লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌযান শ্রমিকদের মজুরিকাঠামো পুনর্নির্ধারণসহ ১৬ দফা দাবি আদায়ে গত মঙ্গলবার রাত ১২টা থেকে কর্মবিরতি পালন শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। কর্মবিরতির কারণে তখন থেকেই লঞ্চ, মালবাহী ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এ কারণে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।লঞ্চ চলাচল বন্ধ থাকায় অনেক যাত্রী বাসে করে সড়কপথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করে। এ কারণে মাওয়া-কাওড়াকান্দি ও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ ছিল বেশি। তবে ওই দুটি নৌপথে লঞ্চ, ফেরি ও ট্রলার চলাচল ছিল স্বাভাবিক।এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়ে তাঁদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, সাম্রাজ্যবাদবিরোধী গণতান্ত্রিক ঐক্য ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ)।প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল সকাল থেকে ঢাকা নদীবন্দর সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌযান শ্রমিকদের আংশিক কর্মবিরতি পালিত হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দক্ষিণাঞ্চল থেকে লঞ্চ আসে ৪১টি। ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যায় মাত্র ১৯টি লঞ্চ।বরিশালগামী যাত্রী আবু হোসেন বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) বরিশালের সদর কোর্টে আমার মামলার হাজিরা আছে। বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত কীত্তনখোলা-২ লঞ্চে বসে আছি। লঞ্চ কখন ছাড়বে এখনো সিদ্ধান্ত হয়নি।’ঢাকা নদীবন্দর যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘সরকার ও লঞ্চ মালিক এবং নৌযান শ্রমিকদের চুক্তি চলতি বছরের ডিসেম্বর মাসে পাঁচ বছর পূর্ণ হবে। এরপর সরকার ও নৌযান শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কিন্তু নৌযান শ্রমিকেরা অহেতুক যাত্রীদের জিম্মি করে ফায়দা লোটার চেষ্টা করছেন। নৌযান শ্রমিকদের কারণে দক্ষিণাঞ্চলের মুসল্লিরা ইজতেমায় আসতে পারছেন না। এসব বিষয় নৌযান শ্রমিকদের ভাবা উচিত।’এ ব্যাপারে কর্মবিরতির ডাক দেওয়া বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহ আলম বলেন, ‘১৬ দফা দাবি আদায়ে গত বছরের জুলাই মাসে ধর্মঘটের ডাক দিয়েছিলাম। ৮ জুলাই লঞ্চের মালিক ও সরকারের সঙ্গে নৌযান শ্রমিকদের বৈঠক হলে পরবর্তী দুই মাসের মধ্যে নৌযান শ্রমিকদের দাবি-দাওয়াসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করি। সরকার ও মালিক পক্ষের চুক্তি মোতাবেক ছয় মাস পার হলেও আজ পর্যন্ত নৌযান শ্রমিকদের ১৬ দফা দাবি বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।’ইজতেমার মুসল্লিদের ঢাকায় আসা প্রসঙ্গে শাহ আলম বলেন, ‘ইজতেমার মুসল্লিদের তেমন সমস্যা হবে না। আশা করছি, দক্ষিণাঞ্চলের মুসল্লিরা ১৮ জানুয়ারি থেকে শুরু হওয়া ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে পারবেন।’ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক মো. সাইফুল হক খান বলেন, ‘নৌযান শ্রমিকদের সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার নৌযান মালিক ও শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করছে যাতে অতি দ্রুত সমস্যাটি সমাধান হয়। সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি উভয় পক্ষের দেখা উচিত।’বরিশাল: বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। গতকাল বিকেলে ঢাকা-বরিশাল রুটের সব লঞ্চ পন্টুন থেকে সরিয়ে নেওয়া হয়। লঞ্চ চলাচল বন্ধ থাকায় চাপ পড়ে বাসে। ঢাকা-বরিশাল রুটে কোনো বাসের টিকিট না পেয়ে অনেককে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানে চড়ে ঢাকার উদ্দেশে যেতে দেখা গেছে। এমনই একজন বিশিষ্ট লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো একাদশ গণিত উৎসবে যোগ দিতে গতকাল সকালে বরিশাল গিয়েছিলেন তিনি। গতকাল বরিশালে আঞ্চলিক উৎসব শেষে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি জাফর ইকবাল মাইক্রোবাসে করে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট পর্যন্ত যান। সেখান থেকে কোনোমতে নদী পার হয়ে ঢাকায় পৌঁছান তিনি।চাঁদপুর: সকাল আটটা থেকে বেলা দুইটা ৪০ মিনিট পর্যন্ত ঢাকাগামী নির্দিষ্ট সাতটি লঞ্চ চাঁদপুর ছেড়ে যায়নি। এ ছাড়া নারায়ণগঞ্জগামী কোনো লঞ্চই চাঁদপুর ঘাট ছাড়েনি। চাঁদপুর ও ইচলী লঞ্চঘাটে আটকে ছিল শত শত যাত্রী। এদের মধ্যে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারী অনেক যাত্রীও ছিলেন।পটুয়াখালী: মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে আসা তিনটি লঞ্চ পটুয়াখালী পৌঁছে কর্মবিরতির কারণে আটকা পড়ে। সুন্দরবন-৬ লঞ্চের মাস্টার মো. আলমগীর হোসেন বলেন, ‘বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতি, বাড়ি ভাড়াসহ সব খরচ বাড়লেও শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে না। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।’মংলা (বাগেরহাট): গতকাল সকাল থেকে মংলা বন্দরে অবস্থানরত সব জাহাজের চলাচল এবং শিল্প এলাকার সব সিমেন্ট কারখানা থেকে নৌযানে সিমেন্ট ডেলিভারি ও সিমেন্টের কাঁচামাল ওঠানামা বন্ধ ছিল। বন্ধ ছিল সব ধরনের লঞ্চ চলাচল।মাদারীপুর: অন্যান্য দিনের মতো গতকালও মাওয়া-কাওড়াকান্দি নৌপথে বিআইডব্লিউটিসির ফেরি চলেছে। লঞ্চ, ট্রলার ও স্পিডবোট চলেছে স্বাভাবিকভাবে। কাওড়াকান্দি ঘাটে লঞ্চচালক সোহরাব হোসেন বলেন, ‘এটি গতানুগতিক রুট নয়। মানুষ পারাপারের ঘাট। মানুষের যাতে কোনো ভোগান্তি না হয়, তাই আমরা ধর্মঘটে অংশ নিইনি।’সেভেন স্টার ও সম্রাট লঞ্চের মালিক আবদুল কাদের জানান, ‘কাওড়াকান্দি ঘাটে কোনো শ্রমিক ইউনিয়ন নেই। তাই দাবি-দাওয়ার জন্য ধর্মঘট হচ্ছে না।’ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের সার, সিমেন্ট, রড, বালু, পাথর, কয়লা ও জ্বালানি তেলবাহী শতাধিক কার্গো জাহাজ আটকা পড়ে। আশুগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে ভৈরব, নবীনগর-নাসিরনগর, অষ্টগ্রাম-বাঙ্গালপাড়া, আজমিরীগঞ্জসহ ছয়টি পথে কোনো ধরনের লঞ্চ চলেনি।নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, ধলেশ্বরী, বুড়িগঙ্গা ও মেঘনা নদীতে নৌযান চলাচল বন্ধ ছিল। তবে পুলিশ পাহারায় স্বল্প দূরত্বের লঞ্চ চলাচল করতে দেখা গেছে।