লতার বাসায় রুনা ও আলমগীর
মুম্বাইয়ে লতা মঙ্গেশকরের সঙ্গে সাক্ষাৎ করলেন রুনা লায়লা ও আলমগীর। গত সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় পেডার রোডে লতা মঙ্গেশকরের বাসা প্রভুকুঞ্জে যান তাঁরা। লতা মঙ্গেশকরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুনা। আর লতা তাঁকে শাড়ি উপহার দেন। তাঁদের এই সাক্ষাতের আয়োজন করেন লতার ভাই হূদয়নাথ মঙ্গেশকরের ছেলে বৈজনাথ মঙ্গেশকর।রানী মুখার্জির আমন্ত্রণে ‘মুখার্জিবাড়ির পূজা’য় অংশ নিতে ১ অক্টোবর মুম্বাইয়ে যান রুনা লায়লা ও আলমগীর। গতকাল মঙ্গলবার দুপুরে মুঠোফোনে কথা হয় রুনার সঙ্গে। তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যাটা আমাদের চমৎ কার কেটেছে। লতা মঙ্গেশকরের সঙ্গে পুরো দুই ঘণ্টা ছিলাম। নানা বিষয়ে আমাদের কথা হয়েছে। শুভেচ্ছা বিনিময়ের সময় লতাজির ভাইয়ের পরিবারের সব সদস্য আসেন। আমি অবাক হয়েছি, দেখি, আমার প্রায় সব গানই তাঁদের জানা। জানালেন, তাঁরা নাকি আমার গানের ভক্ত। লতাজিও হেসে আমাকে বললেন, “আমিও তো আপনার গানের ভক্ত।” লতাজি নিজে এমন মন্তব্য করবেন, ভাবতেই পারিনি।’রুনা আরও বলেন, ‘লতাজিকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তিনি হ্যাঁ কিংবা না—কিছুই বলেননি। শুধু হেসেছেন।’গত রোববার মুখার্জিবাড়ির পূজায় গিয়েছিলেন রুনা লায়লা ও আলমগীর। ওই সময় শুটিংয়ের কারণে মুম্বাইয়ের বাইরে ছিলেন রানী। তাই তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে সেখানে ছিলেন রানীর বাবা-মা, ভাই, চাচাসহ পরিবারের অনেকে। আরও ছিলেন বাপ্পী লাহিড়ী ও তাঁর পরিবার। রুনা জানান, মুখার্জিবাড়ি ও লাহিড়ীবাড়ি যৌথভাবে এই পূজার আয়োজন করেছে। রোববার সেখানে গান করেছেন রুনা। গতকাল সন্ধ্যায় গান করেছেন সংগীতশিল্পী অভিজিতের বাড়ির পূজায়। রুনার সঙ্গে আরও গান পরিবেশন করেছেন অলকা ইয়াগনিক ও শান। রুনা বলেন, ‘অভিজিতের বাড়ির পূজা বড় আকারে আয়োজন করা হয়। আর এই পূজার দিকেই থাকে সবার আগ্রহ।’