ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখী মানুষের স্রোত নেমেছিল গতকাল সোমবার। ছাদে অনেক যাত্রী নিয়ে গতকালও বেশ কিছু লঞ্চ সদরঘাট ছেড়েছে। যাত্রী তোলা হয়েছে মাঝনদী থেকেও। অতিরিক্ত যাত্রী হওয়ার পরও লঞ্চ না ছাড়ায় যাত্রীদের সঙ্গে লঞ্চের কর্মীদের মারামারির ঘটনাও ঘটেছে।এদিকে যাত্রীতে ভরে যাওয়ায় নির্ধারিত সময়ের আগে কিছু লঞ্চ ছাড়ায় ওই সব লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট কাটা যাত্রীদের কেউ কেউ বিপাকে পড়েন।সকাল থেকেই সদরঘাট টার্মিনালে যাত্রীদের চাপ শুরু হয়। বিকেল বা সন্ধ্যার লঞ্চের যাত্রীরাও চলে আসে সকালে। দুপুরের পর থেকে টার্মিনালের গ্যাংওয়ে, পন্টুন—সর্বত্র ছিল জনস্রোত। সকাল নয়টার মধ্যেই পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, আমতলী, চাঁদপুর ও মাদারীপুরগামী লঞ্চগুলো যাত্রীতে ভরে যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র জানায়, গতকালের মতো আজ মঙ্গলবারও বেশি যাত্রী বাড়ির উদ্দেশে রওনা হবে।যাত্রী ভরে যাওয়ায় বেশ কিছু লঞ্চ নির্ধারিত সময়ের আগেই সদরঘাট টার্মিনাল থেকে ছাড়া হয়। আবার কিছু লঞ্চ অতিরিক্ত যাত্রী ওঠানোর জন্য নির্ধারিত সময়েও ছাড়েনি। যাত্রী ভরে যাওয়ার পরও না ছাড়ায় যাত্রীদের সঙ্গে দৌলতখানগামী এমভি টিপু-২ ও মল্লিকপুরগামী এমভি ফারহানের কর্মচারীদের মারামারি বাধে। লঞ্চ দুটির মালিক জাতীয় পার্টির সাংসদ গোলাম কিবরিয়া টিপু। একপর্যায়ে যাত্রীরা বিক্ষোভ করে।ফারহানের যাত্রী সোলায়মান অভিযোগ করেন, সকাল সাড়ে আটটার মধ্যেই লঞ্চে যাত্রী ভরে যায়। এর পরও যথাসময়ে লঞ্চটি না ছেড়ে আরও যাত্রী তুলতে থাকে। এতে কিছু যাত্রী বাধা দেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে লঞ্চের কর্মচারীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়।টিপু-২ লঞ্চের যাত্রী সোহাগ বলেন, তিনি সকাল আটটায় লঞ্চে ওঠেন। তখন লঞ্চের কর্মচারী বলেছিলেন, ১০টায় লঞ্চ ছাড়া হবে। দুপুর ১২টায়ও লঞ্চ না ছাড়ায় যাত্রীরা ক্ষিপ্ত হয়ে লঞ্চের সিঁড়ি তুলতে গেলে কর্মচারীরা তাঁদের চড়-থাপড় মারেন।ওই লঞ্চ দুটির মালিক সাংসদ গোলাম কিবরিয়া প্রথম আলোকে জানান, লঞ্চ দুটিতে তেমন যাত্রী ছিল না। খুব বেশি হলে প্রায় ৬০০ করে যাত্রী ছিল। যাত্রীরা অযথা ক্ষিপ্ত হয়ে কর্মচারীদের মারধর করেন। নির্ধারিত সময়ের আগেই লঞ্চ ছাড়া হয়েছে।অবশ্য বন্দর পরিদর্শক মো. মহিউদ্দিন জানান, যাত্রী পরিপূর্ণ হয়ে যাওয়ার পর লঞ্চ দুটিকে ছাড়তে নির্দেশ দেওয়ার পরও সেগুলো ছাড়েনি।এদিকে নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছাড়লে কিছু যাত্রী বিপাকেও পড়েছেন। বিশেষ করে, যাঁরা কেবিনের অগ্রিম টিকিট কিনেছেন, তাঁরা নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে টার্মিনালে এলেও লঞ্চ পাচ্ছেন না। ঘাটে থাকলে অতিরিক্ত যাত্রী নেবে—এ ভাবনা থেকে আগেই ঘাট ছাড়তে বাধ্য করা হলেও লঞ্চগুলো মাঝনদী থেকে ঠিকই ঝুঁকি নিয়ে যাত্রী ওঠাচ্ছে।একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মনিরুল ইসলাম জানান, ১০ দিন আগে অনেক কষ্টে তিনি এমভি পারাবত-৯-এর কেবিনের অগ্রিম টিকিট সংগ্রহ করেন। লঞ্চটি গতকাল রাত সাড়ে আটটায় ছাড়ার কথা। যাত্রী ভরে গেলে আগে ছাড়া হবে—এমন খবর পেয়ে তিনি গত রোববার রাতে পারাবতের কার্যালয়ে ফোন করলে বলা হয়, সকালে খোঁজ নিতে। সকালে ফোন করলে বলা হয়েছে, আগেভাগে না এলে তাঁদের করণীয় কিছু নেই। বিকেল চারটার আগে আসতে হবে। তাই তিনি ঝুঁকি না নিয়ে আগেই চলে আসেন। যাঁরা খবর না নিয়ে নির্ধারিত সময়ের আগে আসেননি, তাঁরা যেতে পারেননি। বেলা সোয়া একটার দিকেই পারাবত-৯ লঞ্চকে ঘাটে যাত্রী পরিপূর্ণ অবস্থায় দেখা যায়। আগে ছাড়ার কারণে সমস্যা হচ্ছে পাটাতনের (ডেক) যাত্রীদেরও। দুপুরে বরিশালের যাত্রী আবদুল হাই জানান, জায়গার দখল রাখতে রোববার দুপুরেই তিনি দুজন লোক পাঠিয়েছিলেন। লঞ্চ ছাড়ার কথা সন্ধ্যা সাড়ে ছয়টায়। কিন্তু ছেড়ে দেয় বিকেল সাড়ে চারটায়। ফলে তাঁর যাওয়া হয়নি। এমন বিড়ম্বনায় পড়া যাত্রীর সংখ্যাও কম নয়।বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর) মাহবুবুল আলম বলেন, যাত্রী ভরে গেলে নির্ধারিত সময়ের আগে লঞ্চ ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে অন্য লঞ্চ ঘাটে জায়গা করে নিতে পারে।গতকালও বিভিন্ন লঞ্চের ওপরের ছাদে যথারীতি যাত্রী উঠেছে। রোববার নৌপরিবহনমন্ত্রী সদরঘাট টার্মিনালে সাংবাদিকদের বলেছিলেন, বিভিন্ন লঞ্চের ছাদে ওঠার সিঁড়ি কেটে ফেলা হয়েছে। সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. ফখরুল ইসলামও প্রথম আলোকে বলেন, ছাদে যাত্রী ওঠার বিষয়টি ঠেকাতে আগেও কিছু লঞ্চের সিঁড়ি কাটা হয়েছিল। এবার বাকিগুলোরও কাটা হয়েছে।তার পরও কীভাবে ছাদে যাত্রী ওঠে—জানতে দুপুরে এমভি আঁচলে উঠে দেখা যায়, ছাদে ওঠার সিঁড়ি কাটাই আছে। কিন্তু সিঁড়ির পাশে যে দরজা, তা বেয়ে অত্যন্ত ঝুঁকি নিয়ে ছাদে উঠছে কিছু যাত্রী। পরে দেখা যায়, এভাবে একটি লঞ্চের ছাদে উঠে পরে লাফিয়ে পাশের লঞ্চের ছাদে চলে যাচ্ছে অনেকে। হাতিয়াগামী ফারমান-১, বরগুনার আমতলীগামী সৈকত-১ এবং কালাইয়াগামী নাজমা খানকে ছাদে যাত্রী বহন করে ঘাট ছাড়তে দেখা যায়।নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের তিনটি ভিজিলেন্স দল, র্যাব, পুলিশ ও কোস্টগার্ড টার্মিনালে তৎ পর থাকলেও ছাদে যাত্রীবহন বন্ধ হচ্ছে না।লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী উঠলেও পর্যাপ্ত জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখা হয়নি। আগে যাত্রীবাহী লঞ্চে প্রতি ১০ জনের জন্য একটি করে ‘লাইফবয়া’ (পানিতে ভেসে থাকার জন্য) রাখার নিয়ম ছিল। বর্তমানে প্রতি চারজনের জন্য একটি লাইফবয়া রাখার ঘোষণা হলেও গতকাল কয়েকটি লঞ্চে খোঁজ করে তা-ও পাওয়া যায়নি। কিছু লঞ্চে একটিও নেই। এমভি সাগরের প্রবেশপথে টাঙানো তালিকায় ৭৫টি লাইফবয়া থাকার উল্লেখ থাকলেও দেখা যায়, আছে মাত্র ২৫টি। ওই লঞ্চের কর্মচারী পরিচয়দানকারী আবদুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বাকিগুলো ভেতরে আছে।নবাবপুর, ইংলিশ রোড, জনসন রোড, ধোলাইখাল, তাঁতীবাজার এলাকায় ছিল সদরঘাটমুখী যানবাহন ও মানুষের ভিড়। স্ত্রী-পুত্রসহ সায়েদাবাদ থেকে রিকশাযোগে ধোলাই খাল হয়ে সদরঘাট টার্মিনালে আসতে চাইলেও পারেননি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত রবিউল হোসেন। প্রায় আধ ঘণ্টা থেমে থাকার পরে জনসন রোড থেকে হেঁটে টার্মিনালে আসেন তিনি। বড় ব্যাগ কাঁধে নিয়ে দরদর করে ঘামছিলেন তিনি। অন্যদিকে আজিমপুর থেকে সিএনজি অটো রিকশাযোগে ইংলিশ রোড পর্যন্ত এসে নেমে যেতে বাধ্য হয়েছেন বয়োজ্যেষ্ঠ মরিয়ম বেগম। ব্যাগ বয়ে আনতে গিয়ে তিনি বারবার হাতবদল করছিলেন।