লতিফ জব্বারুর পুরোনো শার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতিফ জব্বারু ফুটপাতে পুরোনো কাপড় বিক্রি করেন। ঢাকা কলেজের উল্টো পাশে মিরপুর সড়কের ফুটপাতে ২০ বছর ধরে এই ব্যবসা করছেন। লতিফ জব্বারু জানান, চট্টগ্রাম থেকে পুরোনো কাপড় কিনে আনলে দাম কম পড়ে। ঢাকার চকবাজার, ইসলামপুর ও মিরপুর থেকেও কেনা যায়। এক-দুই মাস পরপর তিনি চট্টগ্রাম যান কাপড় আনতে। কাপড়ের লট কিনে আনেন। লট থেকে বাছাই করা শার্ট নিয়ে ফুটপাতে বসেন। প্রতিটি শার্ট কেনা পড়ে ৭০ টাকার মতো। বিক্রি করেন ৯০-১০০ টাকায়। শার্টগুলো সিনথেটিক জাতীয়, শীতের দেশের কাপড়। এগুলো মেয়েদের শার্ট, বাঁ দিকে বোতাম।লতিফ জব্বারুর ব্যবসা ভালো যাচ্ছে না। তিনি বলেন, ‘নিউমার্কেট, গাউসিয়ার আশপাশে বসতে পারলে ভালো রোজগার হতো। আমার এখানে বেচাবিক্রি কমে গেছে। এমন দিনও যায়, দুপুরের খাওয়ার টাকা জোগাড় হয় না। অথচ পুলিশের বখরা, মাস্তানের চাঁদা দিতে হয় ঠিকই। এই রোদে সারা দিন বইসা থাকি।’স্বল্প আয়ের অনেক মানুষ আছেন, যাঁরা ফ্যাশন-সচেতন, তাঁদের কেউ কেউ লতিফ জব্বারুর খদ্দের। তিনি জানান, ফ্যাশন-সচেতনরা ১০-১২টি করে শার্ট কেনেন। কিছু অভিনেতা আছেন, তাঁরা ২০-২৫টি করে শার্ট কিনে নিয়ে দর্জি দিয়ে সেগুলো মাপমতো কেটে নেন। আবার রিকশাচালকেরাও লতিফ জব্বারুর কাছ থেকে শার্ট কেনেন। ৬০টির মতো শার্ট বিক্রি করলে ৩০০-৪০০ টাকা লাভ থাকে। তবে প্রতিদিন সমান লাভ হয় না। লতিফ জব্বারু বলেন, ‘অনেক সময় বাসায় যাওয়ার ভাড়াটাও হয় না। বর্ষার সময় ছাতার নিচে বসে কাটাতে হয়। তখন পুঁজির টাকা খেতে হয়। আমার পুঁজি ২৫ হাজার টাকা, প্রায়ই ভেঙে খাই। এ জন্য সুদের ওপর টাকা ধার করি।’লতিফ জব্বারুর বয়স ৫০ বছর। তাঁর বাবা পাকিস্তানি ছিলেন। তাঁরা বেলুচিস্তানের লোক। লতিফের জন্ম কুমিল্লার নোনাবাদ কলোনিতে। তিনি বলেন, ‘আমি বাংলাদেশি। থাকি মিরপুরের ১০ নম্বর সেকশনে। আমার দুই ছেলে, তিন মেয়ে। বড় ছেলে বাসের চালক। ছোট ছেলে রানা আমার মতোই পুরোনো কাপড় বিক্রি করে ফার্মগেটে। সে আবার সিনেমায় ছোটখাটো অভিনয়ও করে। তার এই বাতিকে আমার সর্বনাশ হইছে। দোকানদারিতে তার মন নাই। মাসে ২০ দিন হকারি বন্ধ রাখে। কী যে অভিনয় করে, হেটা তো আমি সিনেমায় যাইয়া দেখি না। প্রায়ই পুঁজি খাইয়া বইসা থাকে, বাসায় আসে না। তার বাচ্চারা না খাইয়া থাকে। তার বউ আছে, দুইটা মেয়ে আছে। আমার বউ মারা গেছে ১১ বছর আগে। রানা বউ-পোলাপান নিয়ে আগে আলাদা থাকত। আমি একা রান্নাবান্না করে খাইতাম। এখন নাতনি দুইটা ও রানার বউরে আমার বাসায় নিয়া আইছি। নাতনিরা একটা টেলিভিশন কিন্না দেওনের লাইগা মাথা খারাপ কইরা ফালাইতেছে। একটা টেলিভিশন কিনার টাকা আমারে কে দিব!’