লঞ্চ চলছে আগের মতো, ঘোষণাই সার হলো
প্রতিবারের মতো এবারও নৌ কর্তৃপক্ষগুলো ঘোষণা দিয়েছিল, লঞ্চে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, লঞ্চের ছাদে বা মাঝনদী থেকে যাত্রী তোলা যাবে না। কিন্তু এই ঘোষণা অনেকটা অসার করেই গতকাল শুক্রবার ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে গেছে বেশ কিছু লঞ্চ।গতকাল সদরঘাটে গিয়ে নৌ কর্তৃপক্ষের ঘোষণা না মানার এই প্রবণতা দেখা গেছে। এ ছাড়া চাদর বাহিনীর উৎপাত ও উটকো কিছু ঝামেলায়ও পড়তে হয়েছে যাত্রীদের।ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে মূলত গতকাল থেকে। তাই সকাল থেকেই সদরঘাটে ছিল মানুষের ভিড়। পাটাতনে জায়গা পেতে অনেকে লঞ্চ ছাড়ার কয়েক ঘণ্টা আগেই চলে আসেন। গতকাল বেশি ছিল বরগুনার যাত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (বন্দর ও পরিবহন) মাহবুবুল আলম জানান, সবচেয়ে বেশি যাত্রী হবে ২৯ আগস্ট থেকে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফখরুল ইসলাম জানান, ২৯ আগস্ট থেকে প্রতিদিন আড়াই থেকে তিন লাখ যাত্রী লঞ্চে বাড়ি যাবেন।যথারীতি ছাদেও যাত্রী: হাইকোর্ট গত বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রীবহন করে কোনো লঞ্চ যেন যাত্রা করতে না পারে, সে জন্য লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনা দিয়েছেন। র্যাব, পুলিশ, আনসার ও কোস্টগার্ডের সদস্যরা গতকাল টার্মিনালে থাকলেও বেশ কিছু লঞ্চে অতিরিক্ত যাত্রীবোঝাই বা ছাদে যাত্রীবহন করা হয়েছে। অথচ কোস্টগার্ড তখন ছাদে না ওঠার জন্য মাইকিং করছিল।বিকেল চারটার দিকে বরগুনাগামী এম ভি নুসরাত-২ ও স্বর্ণদ্বীপ লঞ্চ ছাদে যাত্রী নিয়ে সদরঘাট ছাড়ে। নৌযান পরিদর্শক মো. মাহফুজকে বিষয়টি জানালে তিনি বলেন, নুসরাত-২ লঞ্চের ওপরের ছাদের যাত্রীদের পরে নামিয়ে দেওয়া হয়েছে। যাত্রী ভরে যাওয়ায় নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টার দুই ঘণ্টা আগেই লঞ্চটিকে গন্তব্যের উদ্দেশে যাত্রা করতে বলা হয়।ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী জানান, নুসরাত-২ লঞ্চের ভেতর প্রচণ্ড গরম থাকায় যাত্রীরা ওপরের ছাদে উঠেছিল।মাঝনদী থেকে যাত্রী ওঠা: নৌকা ও ট্রলারে করে মাঝনদী থেকে লঞ্চে যাত্রী ওঠা বন্ধ করতে টার্মিনাল এলাকায় কোস্টগার্ড, র্যাব ও নৌপুলিশ থাকলেও ঝুঁকি নিয়ে এভাবে মানুষকে লঞ্চে উঠতে দেখা গেছে। পোস্তগোলায় বাংলাদেশ-চীন মৈত্রী সেতু পার হওয়ার পরও অনেক যাত্রী নৌকায় এসে লঞ্চে উঠে ছাদে অবস্থান নেয়। নদীতে টহলে ছিল তিনটি ভ্রাম্যমাণ দল।সদরঘাট টার্মিনালে খোলামোড়ার একজন দোকানি আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে খোলামোড়া থেকে নৌকায় সদরঘাটের কাছে আসেন আবদুল লতিফ নামের এক ব্যক্তি, তাঁর মা, স্ত্রী ও চার বছরের সন্তান। নৌকা থামিয়ে লতিফ লাফিয়ে উঠে পড়েন এম ভি ঈগলে। এরপর মাঝির সহায়তায় মাকে লঞ্চে ওঠান। কিন্তু স্ত্রী-সন্তান উঠতে না পারায় তিনি আবার লাফিয়ে নৌকায় নামেন। নৌকাটি এ সময় দুলছিল। পরে তাঁর (রহিম) সাহায্যে ছেলেকে কোলে নিয়ে এবং স্ত্রীকে টেনেহিঁচড়ে লঞ্চে ওঠেন লতিফ।অতিরিক্ত ভাড়া আদায়: বেশ কয়েকজন যাত্রী অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন। পটুয়াখালীগামী মডার্ন সানের যাত্রী কিশোর সরকার অভিযোগ করেন, গত সপ্তাহে তিনি বরিশাল থেকে ঢাকায় আসেন, তখন পাটাতনের ভাড়া নিয়েছিল ১৫০ টাকা। কিন্তু এখন লঞ্চের কর্মচারীরা ২৬৫ টাকা চাইছেন। ওই লঞ্চের ব্যবস্থাপক মনির হোসেন বলেন, বরিশালে সরকার-নির্ধারিত ভাড়া ২৮৩ টাকা হলেও নেওয়া হচ্ছে ২০০ টাকা। যাত্রীদের অভিযোগ ঠিক নয়।পটুয়াখালীগামী এম ভি সৈকতের যাত্রী আজিজুল ইসলাম জানান, তাঁর কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে ২০০ টাকা। আগে ছিল ১৫০ টাকা। লঞ্চের সুপারভাইজার আবদুল কুদ্দুসের কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অন্য সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হয়। ঈদ উপলক্ষে ঠিক ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের বেশি মনে হচ্ছে। তবে ভাড়ার তালিকা দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।চাদর বাহিনীর উৎপাত: প্রতি ঈদের মতো এবারও লঞ্চে সক্রিয় ছিল ‘চাদর বাহিনী’। ২ ও ৩ নম্বর ঘাটে নোঙর করা লঞ্চে অনেক যাত্রী নির্বিঘ্নে জায়গা পাননি। এর আগেই একদল লোক যাত্রীবেশে নৌকায় করে লঞ্চে উঠে চাদর বিছিয়ে পাটাতন দখল করে রেখেছিল। পরে ওই জায়গাগুলো তারা যাত্রীদের কাছে বিক্রি করে বলে অভিযোগ পাওয়া গেছে। আমতলীগামী এম ভি সৈকত-৯-এর পাটাতনে বসা ইমরান হোসেন অভিযোগ করেন, বেলা দুইটার দিকে লঞ্চে উঠে দেখেন দুই যুবক পাটাতনে চাদর বিছিয়ে শুয়ে আছে। সেখানে বসতে গেলে ১০০ টাকা দাবি করা হয়। পরে লঞ্চের কর্মচারীদের বিষয়টি জানালে যুবকেরা পালিয়ে যায়।