লতার হাতে সম্মাননা নেবেন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতা মুঙ্গেশকরের বাবা প্রয়াত পণ্ডিত দীননাথ মুঙ্গেশকরের প্রয়াণ দিবসে তাঁর স্মরণে সম্মাননা প্রদান করা হবে ২৪ এপ্রিল। ওই দিন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিতের হাতে সম্মাননা তুলে দেবেন ‘নাইটিংগেল’খ্যাত প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী লতা মুঙ্গেশকর। শিল্প ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই এ সম্মাননা পাচ্ছেন মাধুরী। মাধুরী সম্পর্কে লতা বলেছেন, ‘চমত্কার একজন অভিনেত্রী মাধুরী। আমাদের চলচ্চিত্রে তাঁর মতো সুন্দর এবং সাবলীল নৃত্যে পারদর্শী শিল্পী খুব কমই আছেন। “হাম আপকে হ্যায় কৌন” এবং “দেবদাস” ছবিতে মাধুরীর অভিনয় প্রতিভা আমাকে মুগ্ধ করেছে। দেখা হলেই মারাঠি ভাষায় আলাপ জুড়ে দিই আমরা।’ অন্যদিকে, বরাবরই লতার একনিষ্ঠ ভক্ত হিসেবে নিজেকে দাবি করে এসেছেন মাধুরী। হাম আপকে হ্যায় কৌন ছবিতে তাঁর জন্য ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গেয়েছিলেন লতা। গানটিতে লিপসিং করা বা ঠোঁট মেলানোর বিষয়টিকে নিজের অভিনয় জীবনের অন্যতম সেরা প্রাপ্তি বলেই মত দিয়েছেন ৪৪ বছর বয়সী এ তারকা।কাকতালীয়ভাবে ২৪ এপ্রিল দুটি অনুষ্ঠানে অংশ নিতে হবে লতাকে। এ প্রসঙ্গে বর্ষীয়ান এই শিল্পীর উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘বাবার স্মরণে প্রতিবছরই অনুষ্ঠান আয়োজন করা হয়। এখন পর্যন্ত সব অনুষ্ঠানেই উপস্থিত থেকেছি, এবারও থাকব। আরেকটি অনুষ্ঠানে শচীন টেন্ডুলকারের জন্য গাইব আমি। শচীন আমার ছেলের মতো, সে আমাকে মা বলেই ডাকে। শচীনের অনুষ্ঠানে না গিয়ে কী আমি থাকতে পারি!’