লন্ডন অলিম্পিকে পুতিনের আসতে মানা!
আর কয়েক মাস পরই লন্ডনে বসছে ক্রীড়া-বিশ্বের সবচেয়ে বড় আসর অলিম্পিক। এই ক্রীড়া মহাযজ্ঞে নানা দেশের প্রতিযোগীদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরাও। আগামী ২৭ জুলাই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ লন্ডন অলিম্পিকের উদ্বোধন ঘোষণার কথা রয়েছে।তবে সবকিছু ঠিক থাকলেও লন্ডন অলিম্পিকে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের উপস্থিতি নিয়ে কথা তুলেছেন লেবার পার্টির সাংসদ ও ইউরোপ-বিষয়ক সাবেক মন্ত্রী ডেনিস ম্যাকসেন। কারণ, হিসেবে তিনি উল্লেখ করেছেন, ২০০৬ সালে রাশিয়ার কারাগারে ব্রিটিশ নাগরিক আলেকজেন্ডারের বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডে পুতিনের সম্পৃক্ততা। এ ছাড়া ১৯৮০ সালে অলিম্পিক আয়োজক দেশ হিসেবে রাশিয়া তত্কালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থেচারকে প্রত্যাখ্যান করে। তিনি রাশিয়ার চলমান মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পুতিনকে অলিম্পিকে দেখতে চান না বলে মন্তব্য করেছেন।ডেনিস ম্যাকসেন বলেন, ‘আমরা রাশিয়ার আমলাদের এখানে দেখতে অস্বীকৃতি জানাচ্ছি। কারণ, তাঁরা লন্ডনে পুরো স্বাধীনতা উপভোগ করতে আসেন আবার নিজ দেশে ফিরে সাধারণ মানুষের ন্যূনতম অধিকার রক্ষার তোয়াক্কাও করেন না। পুতিন এই দলের প্রধান হোতা।’ লন্ডনে পুতিনের উপস্থিতি নিয়ে তিনি আজ পার্লামেন্টে জোট সরকারের পরিষ্কার অবস্থান জানতে চাইবেন।তবে ডেনিস ম্যাকসেনের এই চাওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার প্রধানমন্ত্রীর লন্ডন অলিম্পিকে উপস্থিতি বিতর্ক যে দিকেই মোড় নিক না কেন, শীতকালীন অলিম্পিক ২০১৪ এবং মস্কো ফুফা ফুটবল বিশ্বকাপের গর্বিত আয়োজক রাশিয়া। আর তাই শীতকালীন অলিম্পিকের জন্য ব্রিটেনের রানির কাছ থেকে ইতিমধ্যে তাঁর কেনজিংটন প্যালেস গ্রাউন্ড ভাড়া করেছে রাশিয়া; যেখানে আয়োজিত হবে রাশিয়ান সাংস্কৃতিক উত্সব।