লঞ্চগুলো সদরঘাট ছাড়ছে অতিরিক্ত যাত্রী নিয়ে
ঈদুল আজহা উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলের ৩৭টি পথে ঘরমুখী মানুষ নদীপথে ফিরতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে সদরঘাট ছেড়ে গেছে। সদরঘাট টার্মিনাল এলাকায় হকারদের উৎপাত ও সড়কপথে আসা লঞ্চের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বরিশালগামী সুন্দরবন-৭-এর যাত্রী মো. সেলিম মিয়া জানান, ফার্মগেট থেকে সদরঘাট পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা লেগেছে। নৌ-নিরাপত্তা বিভাগের ঊর্ধ্বতন পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, যাত্রীরা যাতে নিরাপদে বাড়ি যেতে পারে, সে জন্য বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা তৎপর আছে। র্যাব-১০-এর ডিএডি মো. নিজাম উদ্দিন জানান, গতকাল থেকে সদরঘাট টার্মিনাল ও বুড়িগঙ্গা নদী এলাকার নিরাপত্তার জন্য র্যাবের একাধিক দল টহল শুরু করেছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় র্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। ডিএমপি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান জানান, সদরঘাট এলাকায় যানজট নিরসনের জন্য পর্যাপ্ত পুলিশ নিয়োজিত রয়েছে।