সরকারি তথ্য অনুযায়ী, ১৯৭৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ৩৪ বছরে ৫০৩টি লঞ্চ দুর্ঘটনায় মাত্র চার হাজার ৮৪ জন যাত্রী মারা গেছে। এ ছাড়া এ সময়ে নিখোঁজ হয়েছে মাত্র ৪১৪ জন। আহতের সংখ্যা ৪৯১। সমুদ্র পরিবহন অধিদপ্তরের পরিসংখ্যান প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র দাবি করেছে, মৃত্যুর এ সংখ্যা সঠিক নয়। সূত্র ছাড়াও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন থেকে হিসাব করে জানা যায়, গত ১১ বছরেই লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারায় অন্তত চার হাজার ৩২২ যাত্রী।নৌ-দুর্ঘটনায় হতাহতের সংখ্যায় এই অসঙ্গতির পেছনে জবাবদিহি ও পর্যালোচনার ব্যবস্থা না থাকাকে দায়ী করা হয়। এ ছাড়া রয়েছে মামলা করার ক্ষেত্রে অনীহা।সরকারি হিসাবে মৃতের সংখ্যা অনেক কম থাকার একটি বড় প্রমাণ হিসেবে উল্লেখ করা যায় এমভি নাসরিন-১ দুর্ঘটনার কথা। সমুদ্র পরিবহন অধিদপ্তরের এক প্রতিবেদনে ২০০২ ও ২০০৩ সালে অভ্যন্তরীণ পথের নৌ-দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা দেখানো হয়েছে ৪৩৭ জন। অথচ ২০০৩ সালের ৮ জুলাই শুধু এমভি নাসরিন-১ ডুবে যাওয়ার ঘটনাতেই ৮০০ জনের বেশি যাত্রী প্রাণ হারায়। অধিদপ্তরের প্রতিবেদনে এমভি নাসরিন-১ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দেখানো হয়েছে মাত্র ১১০।পরিসংখ্যানের শুরু: ১৯৭৬ সালে অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ (আইএসও) প্রণীত হয়। দেশে ওই সময় থেকেই নৌ-দুর্ঘটনার বিষয়ে হিসাব রাখার ব্যবস্থা হয়। অধিদপ্তর তখন থেকে মোট ২১টি পরিসংখ্যান পুস্তক বের করেছে।পরিসংখ্যান ও বাস্তবের ফারাক: সরকারি পরিসংখ্যানসংক্রান্ত প্রকাশনা থেকে জানা যায়, ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত সাত বছরে লঞ্চ দুর্ঘটনা ঘটে ২৮৫টি। এর মধ্যে ২০০৩ সালে ৩১টি দুর্ঘটনায় মারা যায় ৪৬৪ জন, ২০০৪ সালে ৪১টি দুর্ঘটনায় ২৮৪, ২০০৬ সালে ২৩টি দুর্ঘটনায় ৫১, ২০০৭ সালে ১১টি দুর্ঘটনায় ২, ২০০৮ সালে ২২টি দুর্ঘটনায় ১২০, ২০০৯ সালে ৩৪টি দুর্ঘটনায় ২৬০ এবং ২০১০ সালে ২৮টি দুর্ঘটনায় ৫৪ জন মারা যায়। অর্থাৎ মৃতের সংখ্যা এক হাজার ২৩৫ জন। এতে বলা হয়, ওই সব দুর্ঘটনায় আহত ৩৫৫ এবং নিখোঁজ ২৪১ জন।বাস্তবে দেখা যায়, ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত ১১ বছরে লঞ্চ দুর্ঘটনায় মারা গেছে চার হাজার ৩২২ জন যাত্রী। এর মধ্যে ২০০০ সালে প্রাণ হারায় ৪৩৯ জন। ওই বছরের ২৯ ডিসেম্বর ঈদুল আজহার রাতে চাঁদপুরের মতলবে এমভি জলকপোত ও এমভি রাজহংসীর মধ্যে সংঘর্ষে মারা যায় ৩০২ জন যাত্রী। ২০০১ সালে ৭৬টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৩৯২ জন, ২০০২ সালে ২৮টি দুর্ঘটনায় ৬২৬ জন। এর মধ্যে ওই বছরের মে মাসে এমভি সালাউদ্দিন-২ ও এমভি সুবাহ লঞ্চ দুর্ঘটনায় নিহত হয় প্রায় ৪০০। ২০০৩ সালে ৬৪টি দুর্ঘটনায় মারা যায় এক হাজার ২০৫ জন। এর মধ্যে ওই বছরের ৮ জুলাই এমভি নাসরিন দুর্ঘটনায় মারা যায় ৮০০ জনের বেশি। ২০০৪ সালে ৫৬টি দুর্ঘটনায় মারা যায় ৪৮৭ জন। এর মধ্যে পাগলায় বুড়িগঙ্গা নদীতে এমভি মিতালী ডুবে গেলে ৪০০ জনের বেশি এবং একই দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এম এল মজলিসপুর ডুবে মারা যায় প্রায় ৯০ জন। ২০০৫ সালে ৪৯টি দুর্ঘটনায় মারা যায় ১৭৬ জন। এর মধ্যে ১৯ ফেব্রুয়ারি এমভি মহারাজ দুর্ঘটনায় মারা যায় ১৫০ জন। এ ছাড়া ২০০৬ সালে ৩৮টি দুর্ঘটনায় ৭৮, ২০০৭ সালে ৩৪টি দুর্ঘটনায় ৩৪, ২০০৮ সালে ৩১টি দুর্ঘটনায় ৩০১ জন (এর মধ্যে ২৩ মে চাঁদপুরে এমভি লাইটিং সান দুর্ঘটনায় প্রায় ৩০০), ২০০৯ সালে ২৯টি দুর্ঘটনায় ৩০৯ জন এবং ২০১০ সালে ৩৮টি দুর্ঘটনায় ৬৭ জন মারা যায়। গত বছর ৩৫টি দুর্ঘটনায় মারা যায় ১৫৬ জন। এর মধ্যে ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এমভি বিপাশা দুর্ঘটনায় প্রাণ দেয় ৫০ জনের বেশি।জবাবদিহি নেই: সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র জানায়, দুর্ঘটনা ও মৃতের সংখ্যার মধ্যে ব্যাপক ফারাকের কারণ হচ্ছে, পরিসংখ্যানগ্রন্থে যেসব তথ্য দেওয়া হয়, সেগুলোর জন্য কোনো জবাবদিহি হয় না। ওই তথ্য পর্যালোচনাও করা হয় না।মামলা নিয়ে সমস্যা: এ ছাড়া সূত্রমতে, যেসব দুর্ঘটনায় মামলা হয় না, সেগুলোয় মৃতের সংখ্যা কখনো পরিসংখ্যানে ওঠে না। মামলা করার দায়িত্বও সমুদ্র পরিবহন অধিদপ্তরের। সে মামলা আবার অধিদপ্তরের মেরিন আদালতে করতে হয়। ১৯৭৬ সালের অধ্যাদেশ অনুযায়ী তা করতে হয়। কিন্তু নিয়মিত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও সব কটির মামলা হয় না। ২০০৫ সালে অধ্যাদেশ সংশোধন করার পর থেকে কোনো যাত্রী চাইলে দুর্ঘটনার কাছের থানায় মামলা অথবা উপজেলা নির্বাহী কার্যালয়ে অভিযোগ দিতে পারেন। এ ক্ষেত্রে বিষয়টি মেরিন আদালতে আনতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বেশির ভাগ ক্ষেত্রে তা করা হয় না। আবার সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকেও এ ব্যাপারে আগ্রহ দেখানো হয় না। অনেক সময় মৃত ব্যক্তিপিছু ক্ষতিপূরণ দিতে হয় বলেও মৃতের সংখ্যা কম দেখানোর অভিযোগ রয়েছে। মৃতের ও দুর্ঘটনার সংখ্যার গরমিল বিষয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান নৌ (নটিক্যাল) কর্মকর্তা ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকারের কাছে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সাধারণত বড় দুর্ঘটনাগুলোরই হিসাব থাকে। অনেক সময় ছোট দুর্ঘটনায় কেউ মারাও যায় না। তবে যতটা সম্ভব হিসাব সঠিক রাখার চেষ্টা হয়।’ক্ষতিপূরণ দেওয়ার কারণে নিহতের সংখ্যা কম দেখানোর অভিযোগ তিনি অস্বীকার করেন।