লঞ্চ পরীক্ষায় মালিকদের অসহযোগিতা, চলছে ত্রুটিপূর্ণ নৌযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বরে ভোলার তেঁতুলিয়া নদীতে কোকো-৪ দুর্ঘটনার পর ২১টি লঞ্চ ভালোভাবে পরীক্ষার জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। কিন্তু মালিকপক্ষের অসহযোগিতার কারণে এর মধ্যে সব লঞ্চ এখন পর্যন্ত পরীক্ষা করা যায়নি। ১১টি লঞ্চ পরীক্ষা করে নয়টিই ঝুঁকিপূর্ণ পাওয়া গেছে।একাধিকবার দুর্ঘটনায় পড়েছে এমন লঞ্চও উল্লিখিত তালিকায় রয়েছে। সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া যায়।এ রকম প্রেক্ষাপটে আজ থেকে শুরু হচ্ছে নৌ-নিরাপত্তা সপ্তাহ।অধিদপ্তরের দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা জানান, রাজনৈতিক প্রভাবের কারণেও কিছু লঞ্চ পরীক্ষা করা যাচ্ছে না। তাঁরা বলেন, কোনো কোনো রাজনৈতিক নেতা ‘ওমুক লঞ্চ পরীক্ষা করার দরকার নেই’ বলে সমুদ্র পরিবহন অধিদপ্তরকে বাধা দিচ্ছেন।কালবৈশাখীর এই মৌসুমেও এক হাজারের বেশি ত্রুটিপূর্ণ লঞ্চ বা অন্য নৌযান চলাচল করছে দেশের নৌপথে। নৌ-নিরাপত্তা বাড়ানো, যাত্রী, লঞ্চ মালিক-শ্রমিক-মাস্টার-চালক এবং নৌ কর্তৃপক্ষগুলোর সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে গত বছর থেকে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ’ পালন শুরু হয়। কিন্তু গত এক বছরে কোনো ক্ষেত্রেই সচেতনতা বাড়ার বিশেষ নজির দেখা যায়নি।অধিদপ্তর সূত্রমতে, দেশে নিবন্ধন করা নৌযানের সংখ্যা প্রায় সাড়ে নয় হাজার। এ বছর এর মধ্যে মাত্র পাঁচ হাজার ৫০৫টির বার্ষিক জরিপ হয়েছে। এ ছাড়াও নৌপথে চলছে প্রায় ২০ হাজার ছোট-বড় নৌযান। নিবন্ধন থাকা নৌযানও অনেক সময় পরীক্ষার জন্য খুঁজে পাওয়া যায় না। গত কয়েক বছরে পরীক্ষা করে দেখা গেছে, নিবন্ধিত এক হাজারেরও বেশি লঞ্চ কোনো না কোনোভাবে ঝুঁকিপূর্ণ। এগুলোর মধ্যে ৪০০টি বেশি ঝুঁকিপূর্ণ বলে সদরঘাট জরিপ কার্যালয় থেকে কয়েক দফা প্রতিবেদন পাঠানো হয়েছে অধিদপ্তরে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নকশা অনুযায়ী নির্মাণ না করা, নিচের তুলনায় ওপরের অংশ ভারী হওয়া, সিমেন্ট দিয়ে বা ঝালাই করে ফাটল জোড়া লাগানো ইত্যাদি কারণে এসব লঞ্চ ঝুঁকিপূর্ণ।মধ্য এপ্রিল থেকে পুরো মাস কালবৈশাখীর মৌসুম। নিয়ম অনুযায়ী এ মৌসুমে ৬৫ ফুট দৈর্ঘ্যের নিচের লঞ্চ চলাচল নিষিদ্ধ। সমুদ্র পরিবহন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র জানায়, সেগুলোও প্রত্যন্ত অঞ্চলে চলছে।প্রতিবছরই কালবৈশাখীর মৌসুমে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারায় অনেক যাত্রী। ছোট লঞ্চের দুর্ঘটনার খবর অনেক সময় সরকারি খাতায় থাকেও না। ২০০৮ সালে এই মৌসুমে (২৮ এপ্রিল) বুড়িগঙ্গায় ‘এমএল সৌরভ’ দুর্ঘটনায় ৫০ যাত্রী মারা যায়। নিখোঁজ হয় সমসংখ্যক।লঞ্চ পরীক্ষায় বাধা: গত বছরের ২৭ নভেম্বর ঈদের আগের রাতে কোকো-৪ দুর্ঘটনায় মারা গিয়েছিল ৮১ জন। ওই দুর্ঘটনার পর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ২১টি লঞ্চ ভালো করে পরীক্ষার জন্য অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সমুদ্র পরিবহন অধিদপ্তরকে অনুরোধ জানিয়েছিল। তালিকাভুক্ত লঞ্চগুলো হচ্ছে এমভি কোকো-৩, এমভি সালাউদ্দিন-১, পাতারহাট-১ ও ৫, এমভি দ্বীপরাজ, দ্বীপরাজ-৪, জলতরঙ্গ-১, প্রিন্স অব রাসেল-১, বোগদাদীয়া-৯, রাজহংস প্লাস, জলপালঙ্ক, রেড সান-৫, নাজমা খান, সিলভার সান, সুরেশ্বর-৩, রানিং সান, লোপা এক্সপ্রেস, অন্যতমা, স্বর্ণদ্বীপ, শুভরাজ-৪ ইত্যাদি। সমুদ্র পরিবহন অধিদপ্তর এগুলো পরীক্ষার জন্য একটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী ও জরিপকারক শফিকুল ইসলামকে দায়িত্ব দিয়েছিল। তিনি ঢাকার সদরঘাটে পরীক্ষা করতে গিয়ে গত ফেব্রুয়ারি ও মার্চে সাকল্যে ১১টি লঞ্চ পান। পরে ১১টি লঞ্চের বিষয়েই প্রতিবেদন জমা দেওয়া হয়। সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্র জানায়, প্রতিবেদন অনুযায়ী উপস্থাপিত লঞ্চগুলোর মধ্যে মাত্র দুটি মোটামুটি নিরাপদে চলাচলের উপযোগী ছিল। বাকি নয়টির ত্রুটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে সুপারিশ করা হয়, ত্রুটিমুক্ত করেই যেন এগুলো চলাচলের সুযোগ দেওয়া হয়।তালিকাভুক্ত লঞ্চগুলোর মধ্যে কোকো-৩, এমভি সালাউদ্দিন-১, সুরেশ্বর-৩, পাতারহাট-১, বোগদাদীয়া-৯সহ ১০টিকে সদরঘাটে হাজির করার জন্য বারবার মালিকদের চিঠি দেওয়ার পরও কোনোটি পাওয়া যায়নি। এগুলোর কয়েকটি আগেই ঝুঁকিপূর্ণের তালিকায় ছিল। এগুলোর মধ্যে সালাউদ্দিন-১ দুর্ঘটনায় পড়েছিল। আগে পরীক্ষা করে দেখা যায়, এই লঞ্চটির ওপরের ডেকে কেবিনের সর্বোচ্চ দৈর্ঘ্য ১০ দশমিক ৫ মিটার হওয়ার কথা থাকলেও বাড়িয়ে ১৩ দশমিক ৩৮ মিটার করা হয়েছে। বাকি লঞ্চগুলোও বিভিন্ন ত্রুটি নিয়ে চলাচল করছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।যোগাযোগ করা হলে লঞ্চমালিকদের সমিতি ‘অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী-পরিবহন) সংস্থার’ চেয়ারম্যান মো. মাহবুব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘যারা লঞ্চ পরীক্ষার জন্য জমা দেননি, তাঁদের আমি অনুরোধ করব জমা দিতে। কোনো মালিকই চান না তাঁর লঞ্চটি ডুবে যাক। তাই সবারই উচিত পরীক্ষা করে ত্রুটি সারানো।’মাহবুব উদ্দিন বলেন, কালবৈশাখী মৌসুমকে সামনে রেখে মালিক সমিতিও সতর্ক আছে।সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল (অব.) বজলুর রহমান বলেন, ২১টি লঞ্চের মধ্যে যেগুলো উপস্থাপন করা হয়নি, সেগুলোর মালিককে চূড়ান্ত নোটিশ পাঠানো হবে। এ ছাড়া প্রয়োজনে বেশি ঝুঁকিপূর্ণ ৪০০ লঞ্চের ত্রুটি সারানোর জন্য কড়া নোটিশ জারি করা হবে। মালিকদের সময়ও বেঁধে দেওয়া হবে।’রাজনৈতিক বাধা সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি মহাপরিচালক।