লঞ্চ ভাড়া বাড়ানো হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চ ভাড়া আবার বাড়তে পারে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, ‘লঞ্চ ভাড়া বৃদ্ধির একটা প্রস্তাব আছে। যেহেতু তেলের দাম বেড়েছে, সে কারণে দাবি এসেছে ভাড়া বাড়ানোর।’ তিনি বলেন, সামঞ্জস্যপূর্ণভাবে লঞ্চ ভাড়া বাড়ানো হবে। আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শততম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় নৌ-পরিবহনমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, লঞ্চ ভাড়া বাড়ানোর একটি কস্টিং কমিটি আছে, ওই কমিটি প্রস্তাব দেবে। সেই প্রস্তাব কতটুকু রক্ষা করা যায়, তা সরকার দেখবে। তিনি বলেন, কস্টিং কমিটি সড়ক পরিবহন ক্ষেত্রে যেখানে ২৩ পয়সা বাড়ানোর সুপারিশ করেছিল, সেখানে সরকারিভাবে মাত্র ১০ পয়সা বাড়ানো হয়েছে। একইভাবে সামঞ্জস্যপূর্ণভাবে লঞ্চ ভাড়া বাড়ানো হবে বলে তিনি জানান।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে নৌ-মন্ত্রী বলেন, বিএনপিও বলে যে তাঁরা যুদ্ধাপরাধীদের বিচার চায়। অথচ যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকারের বিচারের রায়ের পর তারা স্বাগত জানায়নি, বিপক্ষেও কথা বলেনি। এই ডাবল স্টান্ডার্ড বা দ্বৈত চরিত্র মানুষের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছে।ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নারগিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল ইসলাম, মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুর জেলা পরিষদ অফিস পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সদর উপজেলার কৃষকদের মধ্যে পাওয়ার টিলার বিতরণসহ কয়েকটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।