লঞ্চগুলোতে জীবন রক্ষাকারী পর্যাপ্ত সরঞ্জাম নেই
আসছে ঈদ। দক্ষিণাঞ্চলের ঘরমুখী যাত্রীদের অতিরিক্ত চাপ পড়বে লঞ্চে। কিন্তু লঞ্চগুলোতে সাধারণ যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সরঞ্জাম নেই। তার ওপর ভরা বর্ষায় লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠলে হুমকির মুখে পড়বে নিরাপত্তা।ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গত রোববার সকালে গিয়ে কোনো লঞ্চে জীবন রক্ষার জ্যাকেট পাওয়া যায়নি। জীবন রক্ষাকারী সরঞ্জাম বয়া, ফায়ার বাকেট, অগ্নিনির্বাপক যন্ত্র, হস্তচালিত পাম্প ও বালুর বাক্স বা বালতি পাওয়া গেলেও তা ছিল লঞ্চের প্রধান ফটকে টানানো তালিকার চেয়ে কম। যেগুলো ছিল তার মধ্যে অনেক সরঞ্জাম নষ্ট। পাঁচটি লঞ্চে উঠে এ চিত্র দেখা গেছে।বরগুনাগামী লঞ্চ এমভি আল্লার মর্জির যাত্রী ধারণক্ষমতা ৭৬০ জন। লঞ্চের প্রধান ফটকের সামনে লেখা ছিল বয়া ৮৫টি, ফায়ার বাকেট ১৬টি, অগ্নিনির্বাপক যন্ত্র আটটি, হস্তচালিত পানির পাম্প একটি, বালুর বাক্স দুটি। অথচ বয়া ছিল ৬৭টি। এর মধ্যে বিভিন্ন স্থানে ছিঁড়ে ২৫টি বয়া নষ্ট হয়ে গেছে। ফায়ার বাকেট ছিল ১২টি। দুটি অগ্নিনির্বাপক যন্ত্র জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল।ভোলার লালমোহনগামী পাতার-৫ লঞ্চে যাত্রীধারণক্ষমতা দিনে ৩৬৪ জন, রাতে ২৪০ জন। ৪২টি বয়ার মধ্যে ছিল ৩১টি। ফায়ার বাকেট ১২টির মধ্যে দুটি নষ্ট। অগ্নিনির্বাপক যন্ত্র ছয়টি, হস্তচালিত পানির পাম্প একটি ও দুটি বালুর বালতি ছিল।লঞ্চের কর্মকর্তা মো. কালাম জানান, লঞ্চের সামনে যা লেখা আছে, সব কটি আছে। এর কম নেই। কিছু যন্ত্রপাতি সংস্কার করা হচ্ছে।বরিশালের ঘোষেরহাটগামী কর্ণফুলী-৩ লঞ্চে যাত্রী ধারণক্ষমতা দিনে ৫৮০ জন, রাতে ৪০৫ জন। বয়া ৬৫টির মধ্যে ৪৭টি, ফায়ার বাকেট ১৪টির মধ্যে ১৩টি, অগ্নিনির্বাপক যন্ত্র ছয়টি, একটি পাম্প ও দুটি বালুর বালতি আছে। একটি বালতিতে বালু ছিল না।লঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন দাবি করেন, তাঁদের লঞ্চে যাত্রীদের জীবনরক্ষার জন্য সবকিছুই আছে এবং সেগুলো সচল আছে।মানিক-৬ লঞ্চে যাত্রী ধারণক্ষমতা ২৫৪ জন (রাতে)। এখানে ৫২টি বয়ার মধ্যে ৪৩টি, একটি পানির পাম্প ও দুটি বালুর বালতি ছিল। ফায়ার বাকেট ১০টির মধ্যে দুটি ও অগ্নিনির্বাপক যন্ত্র চারটির মধ্যে একটি ছিল নষ্ট।মিরাজ-২ লঞ্চের যাত্রী ধারণক্ষমতা ৩৫৭ জন (রাতে)। এখানে ৪২টি বয়ার মধ্যে ৩৪টি, একটি পানির পাম্প আছে। ফায়ার বাকেট ১২টির মধ্যে একটি নষ্ট। দুটি বালুর বালতি থাকলেও বালু ছিল না।লঞ্চের মাস্টার মো. লিটন ব্যাপারী বলেন, ‘সবকিছু দেখেশুনে আমাদের ফিটনেস ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে। সব সরঞ্জাম লঞ্চে রয়েছে।’যাত্রীদের উদ্বেগ: বরগুনাগামী যাত্রী নিজামউদ্দিন হাওলাদার জানান, ঈদ মৌসুমে লঞ্চের ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ যাত্রী বহন করা হয়। কিন্তু লঞ্চে জীবন রক্ষাকারী সরঞ্জাম অপ্রতুল। কিছু থাকলেও সেগুলো নষ্ট। যাত্রীদের জীবনের নিরাপত্তার দিক লক্ষ রেখে এগুলো বেশি করে রাখা উচিত।গলাচিপাগামী যাত্রী ফরিদ শেখ বলেন, ‘আমরা প্রায় সময়ই লঞ্চে যাই। লঞ্চমালিকেরা হেইয়া (জীবন রক্ষাকারী সরঞ্জাম) রাহে না। লঞ্চ ডুইব্বা গেলে ওগুলা লইয়্যা কাড়াকাড়ি করলে এমনিতেই মারা যামু। এ জন্যই লঞ্চে এগুলা বেশি রাহা প্রয়োজন।’নৌ কর্মকর্তারা যা বলেন: লঞ্চে অপ্রতুল জীবন রক্ষাকারী সরঞ্জাম প্রসঙ্গে সদরঘাটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিএ) নৌযান পরিদর্শক মো. সোলায়মান জানান, লঞ্চগুলোর যাত্রী ধারণক্ষমতা অনুযায়ী জীবন রক্ষাকারী সরঞ্জামের সংখ্যা নির্ধারণ করে প্রতিটি লঞ্চে টানিয়ে দেওয়া হয়। বন্দর ত্যাগ করার আগে লঞ্চ ছাড়ার ঘোষণাপত্র পেয়ে সেগুলো যাচাই-বাছাই করে লঞ্চ ছাড়ার অনুমতি দেওয়া হয়।সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান জাহাজ জরিপকারক মির্জা সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, লঞ্চের সবকিছু যাচাই-বাছাই করে ফিটনেস ও সার্ভে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয়। লঞ্চে কোনো জিনিস ত্রুটিপূর্ণ বা নষ্ট হলে সনদ দেওয়া হয় না।