লতিফ নেজামীকে ধরে ছেড়ে দিল ডিবি
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফকে আটক করেও ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করেননি।ঐক্যজোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী এবং সহকারী মহাসচিব এহতেশাম সারোয়ারকে ধরে নিয়ে যান সাদা পোশাকের পুলিশ সদস্যরা।রাতে আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, ডিবি সদস্যরা তাঁকে ধরে ডিবি কার্যালয়ে নিয়ে আড়াই ঘণ্টার মতো রেখে তাঁর পছন্দমতো জায়গায় নামিয়ে দিয়েছেন। তাঁর সঙ্গে কোনো ধরনের খারাপ আচরণ করা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে বিক্ষোভ ও তাণ্ডবের ঘটনায় বিভিন্ন থানায় দায়ের হওয়া অন্তত চারটি মামলার আসামি আবদুল লতিফ। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান বলেন, তাঁকে গ্রেপ্তার করা হয়নি।