লঞ্চের ছাদে না ওঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ভিড়ের লঞ্চে না উঠতে এবং লঞ্চের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি লঞ্চযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য লঞ্চমালিকদের প্রতিও আহ্বান জানান।আজ শুক্রবার সকালে ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন এবং ঈদ-ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে নৌপরিবহনমন্ত্রী এ আহ্বান জানান।এ সময় মন্ত্রী সদরঘাটে ঈদ উপলক্ষে নৌপথে চলাচলরত যাত্রীদের সচেতনতা বৃদ্ধি ও চলাচলের সুবিধার জন্য নতুন ‘যাত্রীসেবা কার্যক্রম’ উদ্বোধন করেন। নতুন যাত্রীসেবা কার্যক্রমে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড ও বিআইডব্লিউটিএর ক্যাডেটরা দায়িত্ব পালন করবেন। তাঁরা ভিক্টোরিয়া পার্ক থেকে শুরু করে টার্মিনাল পর্যন্ত পাঁচটি পয়েন্টে যাত্রীদের সহায়তা করবেন এবং লঞ্চের ছাদে না উঠতে যাত্রীদের উদ্বুদ্ধ করবেন।যাত্রীসেবার নতুন এই কার্যক্রম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ক্যাডেটরা যাত্রীদের লঞ্চে ওঠার জন্য নির্দিষ্ট গেট ও গ্যাংওয়ের দিকনির্দেশনা দেবেন। পাঁচটি পয়েন্টে ১২ জন করে মোট ৬০ জন ক্যাডেট যাত্রীদের সেবা দেবেন। পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল মান্নান হাওলাদার, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা খন্দকার, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মজিবর রহমান ও লঞ্চ মালিক সমিতির সভাপতি এসপি মাহবুবউদ্দিন বীর বিক্রম উপস্থিত ছিলেন।