লজিং বাড়ির ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের নেশায় ঘর ছেড়েছেন। অন্যের বাড়িতে কাটিয়েছেন কৈশোর-যৌবন। পেছন ফিরে আজ গর্বিত রজনীকান্ত বর্মণ। লিখেছেন মাসুদ আলম‘ফুটবলের নেশায় বাড়ি ছেড়েছিলাম ১১-১২ বছর বয়সে। প্রথমে উঠলাম বড় মাসির বাড়িতে। তারপর মেজ মাসির বাড়ি। সেখান থেকে মানুষের বাড়িতে লজিং থাকতাম। লজিং বাড়ির অনেক অপ্রিয় কাজও করতে হতো। ফুটবল খেলার জন্য এই কাজ তখন সহ্য করতাম।’সংকোচ নেই—আছে গর্ব। তা-ই অকপটে বলে যান রজনীকান্ত বর্মণ। বাংলাদেশের ফুটবলে গত ১৫ বছর ধরে অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতি যাঁর, ফেলে আসা জীবন নিয়ে বলতে তাঁর সংকোচ থাকবে কেন?‘লজিং বাড়িতে আমি কৃষিকাজ করেছি। ধান বোনা, ধান কাটা, আঁটি মাথায় নিয়ে বাড়ি আনা, ধান ভাঙানোর জন্য মেশিনে নেওয়া...সব করেছি। লজিং বাড়ির বাজার করা, কামলার জন্য খেতে খাবার নেওয়া—এগুলো করতাম। শুধু তা-ই নয়, দৈনিক কামলা খেটেছি ১৫-২০ টাকায়। ফোসকা পড়ত হাতে’—এক নিঃশ্বাসে বলে যান গাজীপুরের ফুলবাড়িয়ার আজকের অহংকার ‘রজু’।গাজীপুরের কালিয়াকৈর থানায় ফুলবাড়িয়া ইউনিয়নের পিঙ্গাবহর গ্রামে তাঁর বাড়ি। বাবা রাধাকান্ত বর্মণ কৃষিকাজ করতেন। খেয়ে-পরার মতো অবস্থা ছিল। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় রজনী ফুটবল খেলতে চাইতেন ছোটবেলা থেকেই। মা-বাবার ইচ্ছা ছিল, ছেলে লেখাপড়া করবে। ছেলে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাড়ি থেকে স্কুলে গেল। কিন্তু ষষ্ঠ শ্রেণীতে ওঠার পরই বদলাতে থাকল সব। একদিন একটা ট্রাংক কাঁধে নিয়ে বাড়ি ছেড়ে কিশোর উঠল বড় মাসির বাড়ি (ফুলবাড়িয়া ইউনিয়নে)। সেখানে লেখাপড়ার চাপ বেশি থাকায় পরের বছর ঠিকানা গাজীপুরেরই মীর্জাপুর ইউনিয়নে মেজ মাসির বাড়ি। মৌচাক স্কাউট স্কুলটা সেখান থেকে আট কিলোমিটার দূরে। কিশোর রজনী প্রতিদিন হেঁটে আসতেন ওই স্কুলের মাঠে। পাশেই জাতীয় দলের সাবেক মিডফিল্ডার ইকবালের বাড়ি, এখানেই ওসমান গনির ফুটবল একাডেমিতে ফুটল রজনী নামের এক ফুটবল কুঁড়ি।একাডেমিতে সুযোগ পাওয়াটা কাকতালীয়। একদিন ম্যাচ খেলার আগে একজন খেলোয়াড় কম হওয়ায় ওসমান গনি সেখানে হাজির ছোট্ট রজনীকে জিজ্ঞেস করলেন, ‘খেলবা নাকি?’ রজনী খেললেন এবং প্রথম দেখায় কোচ মুগ্ধ। এতটাই যে রজনীকে এরপর একাডেমিতে ভর্তি করানো হলো বিনা টাকায় (তাঁর ফুটবল প্রতিভায় স্কুল কর্তৃপক্ষ কখনো বেতন নিত না)। এই ওসমান গনিই পরবর্তীকালে রজনীর ফুটবল গুরু। একাডেমিতে থাকার স্বার্থেই লজিং-জীবন বেছে নেওয়া। রজনী নিজে লেখাপড়া তেমন না করায় লজিং বাড়ির ছেলেমেয়েদের পড়ানো তাঁর পক্ষে ছিল কঠিন। ‘লজিং বাড়িতে ঠিকভাবে পড়াতে পারতাম না। তাই কিছুদিন পরই তারা বাদ দিয়ে দিত। খুঁজে নিতাম আরেকটা বাড়ি। সিক্সে ছিলাম এক বাড়িতে। সেভেনে অন্য বাড়িতে। অষ্টম আর নবম শ্রেণীতে ছিলাম ইকবালদের বাড়িতে। ওখানে দুই বছর কাটিয়েছি’—বলে যান রজনী। পরের গন্তব্য দূরসম্পর্কের এক জ্যাঠার বাড়ি। এখানে কাটল তিন-চার বছর। রজনীর স্মৃতিতে যা আজও তরতাজা, ‘জীবনে এই সময়টাই বেশি কষ্ট করতে হয়েছে। মাঝেমধ্যে স্কুল থেকে ফিরে দেখতাম খাবার নেই। অনেক সময় না খেয়েই বিকেলে ছুটতাম মাঠে।’এই কষ্টের স্মৃতির কাছেও হার মানে আরেকটা স্মৃতি। যখন তিনি বলেন, ‘ফুটবল খেলার স্বার্থে মৌচাক স্কুলের পাশে থাকার জন্য প্রথমে যাই এক খালাতো বোনের বাড়ি। কিন্তু ওরা একদিনের জন্য আমাকে রাখেনি, ভীষণ কষ্ট পেয়েছিলাম প্রত্যাখ্যাত হয়ে।’ ফুটবল খেলার জন্য জীবনে কষ্ট সয়েছেন। তাঁর ফুটবল-জীবনটা সোনায় মোড়ানো হওয়াই স্বাভাবিক। তাই ১৯৯৭ সালে নেপালে সার্ক টুর্নামেন্ট দিয়ে জাতীয় দলে শুরুর পর ২০০৯ সালের চ্যালেঞ্জ কাপ পর্যন্ত একটানা জাতীয় দলে ছিলেন ‘অটোমেটিক চয়েস’। এখনো মাঠে রজনী মানে ‘ফাইটার’। এবার মুক্তিযোদ্ধার অধিনায়ক শুধু রক্ষণই সামলাচ্ছেন না, চলমান বাংলাদেশ লিগে দলের প্রয়োজনে করেছেন তিনটি গুরুত্বপূর্ণ গোলও। এই রজনীকে দেখে মনে ধরেছে জাতীয় দলের কোচ রবার্ট রুবচিচের। তাই পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুটি ম্যাচে তাঁকে ডেকেছেন কোচ এবং রজনী ফিরছেন। মাঠ ছেড়ে ক্লান্ত রজনী প্রিয়জনদের সান্নিধ্য পেতে ছোটেন পশ্চিমবঙ্গের হুগলি। সেখানে দুই শিশুকন্যা ঋত্বিকা আর মহিমাকে নিয়ে থাকেন স্ত্রী মৌসুমী বর্মণ। মৌসুমীকে বিয়ে করেছেন অনেক নাটকের জন্ম দিয়ে। বিয়ের আগে মৌসুমীর সঙ্গে প্রেম করেছেন চুটিয়ে। সে আরেক গল্প।সুখের জীবন তাঁর। গ্রামে জমিজমা করেছেন। দালান তুলেছেন। পেছনে তাকিয়ে পরিতৃপ্তি নিয়ে বলেন, ‘আমি খেপ খেলে জমানো টাকায় দুই বোনের বিয়ে দিয়েছি। তখন আমার বয়স কুড়িও হয়নি।’ ফুটবলের জন্য অন্যের বাড়িতে ফুটফরমায়েশ খাটতে পারেন যিনি, তাঁর পক্ষেই এত অল্প বয়সে এমন দায়িত্ব পালন সম্ভব!