লতিফের ফিক্সিং-ভয়
১৬ বছর আগে ম্যাচ পাতানোর বিরুদ্ধে একবার সোচ্চার হয়েছিলেন রশিদ লতিফ। সেই থেকে ম্যাচ পাতানো নিয়ে উদ্বেগ আর আলোচনা শুরু, তা আর থামেনি। এবার ম্যাচ পাতানো নিয়ে আরেকটি উদ্বেগের কথা বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। এই বিশ্বকাপের ফরম্যাট খেলোয়াড়দের স্পট-ফিক্সিংয়ে উৎসাহিত করবে বলে ধারণা লতিফের। সূচি নিয়ে আলোচনা বিশ্বকাপ শুরুর আগে থেকেই। কোন দল ফেবারিট, এই বিশ্বকাপটা কার হবে—চায়ের কাপে এ নিয়ে ঝড় যেমন আছে, বিশ্বকাপের প্রায় শুরু থেকে আলোচনায় আছে এবারের সূচি। বিশ্বকাপটা একটু বেশিই লম্বা হয়ে গেছে—অনেকেই বলেছেন এ রকম কথা। কথা হচ্ছে, ফরম্যাট নিয়েও। এসব আলোচনায় এবার আলোচক হিসেবে নাম লেখালেন লতিফ। আর তিনিই সন্দেহপ্রবণ মন থেকে তুলেছেন গুরুত্বপূর্ণ বিষয়টি।দুই গ্রুপে ভাগ হয়ে এই বিশ্বকাপে খেলছে ১৪টি দল। দুই গ্রুপ থেকে ৪টি করে এর মধ্যে ৮টি দল যাবে কোয়ার্টার ফাইনালে। দুই গ্রুপেই যেহেতু দুর্বল দলগুলোকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, তাই শেষ আটে টেস্ট খেলুড়ে সেরা আটটি দলই উঠবে বলে সবার অনুমান। ফরম্যাটের সবচেয়ে বাজে দিক লতিফ মনে করেন, ‘এত বড় একটা ইভেন্টে কীভাবে তারা এমন ফরম্যাট করল? এটা নিশ্চিত যে আসল প্রতিযোগিতা শুরু হবে কোয়ার্টার ফাইনাল থেকে। এ কারণে গ্রুপ পর্বে দুর্নীতিপরায়ণ খেলোয়াড়দের স্পট-ফিক্সিং করার জন্য উৎসাহিত করবে বাজিকরেরা।’বিশ্বকাপ যতটুকু এগিয়েছে তাতে মনে হয়, কোয়ার্টার ফাইনালের আট দল নিয়ে পাকিস্তানের সাবেক উইকেটকিপারের অনুমানই ঠিক হবে। তাহলে এমন ফরম্যাট করে লাভ কী হলো—লতিফ তুলেছেন এই প্রশ্ন। বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন লতিফ, ‘ফরম্যাট এ রকম হয়েছে যে যদি বড় দলগুলো দু-একটি ম্যাচ হেরেও যায়, তাহলেও তারা শেষ আটে যাবে। উদাহরণ হিসেবে ‘এ’ গ্রুপের কথাই ধরুন। আইসিসি কীভাবে ভাবল কেনিয়া বা কানাডার মতো দল কোনো অঘটন ঘটাবে! এটাও তো ঠিক পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের চেয়ে জিম্বাবুয়ে অনেক দুর্বল দল।’দু-একটা ম্যাচ হেরেও যদি কোনো দল শেষ আটে যেতে পারে, তখন তো সেই দলগুলোর দুর্নীতিপরায়ণ খেলোয়াড়েরা সুযোগ নিতে চেষ্টা করবেই—লতিফের ব্যাখ্যা তাই বলে, ‘আমার শঙ্কা লাগছে, এই সূচি আর ফরম্যাট খেলোয়াড়দের স্পট-ফিক্সিংয়ে উৎসাহ দেবে। আর তা কারও পক্ষে ধরা সম্ভবও হবে না।’এই ভয় কাটাতেই বিশ্বকাপ আট দলের হওয়া উচিত বলে মনে করেন লতিফ। বিশ্বকাপের আগে যে আটটি দল র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকবে, তারাই বিশ্বকাপ খেলবে, আর বিশ্বকাপ হবে সিঙ্গেল লিগেব—বলছেন লতিফ। তাঁর কথা, ‘এই ফরম্যাটের (আট দলের বিশ্বকাপ) দুটি ইতিবাচক দিক আছে। প্রতিদ্বন্দ্বিতা বাড়বে এতে। চার বছর পর পর র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে দলগুলো সারা বছরই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা হলে কোনো দলই কোনো ম্যাচ হালকাভাবে নিতে পারবে না।’ ওয়েবসাইট।