লঞ্চ বাস ট্রেনে মানুষের স্রোত
ঘরমুখো মানুষের স্রোত এখন রাজধানীর কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও ঢাকার চারটি বাস টার্মিনালের দিকে। সবার হাতেই বড় লাগেজ, কারও হাতে ছোট আরও কয়েকটা ব্যাগ। কেউ এক হাতে ব্যাগ, অন্য হাতে সন্তানকে নিয়ে টার্মিনালে ছুটছেন। গতকাল বুধবার সরেজমিনে লঞ্চ, বাস টার্মিনাল ও রেলস্টেশন ঘুরে এমন চিত্রই দেখা যায়।লঞ্চের ছাদেও যাত্রী: গতকাল সদরঘাটে লঞ্চের ছাদে যাত্রী দেখা যায় বরগুনাগামী মুন্সিগঞ্জ সান-১, আমতলীগামী সৈকত-৯সহ অনেক লঞ্চে। মুন্সিগঞ্জ সান-১-এ বেশি যাত্রী বহনের বিষয়ে প্রশ্ন করলে কর্মচারী মো. আলম বলেন, নিষেধ করলেও যাত্রীরা শোনে না। সৈকতের ছাদে যাত্রী থাকলেও কর্মচারী আবু তালেব বলেন, এই লঞ্চে আরও ডাবল যাত্রী ধরবে।ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক জাহিদ হোসেন অতিরিক্ত যাত্রী বহন না করার জন্য বিভিন্ন লঞ্চে গিয়ে মালিকদের অনুরোধ করেন। পরে বরিশালগামী এমভি সুন্দরবন-১, এমভি আঁচল-৫ ও ফারহান-১-কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।বেলা তিনটার দিকে সদরঘাট টার্মিনালে যান মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক। তিনি লঞ্চের ছাদে ও ভেতরে অতিরিক্ত যাত্রী না নেওয়ার বিষয়ে লঞ্চমালিক সমিতির কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। বিভিন্ন লঞ্চের ছাদে যাত্রীদের দেখা গেলেও অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী ও পরিবহন) সংস্থার কয়েকজন কর্মকর্তা তাঁকে জানান, অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে না। পর্যাপ্ত যাত্রী নেওয়ার পরও আরও যাত্রী উঠানোর চেষ্টা করা হয় অনেক লঞ্চে। ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক নির্ধারিত সময়ের আগেই গন্তব্যের উদ্দেশে রওনা হতে বাধ্য করেন আমতলীগামী এমভি সৈকত-৯, লালমোহনগামী পাতারহাট-৫, গলাচিপাগামী বাড়েরহাট-১ ও শরীয়তপুর-১কে। তবে ঘাট ছেড়ে কিছুদূর যাওয়ার পর খেয়া নৌকা থেকে আরও যাত্রী উঠানো হয় এসব লঞ্চে।ট্রেন ছাড়ছে দেরিতে: যানজট ও ট্রেনে অত্যধিক ভিড়ের কথা চিন্তা করে সেহেরির পরই কমলাপুরের উদ্দেশে রওনা দেন মিরপুরের আসাদুল্লাহ। আগে পৌঁছেও লাভ হয়নি তাঁর। সকাল আটটা থেকেই পরিবারের সদস্যদের নিয়ে কমলাপুর স্টেশনে বসে ছিলেন আজিজুল হক ও রেহেনা সুলতানা। যাবেন সিরাজগঞ্জ। তাঁরা বলেন, টিকিটে লেখা ট্রেন ছাড়বে পৌনে ১০টায়। কিন্তু সাড়ে ১০টায়ও স্টেশনে ট্রেন পাওয়া যায়নি। দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর ছাড়ার কথা ছিল সকাল ৯টা ৫০ মিনিটে। টিকিটেও তাই লেখা রয়েছে। কিন্তু বেলা সোয়া ১১টার সময় গিয়ে দেখা গেল, ট্রেনটি এখনো কমলাপুরে আসেইনি। যাত্রীরা বসে আছেন ট্রেনের অপেক্ষায়। রেলওয়ের কর্মকর্তারা বলছেন, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগামী সব ট্রেনই কিছুটা দেরিতে ছাড়তে হবে। কারণ, দূরের যাত্রাপথ এবং একই ইঞ্জিনে ট্রেন চালানোর কারণেই দেরি হয়। ঢাকা-দিনাজপুর পথের আরেক ট্রেন দ্রুতযানও গত মঙ্গলবার রাতে চার ঘণ্টা দেরিতে ঢাকা ছেড়েছে। ওই ট্রেনটি বুধবার ঢাকায় ফিরে সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশে রওনা হওয়ার কথা। কিন্তু রাত ১০টায়ও সেই ট্রেন ঢাকায় আসেনি। যাত্রীদের প্লাটফরমে বসে থাকতে দেখা গেছে। অবশ্য সিলেটগামী ট্রেনগুলো সময়মতোই স্টেশন ছেড়েছে। গতকাল বিকেলে স্টেশন এলাকা লোকারণ্যে পরিণত হয়। অফিস ছুটির পর মানুষ আসনবিহীন টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ে এবং তারা দীর্ঘ লাইনে দাঁড়ায়। রেলওয়ের বুধবারের যাত্রার সব টিকিটই আগে বিক্রি হয়ে যাওয়ায় গতকাল সবাই আসনবিহীন টিকিট কিনেছে।রেলওয়ের সহকারী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আবু সাইদ আহম্মদ প্রথম আলোকে বলেন, উত্তরবঙ্গের সব ট্রেনই আসছে দেরিতে। তাই সময়মতো ছাড়া যাচ্ছে না। বাসে অতিরিক্ত ভাড়া ও টিকিটের সংকট: ‘এদের মতো খারাপ মানুষ আর নাই। দেখেন মানুষের বিপদে এরা উল্লাস করে। আমরা পরিবারসহ ঈদ করব বাড়িতে। একটা টিকিট পাই না। আমাদের এই অসহায়ত্বের সুযোগ নিয়ে এভাবে কেউ ভাড়া বাড়ায়? ভাড়া ছিল ৩৫০ টাকা। এখন প্রত্যেকটি কাউন্টারে ৪২০ টাকা করে ভাড়া চাইছে। সকাল থেকে ঘুরতে ঘুরতে বিকাল হইয়া গেছে। এখন ৪২০ টাকায়ও টিকিট পাই না।’ ঢাকা থেকে পরিবার-পরিজন নিয়ে খুলনায় স্বজনদের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবেন তারিকুল ইসলাম। গতকাল সকাল থেকে রাজধানীর ফকিরাপুল, কমলাপুর, শ্যামলী, কল্যাণপুর এবং সর্বশেষ গাবতলী এসে বর্ধিত ভাড়ায়ও টিকিট না পেয়ে এভাবেই রাগে ও ক্ষোভে ফেটে পড়েন তিনি। অবশ্য এই অবস্থা শুধু তারিকুলের একার নয়, যাঁরা অগ্রিম টিকিট কেনেননি গতকাল বিভিন্ন কাউন্টারে ঘুরে এ রকমই হতাশ হতে দেখা গেছে তাঁদের। রাজধানীর গাবতলী, শ্যামলী, কল্যাণপুর ও কলাবাগানে বিলাসবহুল পরিবহনসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারে কর্তব্যরত ব্যবস্থাপকেরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবারের কোনো টিকিট নেই। এই টিকিটগুলো পাঁচ দিন আগেই বিক্রি হয়ে গেছে। গতকাল গাবতলী থেকে ঈগল ও শ্যামলী পরিবহনের গাড়ি আধা ঘণ্টা পর পর সারা দিনে শুধু খুলনার উদ্দেশে ৫৮টি গাড়ি ঢাকা ছেড়েছে। তবে এই পরিবহনটিরও ভাড়া বেড়েছে। কিছু দিন আগেও ঢাকা-খুলনা রুটে ঈগলের ভাড়া ছিল ৩৫০ টাকা। একই গন্তব্যে এখন ভাড়া রাখা হচ্ছে ৪২০ টাকা। এ ব্যাপারে ঈগল পরিবহনের ব্যবস্থাপক তোফায়েল আহম্মেদ বলেন, ‘মালিক সমিতি ভাড়া বৃদ্ধি করেছে। আমাদের কিছুই করার নেই।’ভাড়া বৃদ্ধির বিড়ম্বনায় পড়েছেন খুলনা, যশোর, বৃহত্তর বরিশালসহ বিভিন্ন রুটের হাজার হাজার যাত্রী। অপর দিকে উত্তরবঙ্গের যাত্রীরা টিকিট পাচ্ছেন না।রাজধানী থেকে চট্টগ্রাম ও কক্সবাজারগামী বাগদাদ এক্সপ্রেস, গ্রিন লাইন ও সোহাগ পরিবহনসহ বিলাসবহুল বাসগুলোর ভাড়া বাড়েনি। তবে এসব পরিবহনের টিকিটের চরম সংকট। দেখা গেছে, বাগদাদ এক্সপ্রেসে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনো আসনই ফাঁকা নেই। একই অবস্থা সোহাগ ও গ্রিন লাইন এক্সপ্রেসেও।