায়নি। সবচেয়ে ভালো লেগেছে প্রেমাদাসায়। এই স্টেডিয়ামের গ্যালারির সিটের রং নীল আর হলুদ। অর্ধেকের বেশি শ্রীলঙ্কান মাঠে আসেন জাতীয় দলের জার্সি গায়ে। সঙ্গে জাতীয় পতাকা। সব মিলেমিশে কেমন যেন একাকার হয়ে যায়। দূর থেকে মনে হয় নীল-হলুদের সমুদ্র। শ্রীলঙ্কায় বিশ্বকাপের হাওয়া নিশ্চিতভাবেই দীর্ঘস্থায়ী হয়েছে দলের পারফরম্যান্সের কারণে। মাঠে সবচেয়ে বেশি লোক হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের দিন। দেশের মাটিতে বিশ্বকাপের সেমিফাইনাল জয়, দেশের মাটিতে মুত্তিয়া মুরালিধরনের শেষ ম্যাচ—সব মিলিয়ে সেদিনের গ্যালারি যেন ছিল একটু বেশি উত্তাল। ব্যতিক্রমীভাবে সেদিন যেন একটু গর্জনও শোনা গেল গ্যালারি থেকে। তবে ভারত-পাকিস্তানের সমর্থকদের মতো বাঁধভাঙা আনন্দে ভেসে যাওয়া নয়। টানা দ্বিতীয় ফাইনালে ওঠার আনন্দে কলম্বোর রাস্তায় কোনো মিছিল-টিছিলও হয়নি। ফাইনালে হারের পর তাই কলম্বো শোকে মুহ্যমান হয়ে পড়েনি। দারুণ বোলিং করতে থাকা অজন্তা মেন্ডিসের জায়গায় হঠাৎ দলে ঢোকা সুরাজ রণদিভকে কেন খেলানো হলো, স্টাম্পিং মিস, মালিঙ্গাকে ঠিকভাবে কাজে না লাগানো—এমন অনেক প্রশ্ন উঠেছিল সাঙ্গাকারাকে নিয়ে। তবে সঙ্গে সঙ্গে সমালোচনাকারীরাই আবার যোগ করেছে, পুরো টুর্নামেন্টে দলটাকে দারুণ নেতৃত্ব দিয়েছেন সাঙ্গাকারা, নিজের পারফরম্যান্সও ছিল ভালো। অনেকের ভাষ্য, চ্যাম্পিয়ন হতে পারলে ভালো হতো, তবে রানার্স আপও কম কী?ক্রিকেট-আবেগে আমরা বিশ্বচ্যাম্পিয়ন নিঃসন্দেহে। তবে, মাঝেমধ্যে মনে হয়, এই জায়গাটায় আমরা ‘মাঝারি শক্তির’ হলে খারাপ হতো না। তাহলে অন্তত প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মেলাতে এবারের মতো এমন গন্ডগোল হতো না!