লটারির মাধ্যমে নির্বাচন হয় না
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, লটারির মাধ্যমে একটি দেশের নির্বাচন হয় না। দুটি উপায়ে নির্বাচন হতে পারে—একটি সাংবিধানিক ভিত্তিতে, আরেকটি রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমে। এ ছাড়া নির্বাচনকালীন সরকার গঠনে বিরোধী দলও অন্তর্বর্তী সরকারের অংশ হতে পারে বলে জানান তিনি। গত শুক্রবার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান আগামী সংসদ নির্বাচনকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, তা লটারির মাধ্যমে নির্বাচনের পরামর্শ দেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এ সদস্য এসব কথা বলেন।আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সংসদীয় গণতন্ত্র: বিরোধী দলের অপরাজনীতি, আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন সুরঞ্জিত সেনগুপ্ত। বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।সুশীল সমাজের সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আজকে তাঁদের অনেকেই বিভিন্ন প্রেসক্রিপশন দিচ্ছেন। তাঁদের (সুশীল সমাজ) উদ্দেশে বলি, আপনারা বিরোধী দলকে সংসদে আসার পরামর্শ দিন। সংসদে বসেই এ বিষয়ে সমঝোতায় আসা যাবে। তাঁরা (বিরোধী দল) এখনো অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেননি। তাঁরা নানা কথা বলে সংসদীয় গণতন্ত্রকে জিম্মি করে জনগণকে বিভ্রান্ত করছেন।’সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে কি না, তা নিয়ে এখন নানা বিতর্ক চলছে। প্রধানমন্ত্রী একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বদলীয় সরকারের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘আসুন, সংসদে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে আমরা আলোচনা করি। সংসদ নির্বাচন সর্বদলীয় সরকারের অধীনে হতে পারে। ছোট কেবিনেট করেও নির্বাচন হতে পারে।’সংগঠনের মহাসচিব হুমায়ুন কবিরের পরিচালনায় ও সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ বক্তব্য দেন।