লঞ্চডুবি : ২৭ লাশ উদ্ধার, নিখোঁজ ১৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল বুধবার রাতে ডুবে যাওয়া লঞ্চটি থেকে এখন পর্যন্ত ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা থেকে আসা ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো নদীতে তল্লাশি চালাচ্ছে।সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হেলাল উদ্দিন জানিয়েছেন, ঢাকা থেকে দমকল বাহিনীর সেকশন অফিসার আবদুর শহীদের নেতৃত্বে একদল ডুবুরি বেলা পৌনে একটার দিকে উদ্ধারকাজ শুরু করেছে। তিনি জানান, আজ বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ উদ্ধারকাজ শেষ হতে পারে। ঢাকা থেকে ছেড়ে আসা রুস্তম রাত নয়টার দিকে সরাইলে পৌঁছাবে বলে তিনি জানান।আবদুর শহীদ জানান, ডোবার আগে লঞ্চটির নিচতলার দরজা-জানালাগুলো খুব শক্তভাবে লাগানো ছিল। ফলে লঞ্চটির ভেতরে ডুবুরিদের ঢোকা কঠিন হয়ে গেছে। তিনি জানান, ডুবুরিদের দিয়ে লঞ্চটি উদ্ধার করা সম্ভব নয়।লঞ্চ থেকে সাঁতরে তীরে উঠে আসা যাত্রীরা জানিয়েছেন, উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুরে মেঘনা নদীতে গতকাল রাত একটার দিকে বিপাশা নামে দোতলা লঞ্চটি ডুবে যায়। এখন পর্যন্ত দুই শিশুসহ ২৭টি লাশ উদ্ধার করা হয়েছে। আরও প্রায় দেড় শ যাত্রী নিখোঁজ রয়েছে।উদ্ধার হওয়া কয়েকজনের পরিচয় হলো নরসিংদীর রায়পুরা থানার মনির হোসেনের ছেলে হাতেম তাই (৮), শ্যামা বেগম (৩২) নামের একজন ও অজ্ঞাত এক নারী (৩৫) এবং অজ্ঞাত এক শিশু (৩)। বাকিদের পরিচয় জানা যায়নি।যাত্রীরা জানিয়েছে, লঞ্চটি ভৈরব থেকে তিন শতাধিক যাত্রী নিয়ে কিশোরগঞ্জের আজমেরীগঞ্জ হয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে যাচ্ছিল। লঞ্চটিতে প্রচুর মালামাল ছিল।ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার (এসপি), সরাইলের ইউএনও হেলাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনিরুজ্জামান এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান এখন ঘটনাস্থলে রয়েছেন।ওসি জহিরুল ইসলাম খান জানান, ভৈরব এলাকার মটবি গ্রামের পাশে মেঘনা নদীতে ডুবে থাকা একটি ট্রলারের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। এরপর লঞ্চটি প্রায় পৌনে এক কিলোমিটার অতিক্রম করার পর সরাইলের রাজাপুর গ্রামের কাছে ডুবে যায়।আনোয়ার হোসেন (৩৫) নামের একজন যাত্রী জানান, লঞ্চটির দোতলায় যারা ছিল, তারা প্রায় সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে। তবে নিচতলার যাত্রীরা এখনো লঞ্চের মধ্যে আটকে আছে। হাতেম তাইয়ের বাবা মনির হোসেন বলেন, ‘আমি ছেলেকে নিয়ে নদীতে আধঘণ্টা সাঁতরেছি। অন্ধকারের কারণে আমি কোনো দিক খুঁজে পাইনি। তখন আমার ছেলেটি আহাজারি করে বলছিল, বাবা আমি মনে হয় বাঁচব না। এ কথা বলার পরপরই আমার শিশুসন্তানটি হারিয়ে যায়।’ এ কথা বলে তিনি হাউহাউ করে কেঁদে ওঠেন।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লঞ্চটি পুরোপুরি ডুবে গেছে। তীর থেকে লঞ্চের শুধু একটি মাস্তুল দেখা যাচ্ছে। এখন নদীর পানি বেড়ে যেতে থাকায় মাস্তুলটিও ক্রমে ডুবে যাচ্ছে।