লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী ছিল না
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, মেঘনা নদীতে দুর্ঘটনাকবলিত লঞ্চটিতে অতিরিক্ত যাত্রী ছিল না। আজ বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অবৈধ বালু উত্তোলন, নদীভাঙন ও নৌপথে চাঁদাবাজি বিষয়ে এক আন্তমন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।শাজাহান খান বলেন, গতকাল বুধবার রাত পর্যন্ত ১১৭ জনের লাশ পাওয়া গেছে। আর ৫০-৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। লঞ্চটিতে রাতে ধারণক্ষমতা ছিল ২২৫ জন। হিসাব-নিকাশে এখানে অতিরিক্ত যাত্রী পাইনি। তদন্ত কমিটি কাজ করছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পাওয়ার পর গৃহীত পদক্ষেপসহ তা সাংবাদিকদের জানানো হবে। সভায় নৌপরিবহনমন্ত্রী বলেন, পর্যালোচনায় দেখা গেছে, দেশের বিভিন্ন জায়গায় বালু উত্তোলনে কিছু নিয়ম ভঙ্গ হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে নদীর ভাঙন হচ্ছে। এ জন্য স্থানীয়ভাবে বালু উত্তোলনের ড্রেজার বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ প্রমুখ।