লঞ্চের টিকিট বিক্রি শুরু ১৫ অক্টোবর
ঈদুল আজহা উপলক্ষে ১৫ অক্টোবর থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি হবে। এবার টিকিটের দাম বাড়ানো হবে না বলে আশ্বস্ত করেছেন লঞ্চমালিকেরা। আজ বৃহস্পতিবার নৌ মন্ত্রণালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাতায়াত নির্বিঘ্ন করার বিষয়ে এক সভা শেষে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রী বলেন, ঈদের সময় লঞ্চের ধারণক্ষমতার বাইরে কোনো অতিরিক্ত যাত্রী বহন না করতে লঞ্চমালিকদের কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে তদারক করবে। টিকিট কালোবাজারি ঠেকাতেও লঞ্চমালিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঈদের তিন দিন আগে ও পরে অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ফেরি পারাপার না করতে ট্রাকমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন নৌমন্ত্রী। শাজাহান খান জানিয়েছেন, গাবতলী এলাকায় রাস্তার পাশে কোনো পশু বেচাকেনা করা যাবে না। গত বছরের মতো এবারও পর্যায়ক্রমে পোশাকশ্রমিকদের ঈদের ছুটি দিতে অনুরোধ জানিয়েছেন নৌমন্ত্রী।