‘যারা ইসলামের নামে রাজনীতি করে, অনৈসলামিক কাজে লিপ্ত, তাদের সমর্থন নিয়ে এই হরতাল ডেকেছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। হরতালের মধ্যে কি আল্লাহকে পেয়েছে?’গতকাল রোববার ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। হরতালের মধ্যে সম্মেলনে বিশাল উপস্থিতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, হরতালের অবস্থা কী, তা হরতাল আহ্বানকারীরা দেখতে পাচ্ছেন। এরপর লজ্জা থাকলে তাঁরা আর হরতাল ডাকবেন না।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা প্রধান অতিথি ছিলেন। বেলা সোয়া ১১টায় সমবেত স্বরে জাতীয় সংগীত গাইতে গাইতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংগঠনের পতাকা উত্তোলন করেন ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে ছাত্রলীগের ২৭তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা। কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে নৃত্য পরিবেশন করে ‘স্পন্দন’।সকাল থেকে ঢাকা মহানগরসহ দেশের সব জেলা ও থানা শাখার কর্মীরা মিছিল নিয়ে সম্মেলনস্থলে আসতে শুরু করেন। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে সম্মেলনে আসা কাউন্সিলর ও ডেলিগেটদের (প্রতিনিধি) অনেকেই সম্মেলন কেন্দ্রের ভেতরে ঢুকতে পারেননি। মোবাইল ফোন সঙ্গে থাকায় তাঁদের এই বিড়ম্বনায় পড়তে হয়।উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সংবিধান সংশোধন করে ৩৫ বছর পর মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সংবিধানে যা যা সংযোজন করেছিল, তা বাদ দিয়ে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। শেখ হাসিনা বলেন, ধর্মীয় অনুভূতিতে যাতে আঘাত না লাগে, সে জন্য সংবিধানে কিছু সংশোধন এসেছে। পাশাপাশি সব ধর্মের সমমর্যাদা ও অধিকার নিশ্চিত করা হয়েছে। ক্ষুদ্র জাতিসত্তার অধিকারও প্রতিষ্ঠা করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, ‘যা করেছি, মানুষের জন্যই করেছি। আমরা যখনই ক্ষমতায় এসেছি, মানুষকে কিছু দিয়েছি। অন্য যারা এসেছে, তারা নিজেদের আখের গুছিয়েছে। বিলাসবহুল জীবন যাপন করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। জনগণকে শোষণ করেছে।’শেখ হাসিনা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় বিশ্বাসী দলমত-নির্বিশেষে দেশের প্রতিটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের দোসর, ভবিষ্যতে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।সরকার প্রতিটি নির্বাচনী অঙ্গীকার একে একে পূরণ করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিশ্বসভায় বাংলাদেশের পরিচিত ছিল দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দেশ হিসেবে। মাত্র আড়াই বছরে বর্তমান সরকার বাংলাদেশকে শান্তির দেশ, বিনিয়োগের দেশ ও সম্ভাবনার দেশ হিসেবে পরিচিত করতে পেরেছে।ছাত্রলীগের প্রতি সতর্কবার্তা: ছাত্রলীগের আগামী নেতৃত্বের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ভোগ নয়, ত্যাগের মহিমা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ আদর্শচ্যুত হলে, বিপথে গিয়ে সংগঠনের দুর্নাম করলে ছাড় দেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে আগেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিজেদের সোনার ছেলে হিসেবে গড়ে তুলতে হবে। একজনও যেন কোনো ধরনের অপকর্ম, দুর্নীতিগ্রস্ত হয়ে সংগঠনের দুর্নাম করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। যেকেনো অর্জনে ছাত্রলীগের প্রতিটি নেতা-কর্মীকে মহৎ ত্যাগের জন্য প্রস্তুত হওয়ারও আহ্বান জানান তিনি। পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে প্রয়োজনে সব রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড স্থগিত রেখে পড়াশোনায় মনোনিবেশ করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, অর্থ-সম্পদ, বাড়ি-গাড়ি এগুলো মৃত্যুর পর কেউ কবরে নিয়ে যেতে পারে না। কিন্তু যদি কেউ অসৎ পথে যায়, তবে তাকে বদনাম নিয়ে যেতে হয়। অভিশাপ নিয়ে যেতে হয়। তিনি বলেন, নেতৃত্বে গেলে ত্যাগের মনোভাব নিয়ে কাজ করতে হবে। এমন আদর্শ নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে যে আমরা দেশকে কিছু দিতে এসেছি, শোষণ করতে আসিনি। এই আদর্শে ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে নিজেকে তৈরি করতে হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নিজেকে ছাত্রলীগের একজন গর্বিত কর্মী উল্লেখ করে বলেন, ছাত্রলীগ শুধু রাজনীতিকদের জন্ম দেয়নি; শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী, শিক্ষক, বুদ্ধিজীবীও গড়ে তুলেছে। এই সংগঠন মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার এবং ভোট ও ভাতের আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে। এক-এগারোর সময় ছাত্রলীগ নামধারী কিছু ব্যক্তি ষড়যন্ত্রে লিপ্ত ছিল উল্লেখ করে তিনি বলেন, ছাত্রলীগ যেমন বীরের জন্ম দিয়েছে, তেমনি কিছু বিশ্বাসঘাতকেরও জন্ম দিয়েছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের দেখভাল ছাত্রলীগই করবে। ছাত্রলীগ চলবে নিজস্ব স্বকীয়তায়। গোটা কয়েক টেন্ডারবাজ-চাঁদাবাজের হাতে গোটা ছাত্রলীগ জিম্মি হতে পারে না। শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় ছাত্র রাজনীতি অসুস্থ হয়ে পড়ছে। ২২ বছর ডাকসু নির্বাচন হয় না। নিয়মিত নির্বাচন হলে জাতীয় রাজনীতিতে মেধাশূন্যতার সৃষ্টি হতো না।প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় জাতীয় নেতৃত্ব গঠনে ছাত্রলীগের ভূমিকার কথা তুলে ধরে বলেন, ‘ছাত্রলীগের সম্মেলনে এসে আমি আনন্দিত। ডেলিগেট ও কাউন্সিলরদের শুভেচ্ছা জানাতে এসেছি।’ সম্মেলনের সফলতা কামনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আমাদের সুযোগ এসেছে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার।’ভোটে নেতা নির্বাচন: দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে আজ কমিটির নেতৃত্ব নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করার পক্ষে। অনূর্ধ্ব ২৯ বয়সসীমার মধ্যেই তিনি ছাত্রলীগের ভবিষ্যৎ নেতৃত্ব দেখতে চান। ভোট গ্রহণের সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদকের ক্ষেত্রে বয়সসীমা শিথিল রেখে অন্য পদ ২৯ বছরের মধ্যে রাখারও একটা প্রস্তাব আছে। অবশ্য সবকিছুই নির্ভর করছে শেখ হাসিনার ওপর। তিনি আজ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন।পাঁচ বছরের বেশি সময় পর ছাত্রলীগের এবারের সম্মেলন হচ্ছে। সম্মেলনে দুই হাজার তিন শর বেশি কাউন্সিলর অংশ নিচ্ছেন। কাউন্সিলর ও ডেলিগেট মিলিয়ে ছিলেন প্রায় ১০ হাজার। আওয়ামী লীগ এবার ক্ষমতায় আসার পর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের মধ্যে ছাত্রলীগেরই প্রথম সম্মেলন হচ্ছে। ২০০৬ সালের ৪ এপ্রিলর সম্মেলনে মাহমুদ হাসান সভাপতি এবং মাহফুজুল হায়দার চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।